ছোটবেলায় রেডিওতে শোনা একটি বিজ্ঞাপন এখনো আমার কানে বাজে। তবে সব সময় নয়, যখন ব্যাংকের শরণাপন্ন হতে হয় শুধু তখনই। মূল বিজ্ঞাপনটি ছিল পাকিস্তানি আমলে হাবিব ব্যাংকের আর পরে স্বাধীন বাংলাদেশে অগ্রণী ব্যাংক সেই বিজ্ঞাপনটি অনেক দিন চালু রেখেছিল। বিজ্ঞাপনটি এ রকম—গৃহকর্তা বলছেন, ‘অগ্রণী ব্যাংক—আমার ব্যাংক’, সঙ্গে সঙ্গে গৃহকর্ত্রী গলা মিলিয়ে বললেন, আমারও তো। অতঃপর তাঁদের ছোট সন্তান আধো আধো বোলে বলে ওঠে, ‘আমালও তো’। অথচ এখন যে ব্যাংকেই যাই মনে হয়, আহা ব্যাংকটা এত যান্ত্রিক কেন? ব্যাংকের সঙ্গে আমার সম্পর্কটা শুধু সুদের হিসাব, করের হিসাব, লেজার ফি, সার্ভিস চার্জ, কমিশন, চেকবইয়ের ফি, ডেবিট কার্ডের ফি, হিসাব বিবৃতির ফি ইত্যাদি নানা ধরনের ফি দেওয়ার। আর ঋণ নেওয়ার বিষয় হলে তো ঝামেলার শেষ নেই। এরপর প্রায়ই ঢাকার দৈনিকগুলোতে দেখা যায় পাতাভরা বিজ্ঞাপন—পাসপোর্ট সাইজের ছবি, নাম-ঠিকানা এবং পাওনা অর্থের পরিমাণ উল্লেখ করে ঋণখেলাপি গ্রাহকদের বিরুদ্ধে জারি করা নোটিশ। তবে এভাবে যাঁদের পরিচয় প্রকাশ করে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়, তাঁদের অধিকাংশই বড় ধরনের খেলাপি নন। সম্প্রতি হল-মার্কের মতো যেসব বড় বড় প্রতিষ্ঠানের ঋণ কেলেঙ্কারির কথা শোনা গেছে, তাদের কাউকে নিয়ে এ ধরনের কোনো বিজ্ঞাপন অবশ্য আমিও দেখিনি, আর অন্য কারও চোখে পড়েছে বলেও শুনিনি। আগে আরও একটি বিজ্ঞাপন খুব চোখে পড়ত, যাতে মাটির ব্যাংকে টাকা না রেখে ব্যাংকে অথবা নানা ধরনের সঞ্চয়পত্রে টাকা জমাতে উৎসাহিত করতে বলা হতো, ‘চঞ্চল টাকা অঞ্চলে (আঁচলে) বেঁধো না।’ এখন এই স্নোগানটি প্রায় অর্থহীন হয়ে পড়েছে। কেননা, ব্যাংকে টাকা রাখাটাই এখন রীতি বা সবার অভ্যাসে পরিণত হয়েছে। এখন এমন একটা পরিস্থিতির কথা কল্পনা করুন তো, যেখানে সকালে ঘুম থেকে উঠে শুনলেন যে ব্যাংকে জমা পড়া আপনার বেতনের টাকা অথবা সময়-অসময়ের প্রয়োজন মেটানোর জন্য রাখা ছোট কিংবা বড় সঞ্চয়—তা থেকে আপনি আর কোনো টাকা ওঠাতে পারছেন না। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ব্যাংকে থাকা ওই টাকার একটা বড় অংশ সরকারকে কর হিসেবে দিতে হবে। কারণ, ব্যাংকগুলোর হিসাবে বড় ধরনের ঘাপলা ধরা পড়েছে, আপনাদের টাকার কোনো হদিস মিলছে না। আর এটা ধরা পড়ে যাওয়ায় অন্য কারও কাছ থেকে ধারও পাওয়া যাচ্ছে না। ঠিক এমনটিই ঘটে গেছে ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে। ১৫ মার্চ প্রথম ঘোষণায় বলা হলো, কারও আমানতের পরিমাণ ২৫ হাজার ইউরো পর্যন্ত হলে তাঁকে কর দিতে হবে না। কিন্তু, তার ওপরের অঙ্কের জন্য প্রায় ৭ শতাংশ হারে কর দিতে হবে। আর আমানতের পরিমাণ এক লাখের ওপর হলে এই করের হার হবে প্রায় ১০ শতাংশ। এই কর আরোপের উদ্দেশ্য হলো দেশের অভ্যন্তরীণ উৎস থেকে ৫৮০ কোটি ইউরো সংগ্রহ করা। কেননা, তা না হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সিপ্রিয়ট ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় এক হাজার কোটি ইউরো ঋণ দেবে না। ব্যাংক হিসাবের ওপর কর আরোপের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠল