গত সোমবার মন্ত্রিসভা ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০১৭-এর যে খসড়ার অনুমোদন দিয়েছে, তাতে বেসরকারি ব্যাংকে একই পরিবারের সর্বোচ্চ চারজন পরিচালক হওয়া এবং তিন মেয়াদে মোট নয় বছর দায়িত্ব পালন করার কথা বলা আছে। এর আগের আইনে একই পরিবারের দুজন পরিচালক হওয়া এবং ছয় বছর পদে থাকার কথা বলা হয়েছিল। বাংলাদেশ ব্যাংক প্রথমে সংশোধনীর বিপক্ষে অবস্থান নিলেও পরে রহস্যজনকভাবে নিশ্চুপ থেকেছে। বিশেষজ্ঞদের মতে, ব্যাংকিংসহ দেশের অধিকাংশ ব্যবসা-বাণিজ্য গুটিকয়েক পরিবারের হাতে ন্যস্ত। বেসরকারি ব্যাংকও এর ব্যতিক্রম নয়। প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে সেখানে পরিবারতন্ত্র আরও পোক্ত হবে এবং সাধারণ গ্রাহকদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
বর্তমানে দেশে ৪০টি বেসরকারি ব্যাংক আছে; যার উদ্যোক্তাদের মূলধনের পরিমাণ ১৬ হাজার কোটি টাকা এবং বর্তমান আমানতের পরিমাণ প্রায় ৬ লাখ কোটি টাকা। অর্থাৎ আমানতের তুলনায় উদ্যোক্তা-পরিচালকদের মূলধন আড়াই শতাংশের সামান্য বেশি। বেসরকারি খাতের যেসব ব্যাংক ভালোভাবে চলছে না, সেসব ব্যাংকেও কমবেশি পরিবারতন্ত্রের আঁচড় রয়েছে। ব্যবসার সঙ্গে যুক্ত নন কিংবা অন্য পেশায় যুক্ত পরিবারের এমন সদস্যকে পরিচালক করা হয় পরিচালনা পর্ষদে সংখ্যা ও প্রভাব বাড়ানোর জন্য। এটি সুস্থতার লক্ষণ নয়। এ অবস্থায় এক পরিবারে পরিচালকের সংখ্যা দ্বিগুণ করা হলে ব্যাংক ব্যবস্থাপনায় ভারসাম্য বিনষ্ট হওয়ার আশঙ্কাই বেশি।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সুশাসনের জন্য ব্যাংক কোম্পানি আইনে এসব পরিবর্তন প্রয়োজন ছিল বলে যে খোঁড়া যুক্তি দেখিয়েছেন, তা অগ্রহণযোগ্য। যাঁরা ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, তাঁদের সবার অভিজ্ঞতা বেশি এবং গ্রাহকদের বেশি চেনেন—এ তথ্য তিনি কোথায় পেলেন? স্বামী ব্যাংকার হলে স্ত্রী কিংবা বাবা ব্যাংকার হলে সন্তানও ব্যাংকার হবেন—এ রকম কোনো বিধান আছে বলে আমাদের জানা নেই। আর ব্যাংকের পরিচালকেরাই যদি ব্যাংকের সব গ্রাহককে চিনতেন, তাহলে ব্যবস্থাপনা পরিচালকসহ অন্য কর্মকর্তাদেরও প্রয়োজন থাকত না।
মন্ত্রিসভা নীতিগত সংশোধনের সিদ্ধান্ত নিলেও প্রস্তাবটি এখনো আইন হিসেবে অনুমোদন পায়নি। সে ক্ষেত্রে আমরা ব্যাংক কোম্পানি আইনের প্রস্তাবিত সংশোধনীটি প্রত্যাহারের দাবি জানাই। মনে রাখতে হবে, ব্যাংকের প্রকৃত মালিক সাধারণ গ্রাহকেরা এবং তাঁদের অর্থেই মূলত ব্যাংকগুলো চলছে। তাই পরিবারতন্ত্র নয়, সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষার প্রতিই নজর দিতে হবে।