ব্যাটারিচালিত রিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

যত দূর জানা যায়, ১৯১৯ সালে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে প্রবেশ করে রিকশা। ১০০ বছরের মধ্যে দেশের সবচেয়ে জনপ্রিয় বাহন হয়ে ওঠে এই ত্রিচক্রযান। তবে এত বছরেও যানটির কাঠামোগত মৌলিক কোনো পরিবর্তন হয়নি। বছর দশেক আগে শুধু যানটির কিছু যান্ত্রিক সংস্করণ এসেছে। পায়ে চালিত রিকশার সঙ্গে যুক্ত হয় মোটর আর ব্যাটারি। খুব দ্রুত রাজধানী ঢাকাসহ সারা দেশেই এটি ছড়িয়ে পড়ে। আর এখন অবস্থা এমন হয়েছে, রীতিমতো অযান্ত্রিক রিকশাকেই উচ্ছেদ করতে বসেছে এই যান।

ঢাকার বাইরের অনেক জেলায় এই যানের সংখ্যা এখন এত বেড়েছে যে ময়মনসিংহের মতো শহরের ট্রাফিক ব্যবস্থা অচল হওয়ার উপক্রম হয়েছে। নানা দুর্ঘটনাও ঘটছে। এত দিনে তাই কর্তৃপক্ষের হুঁশ হয়েছে, অনুমোদনহীন এই যান উচ্ছেদে রাস্তায় নেমেছে তারা। তারই অংশ হিসাবে ৫০টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করেছিল সিলেট সিটি করপোরেশন। এই নিয়ে রিকশাশ্রমিক ও সিটি করপোরেশনের কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পর্যন্ত হয়েছে।

আমাদের প্রশ্ন, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর কেন মাঠে নামল তারা? নগর কর্তৃপক্ষের নাকের ডগাতেই তো তৈরি ও বিক্রি হয়েছে এসব রিকশা। আর ব্যাটারিচালিত এত রিকশা নিশ্চয় এক দিনে রাস্তায় নামেনি। আজকের এই অবস্থায় আসতে ১০ বছরের মতো লেগেছে। শুরুতেই কেন ব্যবস্থা নেওয়া হলো না? এখন এমন এক সময় কাজটা করতে যাচ্ছে তারা, যখন এই যানের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে কয়েক লাখ পরিবার। এই যান চালনায় অভ্যস্ত হয়ে গেছে তারা। অনেকের পক্ষে শারীরিক কারণেই এখন আর পায়ে টানা রিকশা চালানো সম্ভব নয়।

তা ছাড়া এই যানের উপযোগিতার দিকটিও বিবেচনা করতে হবে। ঢাকার বাইরে কোনো জেলাতেই এখনো তেমন করে ভালো গণপরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি। এই চাহিদা এত দিন পূরণ করেছে রিকশা। গত কয়েক বছর সেটাই দখল করেছিল ব্যাটারিচালিত রিকশা। অযান্ত্রিক রিকশার চেয়ে ভাড়া ও সময়—দুই–ই কম লাগে। এসব কারণেই হয়তো এত দ্রুত জায়গাটা নিতে পেরেছে। তা ছাড়া মানুষে টানা রিকশা ঐতিহ্য হতে পারে, কিন্তু আজকের যুগে এটাকে কিছুতেই আর মানবিক বলা যাবে না। এ সবকিছু বিবেচনায় নিয়েই সমস্যাটি মোকাবিলা করতে হবে। খামখেয়ালি সিদ্ধান্তের পরিণতি ভালো না–ও হতে পারে।