ব্যারনেস ভার্সির দৃষ্টান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় ইসরায়েলি নৃশংসতার ব্যাপারে যুক্তরাজ্যের ক্যামেরন সরকারের অবস্থান ও গাজানীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশটির পররাষ্ট্র, ধর্মবিশ্বাস ও জাতি-সম্প্রদায়বিষয়ক জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারনেস সাইয়েদা ভার্সির পদত্যাগ অত্যন্ত সময়োপযোগী ও সুদৃঢ় নৈতিকতাপূর্ণ এক পদক্ষেপ। এ জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
ইসরায়েল গাজায় চার সপ্তাহ ধরে ব্যাপক হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা চালিয়েছে। তারা হত্যা করেছে প্রায় দু্ই হাজার ফিলিস্তিনিকে, যাদের অধিকাংশই নারী, শিশু ও নিরীহ বেসামরিক ব্যক্তি। তারা মিসাইল, শক্তিশালী বোমা ও ট্যাংক থেকে ভারী গোলা নিক্ষেপ করে ধ্বংস করেছে ফিলিস্তিনিদের শত শত ঘরবাড়ি, বিদ্যালয়, কলেজ, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা। এমনকি জাতিসংঘের পরিচালিত স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি নারী-শিশুরাও তাদের বর্বর হামলা থেকে রেহাই পায়নি। কিন্তু যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রগুলো ইসরায়েলের এসব বর্বরতা থামাতে কার্যকর কিছুই করেনি। আরব বিশ্বের মুসলিম দেশগুলোও বিস্ময়কর নীরবতা ও নিষ্ক্রিয়তা দেখিয়েছে।
এই চরম হতাশাব্যঞ্জক পরিস্থিতিতে ব্যারনেস ভার্সির পদত্যাগের তাৎপর্য বিরাট। তাঁর এই পদক্ষেপ শুধু যুক্তরাজ্যের গাজানীতির বিরুদ্ধে ব্রিটিশ মন্ত্রিসভার একজন সদস্য বা পাকিস্তানি বংশোদ্ভূত একজন ব্রিটিশ মুসলমান নাগরিকের প্রতিবাদ নয়; তাঁর এই সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে প্রকৃত বিশ্বজনমত। তাঁর পদত্যাগ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের পৈশাচিক বর্বরতার বিরুদ্ধে বিশ্বমানবতার প্রতিবাদ; ইউরোপ-আমেরিকার শক্তিশালী রাষ্ট্রগুলোর চরম পক্ষপাতদুষ্ট ফিলিস্তিননীতির প্রতি দেশ-জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে বিশ্বের শান্তিপ্রিয় জনসাধারণের ধিক্কার।
শক্তিশালী কোনো পশ্চিমা রাষ্ট্রের সরকারি মহলের পক্ষ থেকে এমন কঠোর প্রতিবাদের বিশেষ প্রয়োজন ছিল। কেননা, ইসরায়েলি বর্বরতার মুখে তাদের কাপুরুষোচিত নিষ্ক্রিয় অবস্থানের মধ্য দিয়ে এমন নৈরাশ্য প্রবল হচ্ছিল যে অন্যায়, অবিচার ও বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধের সব শক্তি বুঝি শেষ হয়ে গেছে। লেডি ব্যারনেস প্রমাণ করলেন যে তা শেষ হয়নি; বিশ্বমানবতার পক্ষে আশাবাদ কখনো শেষ হওয়ার নয়।