বাংলাদেশের সর্বোচ্চ নিয়োগ পরীক্ষা হলো বিসিএস। আর বিসিএস পরীক্ষার ন্যূনতম যোগ্যতা হলো চার বছরের স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর। কিন্তু বর্তমানে কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক (কোম্পানিতে রূপান্তরিত) তাদের নিয়োগ পরীক্ষার যোগ্যতা নির্ধারণ করছে ঊর্ধ্বতন কর্মকর্তা: যেকোনো বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর (তিনটি পরীক্ষায় প্রথম বিভাগ প্রাপ্ত); কর্মকর্তা: যেকোনো বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর (দুটি পরীক্ষায় প্রথম বিভাগ প্রাপ্ত)। ফলে আমাদের মতো অনেক ছাত্রছাত্রী যারা স্নাতক (পাস) ও স্নাতকোত্তরসহ সব কটি পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাঁরা এসব পরীক্ষায় অংশ নেওয়ার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যে দেশে হাজার হাজার শিক্ষার্থী দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত হয়ে পড়ালেখা বন্ধ করতে বাধ্য হন, আর যে কয়জন শিক্ষার্থী দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে তাঁদের পড়ালেখা বন্ধ করেননি বরং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষাসহ সব পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে কৃতিত্ব অর্জন করেছেন তাঁদের বঞ্চিত করাটা অমানবিক। যেখানে বিসিএস এমনকি বাংলাদেশ ব্যাংকও এসব শিক্ষার্থীকে যোগ্যতা প্রমাণের সুযোগ দিচ্ছে, সেখানে এসব ব্যাংক কেন বৈষম্য সৃষ্টি করছে? আমার প্রশ্ন, একজন ছাত্র বাংলা, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে যদি একজন সফল ব্যাংকার হতে পারেন আমরা কেন পারব না? কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।সবুজ, ঢাকা।