গোটা সাইপ্রাস এবং দেশটির পার্লামেন্ট আইএমএফ ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সরকারের সম্পাদিত ওই চুক্তি প্রত্যাখ্যান করল। ফলে, পুরো দেশটিই দেউলিয়া হওয়ার উপক্রম। সরকার ব্যাংকগুলো বন্ধ রাখার ঘোষণা দিল, সে অবস্থা চলল ১২ দিন। এটিএম মেশিন থেকেও টাকা ওঠানোর ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়া হলো ৩০০ ইউরোতে। সম্ভাব্য ঋণের সন্ধানে অর্থমন্ত্রী ছুটলেন রাশিয়ায়। ইউরোপের অভিন্ন মুদ্রা ইউরোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান— ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং আইএমএফের সঙ্গেও শুরু হলো নতুন দর-কষাকষি। শেষ পর্যন্ত, সমঝোতা হলো যে এক লাখ ইউরোর ওপর জমা আছে যাঁদের হিসাবে, তাঁদের সবার প্রায় ৪০ শতাংশ অর্থ আপাতত ফেরত দেওয়া হবে না। এর বদলে তাঁরা শেয়ার পাবেন এবং ব্যাংকগুলো আবার লাভের মুখ না দেখা পর্যন্ত ওই সব শেয়ার প্রায় অর্থহীন কাগজ ছাড়া আর কিছুই নয়। এ ছাড়া বড় আকারের অর্থ স্থানান্তরের ওপর কড়াকড়ি নিয়ন্ত্রণ আরোপ করা হলো। এসব সমঝোতার জন্য সময় লাগল ১২ দিন এবং সেই ১২ দিন পরই ব্যাংকগুলোর দরজা গ্রাহকদের জন্য আবার খোলা হলো।সাইপ্রাসে সাধারণ গ্রাহকদের এই যে ক্ষতি এবং ভোগান্তির জন্য দায়ী কে? প্রথমত, ব্যাংকাররা এবং দ্বিতীয়ত, ব্যাংকগুলো তদারককারী প্রতিষ্ঠান। বিবিসি জানায় যে আইএমএফের হিসাব অনুযায়ী, ২০১১ সালে সাইপ্রাসের এসব ব্যাংকের ঋণের পরিমাণ ছিল সাইপ্রাসের মোট জাতীয় উৎপাদনের চেয়ে প্রায় নয় গুণ বেশি। এর মধ্যে একটা বড় অংশ রয়েছে চরম মন্দার মধ্যে থাকা গ্রসের নানা প্রতিষ্ঠানে, যার অর্থ হচ্ছে ওগুলো সব কুঋণে পরিণত হয়েছে। সাইপ্রাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দেশটি ইউরোপের অন্যতম করমুক্ত বিনিয়োগ কেন্দ্র। ফলে, ইউরোপ এবং ইউরোপের বাইরের অনেক দেশের কালোটাকাওয়ালাদের পছন্দের জায়গা হচ্ছে সাইপ্রাস, যেখানে কালোটাকা সাদা করাটা অনেক সহজ। ব্যাংকিং খাতের এই সংকটের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে অবসরপ্রাপ্ত তিন বিচারপতিকে নিয়ে গঠিত হয়েছে তদন্ত কমিশন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে।সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সাইপ্রাসের ব্যাংকগুলোতে বড় ধরনের আমানতের অধিকাংশই এসেছে রুশ কোটিপতিদের কাছ থেকে। ফলে, জল্পনা রয়েছে এই যে ব্যাংকিং খাতের নতুন ব্যবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন রুশ কোটিপতিরা। তবে সাইপ্রাসের সাধারণ নাগরিকদের ক্ষতিটা মোটেও উপেক্ষণীয় নয়। ব্যাংকিং খাতের এই সংকটের কারণে দেশটিকে কৃচ্ছ্রের পথে হাঁটতে হবে এবং ঋণের অভাবে কৃষি, শিল্প ও সেবা খাত মারাত্মক ক্ষতির মুখে পড়বে। অর্থনীতিবিদদের হিসাব বলছে যে দেশটিতে মন্দা বজায় থাকবে অন্তত পাঁচ বছর। লাগামছাড়া অনিয়মের কারণে সংকটে পড়লে ব্যাংকিং খাতকে রক্ষার জন্য রাষ্ট্রীয় কোষাগারের অর্থব্যয় অবশ্যম্ভাবী হয়ে পড়ে। আর তখন তার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়তে