ব্যাংকের বড় কর্তাদের জবাবদিহির বিষয়টি বাংলাদেশে উপেক্ষিত। দুর্নীতিতে বাধা দেওয়ায় জেল খাটার নজির বাংলাদেশে আছে, কিন্তু দুর্নীতির কারণে কাউকে জেল খাটানোর নজির নেই। জেনারেল এরশাদের সামরিক শাসনামলে তথাকথিত বিকল্প কর্মসূচিতে ঋণদানসংক্রান্ত দুর্নীতিতে বাধা দিতে গিয়ে বিশিষ্ট ব্যাংকার লুৎফর রহমান সরকারকে জেল খাটতে হয়েছিল। ব্যাংক লুটেরা ও দুর্নীতিবাজদের পুরস্কৃত ও দায়মুক্তির ঘটনা এখনো ঘটছে।
একটি দেশের সত্যিকারের সুশাসনের সূচক হলো অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠায় সাফল্য।কিন্তু সাম্প্রতিককালের কয়েকটি চাঞ্চল্যকর কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট বড় কর্তাদের প্রতি সরকারের প্রশ্রয়মূলক মনোভাব আমাদের হতাশ করেছে। এই প্রেক্ষাপটে ভারতে সিবিআই কর্তৃক ২৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানকে গ্রেপ্তারের প্রতি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই।ভারতের ইতিহাসে এত বড় মাপের কোনো কর্মকর্তা এই প্রথম আটক হলেন। লক্ষণীয় হলো, এ বিষয়ে দেশটির রাজনৈতিক নেতাদের তরফে বক্তব্য আসেনি। আইন তার নিজের পথে এগিয়েছে।
৫০ লাখ রুপির ঘটনায় কত সহজেই একজন এমডি গ্রেপ্তার হলেন। আর হল-মার্কের তিন হাজার ৬০০ কোটি টাকার বেশি টাকা নয়ছয়ের পর খোদ অর্থমন্ত্রী একে প্রকাশ্যে লঘু করে দেখালেন। সোনালী ব্যাংকের তৎকালীন এমডির বিরুদ্ধে মামলা হলেও ধরাছোঁয়ার বাইরেই থেকে গেলেন। বিসমিল্লাহ গ্রুপের ঘটনায় পাঁচটি ব্যাংকের এক হাজার ১০০ কোটি টাকার ঋণ জালিয়াতির দায়ে রুই-কাতলাদের কেউ অভিযুক্ত হলেন না। ভুয়া কোম্পানির নামে বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য–প্রমাণ খোদ বাংলাদেশ ব্যাংকই পেয়েছে। কিন্তু এতে চুনোপুঁটিরই চাকরি গেছে। চট্টগ্রামের এলটিআর দুর্নীতিতে কেন্দ্রীয় ব্যাংক নিজেই ১০-১৫ জন ব্যবসায়ীর দ্বারা ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকা নয়ছয় করা চিহ্নিত করল, অথচ তখনো আমরা দেখলাম অভিযুক্ত ব্যবসায়ীরাও ধরাছোঁয়ার বাইরে থাকলেন। আমরা আশা করব, বর্তমান সরকার এ ক্ষেত্রে অন্তত একটি আশু দৃষ্টান্ত স্থাপনের চ্যালেঞ্জ গ্রহণ করবে। ভারত পারলে আমরা পারব না কেন?