ব্যাংকে কার্ড জালিয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) কার্ড ক্লোন করে অর্থ আত্মসাতের ঘটনাটি কেবল গ্রাহকদের জনই নয়, তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং-ব্যবস্থার জন্যও উদ্বেগজনক। বিদেশে এ ধরনের নানা জালিয়াতির ঘটনা ঘটলেও এখন দেখা যাচ্ছে বাংলাদেশেও তা ঘটতে শুরু করেছে। আরও বেশি উৎকণ্ঠার কারণ হলো, এই ঘটনায় বিদেশিদের জড়িত থাকা।
প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, তথ্য চুরি করা কার্ডগুলোর মধ্যে সিটি ব্যাংকের তিনটি কার্ড ক্লোন করে রাজধানীর উত্তরা, মিরপুরে একাধিক দফায় লেনদেন করে তিনজন গ্রাহকের হিসাব থেকে ৯০ হাজার টাকা তুলে নেওয়া হয়। ১২ ফেব্রুয়ারি ইস্টার্ন ব্যাংকের কার্ডধারী বেশ কিছু গ্রাহকের হিসাব থেকে গ্রাহকের অজান্তে টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটে। গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ অনুসন্ধানে নামলে জালিয়াতি ধরা পড়ে। প্রাথমিক তদন্তে জানা যায় যে ইস্টার্ন, সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) রাজধানীর ছয়টি বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে দুই শতাধিক কার্ড গ্রাহকের ব্যক্তিগত গোপন তথ্য চুরি করেছে অপরাধী চক্রটি।
তিন ব্যাংকে কার্ড জালিয়াতি, জড়িত একাধিক বিদেশিব্যাংকের সিসিটিভিতে ধরা পড়েছে যে এই অপরাধের সঙ্গে দেশীয় লোকদের সঙ্গে একাধিক বিদেশিও জড়িত। সরকারের প্রথম দায়িত্ব হলো সিসিটিভির সূত্র ধরে অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করা এবং এর সঙ্গে নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করা। দ্বিতীয়ত, গ্রাহকদের উদ্বেগ নিরসনে ব্যাংক কর্তৃপক্ষের উচিত প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া। ইতিমধ্যে ইস্টার্ন ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের চুরি হয়ে যাওয়া অর্থ ফেরত দেওয়ার কথা বলেছে। এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি।
কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্টদের পরবর্তী কাজ হবে ভবিষ্যতে যাতে এ ধরনের জালিয়াতি কেউ না করতে পারে, এমন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইতিমধ্যেই ব্যাংকের বিভিন্ন ধরনের কার্ডের গোপনীয় ব্যক্তিগত তথ্য সুরক্ষায় প্রতিটি এটিএম বুথে এক মাসের মধ্যে প্রতিরোধক যন্ত্র বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের জালিয়াতি রোধে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর কাজেও সর্বোচ্চ সমন্বয় নিশ্চিত করা জরুরি।