ব্যাংকের নামে সমবায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স সমবায় সমিতির কিন্তু আচরণ ব্যাংকের মতো। সুদের হার সাধারণ ব্যাংকের চেয়ে প্রায় দ্বিগুণ। কিন্তু অতিরিক্ত সুদ দিতে গিয়ে তারা অন্য ব্যাংকের থেকে ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আমানত নিয়েছে দুই লাখেরও বেশি গ্রাহকের কাছ থেকে। ফলত, চাহিবামাত্র গ্রাহকের প্রায় এক হাজার কোটি টাকা আমানতের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি ঝুঁকিতে গিয়ে পড়েছে। তাই সমবায় কর্তৃপক্ষ ও বাংলাদেশ ব্যাংকের উচিত ইতিবাচকভাবে হস্তক্ষেপ করা।
বিপর্যয়ের আশঙ্কায় ইতিমধ্যে ঢাকা জেলা সমবায় কার্যালয় প্রতিষ্ঠানটিকে নতুন করে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও শেয়ার বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে। প্রশাসক নিয়োগের জন্য চিঠিও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ও বাংলাদেশ ব্যাংককে তদন্তের নির্দেশ দিয়েছে। এরও বছর খানেক আগে, অবৈধ ও অনুমোদিতভাবে সারা দেশে শাখা খুলে আমানত সংগ্রহ ও দাদন কার্যক্রম চালানোর দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সমবায় কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছিল। দেখা যাচ্ছে, সমস্যাটি সম্পর্কে সবাই সচেতন, কিন্তু ব্যবস্থা নিতে নিতে জল অনেক গড়িয়ে গেছে। প্রায় দুই লাখ গ্রাহকের স্বার্থে আর দেরি করা উচিত হবে না।
অনিয়ম কেবল সুদের হারেই নয়, লভ্যাংশ নির্ধারণ, ঋণদান এবং শেয়ারের লভ্যাংশের সুবিধাভোগীদের ব্যাপারেও। অতীতে ডেসটিনি, ইউনিপেটুইউয়ের মতো প্রতিষ্ঠান অনেকটা এ পদ্ধতিতেই গ্রাহক ও আমানতকারীদের বিপুল অর্থের নয়ছয় করেছিল। অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে গিয়েছিল। সিঁদুরে মেঘ দেখে তাই ঝড়ের ভয় পাওয়া মোটেই অমূলক নয়।
সাম্প্রতিক সময়ে ব্যাংকিং ও আর্থিক খাতে মহাবিপর্যয়কর নানা দুর্নীতির ঘটনা উন্মোচিত হয়েছে। নির্ভীকভাবে সাধারণ গ্রাহকদের অর্থ এমনকি সরকারি অর্থ তছরুপ করা হয়েছে। এ কারণেই সার্বিকভাবে ব্যাংকব্যবস্থার প্রশাসনিক দায়ভার নিয়ে প্রশ্ন ও আপত্তি উঠেছে। ‘দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক’ একা নয়, এ ধরনের যাবতীয় প্রতিষ্ঠানে সুশাসন ও নিয়মশৃঙ্খলা প্রতিষ্ঠায় আর দেরি নয়।