খেলাপি ও অবলোপন করা ঋণ আদায় কম হয়েছে, এ রকম ২০ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সভায় যে তথ্যটি বেরিয়ে এসেছে, তা আসলে ‘দিনে দিনে জমা হওয়া পাপের বোঝা’র কথাই স্মরণ করিয়ে দেয়। ওই সভায় বেসরকারি খাতের একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, ‘বড় কয়েকজন গ্রাহক ঋণ নিয়ে পাচার করে মালয়েশিয়ায় সেকেন্ড হোম সুবিধায় বাড়ি কিনেছেন। এসব জানার পরও আমরা কিছুই করতে পারছি না।’
এই কিছুই করতে না পারার দায় কার? প্রথমত, ঋণদানকারী প্রতিষ্ঠান, যারা ঋণ আদায় করতে পারছে না। দ্বিতীয়ত, অর্থ পাচার রোধে নিয়োজিত সংস্থা তথা সরকার। অর্থ পাচার রোধে আমরা অনেক আইন করেছি; কিন্তু তা যে যথাযথভাবে প্রয়োগ করতে পারছি না। আগে নানা উপায়ে অর্জিত অর্থ পাচার করা হতো।
এখন বিনা শ্রমে লব্ধ ব্যাংকঋণের টাকা বিদেশে পাচার করে কথিত শিল্পোদ্যোক্তারা বিদেশে দ্বিতীয় বাড়ি বানাচ্ছেন। শিল্প বা ব্যবসা-বাণিজ্যের নাম করে এভাবে অর্থ লোপাট ও পাচার কেবল ব্যাংকিং খাত নয়, গোটা অর্থনীতিকে বিপর্যস্ত করবে।
যেখানে ২০১৫ সাল শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫১ হাজার ৩৭১ কোটি টাকা, ২০১৬ সালে তা দাঁড়িয়েছে ৬২ হাজার ১৭২ কোটি টাকা। অবলোপন করা ঋণ যুক্ত হলে এর পরিমাণ দাঁড়াবে ১ লাখ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক দুর্নীতি দমন কমিশনের সহায়তা নিতে বলেছে এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাকগুলোকে শক্ত হতে বলেছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিজেই-বা কতটা শক্ত অবস্থান নিতে পেরেছে ঋণখেলাপিদের বিরুদ্ধে? বেসিক ব্যাংকের অর্থ লোপাটের মূল হোতাই-বা কীভাবে আইনের বাইরে থেকে গেলেন? তাঁর প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছিলেন, কান টানলে মাথা আসবে। সরাসরি মাথা ধরে টান দিতে সরকারের এত ভয় কেন?
ক্ষমতায় আসার পর সরকার বিএনপির আমলে বিদেশে পাচার হওয়া কিছু অর্থ ফেরত এনেছিল। সেই উদ্যোগকে দেশবাসী স্বাগতও জানিয়েছিল। কিন্তু গত কয়েক বছরে এই সরকারের আমলে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হলো, তা উদ্ধারে কোনো উদ্যোগ নেই। এমনকি ভারত, পাকিস্তানসহ ২২টি দেশ সুইস ব্যাংকে রাখা অর্থের তথ্য জানতে চুক্তি করলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এসব কিসের আলামত?