নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলাধীন নান্দিয়াপাড়া একটি জনবহুল এলাকা। এখানে একটি বিখ্যাত বাজার ও ব্যবসাকেন্দ্র রয়েছে। এই এলাকার অধিকাংশ লোকই বাংলাদেশের বাইরে চাকরিরত এবং দেশের বিভিন্ন জেলায় সরকারি চাকরি করেন। অনেকে অবসর নিয়ে এলাকায় চলে আসেন। তাঁদের পেনশন, ভাতা তিন মাইল দূরবর্তী সোনাইমুড়ী উপজেলা ব্যাংকে গিয়ে টাকা তুলতে হয়। এতে তাঁদের অনেক কষ্ট হয়। যাঁরা দেশের বাইরে চাকরি করেন, তাঁদের চেক জমা ও টাকা উত্তোলন করার জন্য এই এলাকার জনসাধারণকে জীবনের ঝুঁকি নিয়ে টাকাপয়সা লেনদেন করতে হয়। অথচ নান্দিয়াপাড়ায় একটি ব্যাংকের শাখার জন্য দেশ স্বাধীন হওয়ার পর থেকেই বারবার লেখালেখি হচ্ছে। কিন্তু এ পর্যন্ত ব্যাংক স্থাপনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।উল্লেখ্য, নান্দিয়াপাড়া বাজারের দক্ষিণ পাশে বাগপাঁচড়া গ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জন্মস্থান। এই বাজারে হাইস্কুল, কলেজ ও বাজারের ভেতরে পাকা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলা পর্যন্ত ভবন আছে। দয়া করে সরেজমিন তদন্তপূর্বক নান্দিয়াপাড়া বাজারে একটি ব্যাংকের শাখা স্থাপনের জন্য সরকারের কাছে আবেদন করছি।মো. খোরশেদ আলমসোনাইমুড়ী, নোয়াখালী।