বাধ্য। পাশ্চাত্যের দেশগুলোতে চার বছর ধরে যে মন্দা এবং সংকট চলছে, তার পেছনেও কিন্তু ব্যাংকগুলোর ভূমিকাই প্রধান। যুক্তরাষ্ট্রের লেম্যান ব্রাদার্সের দেউলিয়া হওয়ার খেসারত আজও দিয়ে চলেছেন এসব দেশের নাগরিকেরা। লেম্যান ব্রাদার্সের দেউলিয়াত্বের নেতিবাচক প্রভাব যুক্তরাষ্ট্র এবং ইউরোপের রাজনীতিকদের এতটাই দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল যে তাঁরা শেষ পর্যন্ত আর কোনো ব্যাংককে দেউলিয়া হতে দেননি। টাকা ছাপিয়ে হলেও বড় বড় ব্যাংককে ধার দিয়ে তাঁরা বাঁচিয়ে রেখেছেন, যার খেসারত দিচ্ছি আমরা সবাই।অর্থশাস্ত্রে বুজুর্গ ব্যক্তি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যথার্থই বলেছেন যে ব্যাংকিং খাতে বিশ্বজুড়েই জালিয়াতি হয়, নানা দুষ্টামিও হয় (প্রথম আলো, ৩০ মার্চ)। বাংলাদেশেও সেটা হয়েছে। তবে, তিনি যে কথাগুলো বলেননি, সেটা কম গুরুত্বপূর্ণ নয়। ব্যাংকিং খাতে দুষ্টামির খেসারত যে কী রকম হতে পারে, তার একটা দৃষ্টান্ত সাইপ্রাস। আরও অনেক দৃষ্টান্তের কথা এখানে উল্লেখ করা যায়। সাধারণ গ্রাহকদের টাকায় বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের নামে ফাটকাবাজি করে যেসব ব্যাংক লাভের ফানুস তৈরি করেছিল, সে ব্যাংকগুলোকে এখন কঠিন সংস্কারের মধ্য দিয়ে যেতে হচ্ছে। বার্কলেজের মতো যারা সরকারি সাহায্য না নিয়ে কাতারের রাজপরিবার থেকে টাকা ধার করে সংকট সামাল দিয়েছিল, তাদেরও ফাটকাবাজির ব্যবসা সাধারণ ব্যাংকিং থেকে আলাদা করতে হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন আইন করে ব্যাংকারদের বোনাসের সীমা বেঁধে দিয়েছে এবং নগদে না দিয়ে বিলম্বিত শেয়ার ইস্যুর মাধ্যমে তা পরিশোধের বিধান আনছে। ব্যাংকিং খাতে হাজার হাজার কর্মী ছাঁটাই হয়েছেন। আর কিছু কিছু গুরুতর দুষ্টামি—যেমন আন্তব্যাংক লেনদেনে সুদের হার (লাইবর) কৃত্রিমভাবে বাড়ানোর মতো অপরাধের জন্য—এদের কাউকে কাউকে জরিমানা দিতে হয়েছে শতকোটি ডলার। অথচ, বাংলাদেশের চিত্রটা কী? হল-মার্কের মতো কেলেঙ্কারির পর বছর ঘুরতে চললেও এখনো তদন্তই শেষ হয়নি। কত টাকা জালিয়াতি হয়েছে, রাষ্ট্রীয় ব্যাংক অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারের ক্ষতির পরিমাণ কত, সেগুলোর হিসাব এখনো চলছে। রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি ব্যাংকের মূলধনের ঘাটতি এখন প্রায় ১৯৮১ কোটি টাকা (ডেইলি স্টার, ৩০ মার্চ)। অর্থমন্ত্রীর কথা অনুযায়ী, হল-মার্কের কাছ থেকে দায়দেনা আদায় করতে হলে তাদের আরও ঋণ দিয়ে সচল করতে হবে। অর্থাৎ, রাষ্ট্রীয় ব্যাংকের বোঝা আরও বাড়বে। এ ধরনের অপরাধীবান্ধব নীতি অনুসরণের কারণে ঘাটতি বাড়লে তো তাকে ধারের জন্য আবারও আইএমএফের মতোই কারও কাছে হাত পাততে হবে।অথচ, আইএমএফ বা অন্য কোনো বিদেশি ঋণদাতার কাছ থেকে ধার নেওয়ার মজা তো সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম এই সরকারের আমলে কতবার বাড়াতে হয়েছে, তা নিশ্চয়ই কাউকে মনে করিয়ে দিতে হয় না—আপনাআপনিই তাঁদের মনে পড়ে যায়। কামাল আহমেদ: প্রথম আলোর লন্ডন প্রতিনিধি।