অভিবাসী সংকট নিয়ে ব্যাংকক সম্মেলনে কী অর্জন হয়েছে, সেটি হয়তো এখনো পরিষ্কার নয়। তবে সাগরে ভাসমান অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলো ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনের মধ্য দিয়ে গুরুতর এই সমস্যাটি বিশ্বসম্প্রদায়ের মনোযোগ কেড়েছে। এই সম্মেলন সূচনা মাত্র; সমাধান পেতে হলে গুরুতর সমস্যাটির প্রতি আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী ভূমিকা নিতে হবে।
সম্প্রতি থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপকূলে রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের নৌকার ঢল যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে, তার মূল কারণ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে মতভেদ পরিষ্কার। মিয়ানমার কর্তৃপক্ষ কোনোভাবেই স্বীকার করেনি যে এই সমস্যার সঙ্গে সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সরকারের দমন-নিপীড়নের সম্পর্ক রয়েছে। তাদের কাছে এটা শুধুই অভিবাসনের সমস্যা।
তবে মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি মানব পাচারকারীদের একটি শক্তিশালী ও আন্তর্জাতিক চক্র যে এই সমস্যার জন্য দায়ী, সেটা প্রমাণিত। এসব চক্রের ফাঁদে পড়ে বাংলাদেশ থেকেও লোকজন জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছে। সম্মেলনে বাংলাদেশ ও মিয়ানমার এই সংকটের মূল কারণ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। এটি সম্মেলনের বড় পাওনা বলেই মনে করি। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে ভেসে থাকা ও মানবিক বিপর্যয়ের শিকার শত শত অভিবাসনপ্রত্যাশীকে সহায়তায় অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা জোরদার করতে সম্মত হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো। এর ফলে সমুদ্রে ভাসতে থাকা মানুষগুলোকে আপাতত মানবিক বিপর্যয় থেকে রক্ষা করা যাবে বলে আশা করা যায়।
তবে এই সমস্যা যত গুরুতর ও বিস্তৃত হয়েছে, তা বন্ধ করতে হলে সংশ্লিষ্ট সব দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে। রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধে মিয়ানমার সরকারের ওপর অব্যাহতভাবে আন্তর্জাতিক চাপ জারি রাখতে হবে। অন্যদিকে যে চক্র রোহিঙ্গা বা বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে প্রলোভন দেখিয়ে নৌকায় তুলছে, তাদের শিকড়ও সমূলে উপড়ে ফেলতে হবে।