ব্যাচেলরদের বাসাভাড়া সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যাটি হয়ে দাঁড়িয়েছে ঠগ বাছতে গাঁ উজাড় করে দেওয়ার মতো। কোনো কোনো মেসে জঙ্গি আস্তানা থাকা মানে সব মেসই জঙ্গি উপদ্রুত নয়। তরুণদের মধ্যে কয়েকজন জঙ্গিবাদী হয়ে যাওয়ার মানে এই নয় যে, সব তরুণই সন্দেহভাজন। কিন্তু মোটামুটি সেই মানসিকতা থেকেই ব্যাচেলরদের বাসা ভাড়া দিতে মালিকেরা অনিচ্ছুক থাকেন। এ বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জুতা আবিষ্কার’ কবিতার রূপকটা প্রাসঙ্গিক: পায়ে ধুলা লাগা এড়াতে সমগ্র রাস্তাটাকে চামড়া দিয়ে মুড়ে দেওয়ার চাইতে পায়ে জুতা পরাই বুদ্ধিমানের কাজ। বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে নাম-পরিচয় বিষয়ে নিশ্চিত থাকা, ভবনের পরিবেশ সুস্থ রাখাই যেখানে করণীয়, সেখানে বাসভবন ব্যাচেলরমুক্ত করার চিন্তা মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার শামিল।

আমাদের জনসংখ্যার বড় একটি অংশই তরুণ। রাজধানীর জনমিতির দিকে তাকালেও তরুণ-তরুণীর মুখই বেশি চোখে পড়বে। তাঁরা ছাত্রছাত্রী, পেশাজীবী এবং উৎপাদন ও সেবা খাতের প্রধান চালিকাশক্তি। গুটি কয়েক বিভ্রান্ত তরুণের জন্য এই জনসম্পদকে অবহেলা ও অপমানের মধ্যে রাখা ন্যায়সংগত নয়। দিনকে দিন বাড়তে থাকা ব্যাচেলর-আবাসন সমস্যার দিকে সরকার ও নগর কর্তৃপক্ষেরও নজর দেওয়া প্রয়োজন।

অভিযোগ রয়েছে, রাজধানী ও দেশজুড়ে ব্লক রেইড ও গণতল্লাশির সময় ব্যাচেলর ও তরুণদের বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হচ্ছে। মনে রাখতে হবে, বিপুলসংখ্যক তরুণের সহযোগিতা ছাড়া জঙ্গিবাদের প্রকোপ মোকাবিলা করা কঠিন। সব দিক বিবেচনায় রেখেই জঙ্গিবাদ মোকাবিলার পথ খুঁজতে হবে। আমরা ভাড়াযোগ্য বাসার মালিক ও পুলিশ কর্তৃপক্ষের সুবিবেচনা ও সহৃদয়তা আশা করি।