আয় বাড়ানোর জন্যই মানুষ ব্যাংকে টাকা রাখে। বিশেষ করে অবসরভোগী ব্যক্তিরা ব্যাংকে যে টাকা জমা রাখেন, তা থেকে প্রাপ্ত সুদ বা লভ্যাংশ দিয়েই জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু সাম্প্রতিক কালে ব্যাংকে আমানতের সুদের হার এতটাই নিম্নমুখী যে তা বার্ষিক মূল্যস্ফীতির সমান বা তার চেয়ে কম। এতে প্রকৃত আয় বাড়ে না, বরং কমে যায়।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকে টাকা রাখলে এখন বছরে ৫ শতাংশ হারের বেশি সুদ পাওয়া যায় না। অথচ মূল্যস্ফীতির হার সাড়ে ৫ শতাংশ। সে ক্ষেত্রে আগে ১০০ টাকায় যে পণ্য বা সেবা কেনা যেত, এখন কিনতে লাগে ১০৫ টাকা ৫০ পয়সা। অর্থাৎ প্রকৃত আয় কমেছে। বছর পাঁচেক আগেও আমানতের সুদের যে হার ছিল, এখন তার অর্ধেকে নেমে এসেছে। জাতীয় সঞ্চয়পত্রের সুদের হার কিছুটা বেশি হলেও নানা বিধিনিষেধ আছে।
ব্যাংকে রাখলে টাকা কমবে!খেলাপি ঋণের পরিমাণ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় আমানতকারী ও সাধারণ ঋণগ্রহীতা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যাংকগুলো খেলাপি বা মন্দ ঋণের দায় আমানতকারীদের ওপর চাপাচ্ছে কম সুদ দিয়ে, আর ঋণগ্রহীতাদের ওপর চাপাচ্ছে বেশি সুদ নিয়ে। সাধারণত ব্যাংকে আমানতের সুদের হার ও ঋণের সুদের হারের ব্যবধান ৩ শতাংশ হওয়ার কথা। অনেক দেশে এই ব্যবধান আরও কম। কিন্তু আমাদের দেশে ব্যবধানটি ৫ শতাংশ বা তার বেশি।
এর সহজ সমাধান আর্থিক প্রতিষ্ঠানগুলোয় যে বিশৃঙ্খলা চলছে, তা দূর করা। খেলাপি ঋণের পরিমাণ সহনীয় মাত্রায় নিয়ে আসা। সেটি সম্ভব হলে ব্যাংকগুলো ঋণ ও আমানতের সুদের হারের ব্যবধান অনায়াসেই কমিয়ে আনতে পারবে। ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ বাড়ার অর্থ হলো মানুষের কাছে টাকা আছে। কিন্তু সেই টাকা ব্যাংকে অলস বসিয়ে রেখে তো লাভ নেই।
আগে খেলাপি ঋণ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মধ্যে সীমিত ছিল। ইদানীং এই ব্যাধি বেসরকারি ব্যাংকগুলোতেও সংক্রমিত হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে খেলাপি ঋণের পরিমাণ যেমন কমিয়ে আনতে হবে, তেমনি আমানতের সুদের হারও যুক্তিসংগত পর্যায়ে নিয়ে আসতে হবে। অন্তত ব্যাংকে টাকা জমা রাখলে প্রকৃত আয় কমবে না, এই নিশ্চয়তা সরকারকে দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীদের সমস্যাটি অনুধাবন করেছে। এখন প্রয়োজন তার প্রতিকারে কার্যকর ব্যবস্থা নেওয়া।