ভারতে খেলাপি ঋণের পরিমাণ ৫ দশমিক ৯ শতাংশে উন্নীত হওয়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর চিন্তিত বলে গণমাধ্যমে খবর এসেছে। কিন্তু বাংলাদেশে খেলাপি ঋণের হার ৮ দশমিক ৭৯ শতাংশ হওয়ার পরও সেসব নিয়ে আমাদের নীতিনির্ধারকদের মধ্যে কোনো চাঞ্চল্য লক্ষ করা যায় না। বরং তাঁরা খেলাপি ঋণের স্ফীতিকে অর্থনীতির শক্তি ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তুলতেও দ্বিধা করছেন না।
অর্থনীতিতে ধারাবাহিক সুস্থিরতা ও সুফল পেতে হলে আর্থিক খাতে ন্যূনতম শৃঙ্খলা রক্ষা করা জরুরি। কিন্তু হল-মার্ক, বেসিক ব্যাংকসহ ব্যাংকিং খাতের দেশ কাঁপানো কেলেঙ্কারির ঘটনাগুলোও কিছু না বলেই উড়িয়ে দিয়েছেন কর্তাব্যক্তিরা। সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরির ঘটনা যখন ঘটল, তখন আর তাঁদের কিছুই করার থাকল না। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে রদবদল ব্যাংকিং খাতের সুরক্ষা নিশ্চিত করবে কি না, তা জানতে হয়তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
যেখানে ২ দশমিক ৪ শতাংশ খেলাপি ঋণ নিয়ে ইন্দোনেশিয়া, ১ দশমিক ৬ শতাংশ ঋণ নিয়ে মালয়েশিয়া, ১ দশমিক ৫ শতাংশ নিয়ে চীন হিমশিম খাচ্ছে, সেখানে আমরা ৯ শতাংশের কাছাকাছি খেলাপি ঋণ নিয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার আকাশকুসুম খোয়াব দেখে আসছি। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও সুশাসন ফিরিয়ে আনতে হলে খেলাপি ঋণের দুষ্টচক্র থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এ ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছার অভাব প্রকট। ক্ষমতাসীনেরা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে খেলাপি ঋণের হাতিয়ার ব্যবহারে যতটা উৎসাহী, খেলাপি ঋণ আদায়ে ততটাই নিরুৎসাহী। খেলাপি ঋণের কারণেই ব্যাংকের সুদের হারও কমানো সম্ভব হচ্ছে না।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের গৌরব তখন ম্লান হয়ে যায়, যখন পদ্মা সেতুর কয়েক গুণ অর্থ খেলাপি ঋণ হিসেবে পড়ে থাকে। বিরাট অঙ্কের খেলাপি ঋণ দেশের ব্যাংকিং ব্যবস্থাকেই নড়বড়ে করে তুলছে না, ব্যবসা-বাণিজ্য তথা সার্বিক অর্থনীতিতেও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যায় না।