ব্রডব্যান্ডের বাজেট চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুন মাসের প্রথম সপ্তাহে অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট পেশ করবেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের এই মেয়াদের এটিই শেষ বাজেট। এই বছরের শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে এবারের বাজেট হবে নির্বাচনের বাজেট। মানে রাস্তাঘাট-ব্রিজ বানানো, বড় বড় কিছু প্রকল্প শুরু করা, অনেক প্রকল্পের সমাপ্তি টানা ইত্যাদি। তবে, আমরা যাঁরা তথ্যপ্রযুক্তির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত তাঁরা চাইব, বাজেটে আইসিটি খাতের চলমান কাজগুলোকে এগিয়ে নেওয়া হোক। যেমন: সরকারের অফিসগুলোকে বাংলা গভ নেটের আওতায় এনে চালু করে দেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব বিনির্মাণ অব্যাহত রাখা, মুক্ত পেশাজীবীদের সহায়তা করা ইত্যাদি। বাজেটের কাজ কী? নির্দেশনা দেওয়া, প্রায়োরিটি ঠিক করা, উদাহরণ তৈরি করা এবং বাস্তবায়ন করা। তথ্যপ্রযুক্তি আসলে আলাদা কোনো বিষয় নয়। এখন কোনো কাজই তথ্যপ্রযুক্তি ছাড়া করা সম্ভব নয়। কিন্তু তার মানে এই নয় যে, আইসিটি মন্ত্রণালয়কে সব কাজ করতে হবে। মন্ত্রণালয়কে করতে হয় ফাউন্ডেশনের কাজ। নীতি, আইন, সহায়ক গাইডলাইন—এসবকে প্রাধান্য দিতে হয়। মনে রাখতে হবে, সরকার সব কাজ করবে না। সরকারের মূল কাজ হবে সহায়ক পরিবেশ তৈরি করা এবং সেটারই প্রতিফলন থাকতে হবে বাজেটে। আমাদের দেশের অনেকের ধারণা, আমাদের কানেকটিভিটির সমস্যার সমাধান হয়ে গেছে—এটি একটি বোকার স্বর্গে থাকা। মোবাইলের দ্বিতীয় প্রজন্মের কানেকশন দিয়ে বেশি দূর যাওয়া যাবে না। সারা দেশে আমাদের ব্রডব্যান্ড নিয়ে যেতে হবে। এই জন্য বাজেটে নির্দেশনা থাকা দরকার। কানেকটিভিটির হিসাবে যেসব এলাকায় সহজে এক মেগাবিটের চেয়ে বেশি ইন্টারনেট গতি পাওয়া যায়, সেগুলোকে ব্রডব্যান্ড শহর বলা যেতে পারে (এক মেগাবিটও বিশ্ববাস্তবতায় খুবই কম, যদিও বিটিআরসির সংজ্ঞায় এটি বাংলাদেশে ব্রডব্যান্ডের মানদণ্ড)। বাকি সব জায়গায় গ্রাম। কাজেই ঢাকা শহর ছাড়া বাংলাদেশ আসলে একটি ব্রডব্যান্ড গ্রাম। এমনকি চট্টগ্রাম, সিলেট বা বরিশাল শহরও গ্রামের মধ্যে পড়ে। কাজেই আমাদের ব্যাপকভাবে ব্রডব্যান্ড অবকাঠামো তৈরি করার কাজে সম্পদের বিনিয়োগ প্রয়োজন। একটি গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ শতাংশ ব্রডব্যান্ড সংযোগ বাড়লে তা মোট দেশজ উৎপাদন ১ শতাংশ বাড়াতে পারে। শুধু তা-ই নয়, অতিসম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দাবি করা হয়েছে, এক হাজার ব্রডব্যান্ড সংযোগ বাড়লে ৮০টি নতুন কাজের সৃষ্টি হয়। আমাদের দেশেও আমরা দেখছি তরুণ-তরুণীদের একটি অংশ এখন ইন্টারনেটে আয়-রোজগারের ব্যবস্থা করছে। অনেক ক্ষুদ্র উদ্যোক্তা মোবাইল, ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমে নিজেদের ব্যবসা সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্বব্যাংকের হিসাব অনুসারে, আগামী ১০ বছরে কেবল গণচীনে সাড়ে আট কোটি চাকরি উদ্বৃত্ত হবে, যা ছড়িয়ে পড়বে আশপাশের দেশে। বিশ্বব্যাংকের ধারণা, তার মধ্যে দেড় কোটি আমরা আমাদের দেশে নিয়ে আসতে পারব। আর এই কাজগুলোর একটি বড় অংশই থাকবে তথ্যপ্রযুক্তিকে কেন্দ্র করে। ব্রডব্যান্ডের প্রসার এই কাজ আমাদের দেশে আনার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে। এ ছাড়া ব্রডব্যান্ডের আর একটি বড় কাজ হবে শিক্ষার প্রসার। বৈশ্বিক গ্রামের উপযুক্ত হওয়ার জন্য আমাদের শিক্ষার্থীদের নানাভাবে তৈরি হতে হবে। আর দ্রুতগতির ইন্টারনেট তাদের সাহায্য করবে এই কাজে। আনন্দের সংবাদ হলো, দেশে ব্রডব্যান্ড প্রসারের জন্য আসলে বাজেটে আহামরি কোনো বরাদ্দ রাখতে হবে না। নির্দেশনা আর গাইডলাইনই যথেষ্ট। ব্রডব্যান্ডের প্রসার ঘটানোর জন্য যে টাকার দরকার তার সবটুকুই দেশে পাওয়া যাবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এখন ইউএসও (ইউনিভার্সাল সার্ভিস অবলিগেটরি) ফান্ড চালু করেছে। অন্যান্য দেশে এই ফান্ডের অর্থ ব্যবহার করা হয় নেটওয়ার্কের প্রসারে, বিশেষ করে যেসব জায়গায় নেটওয়ার্কের সম্প্রসারণ ব্যবসাবান্ধব নয়। আমরা যত দূর জানি এই ফান্ডে এখন প্রতিদিন প্রায় এক কোটি টাকার মতো জমা হচ্ছে। এই টাকার সবটুকু ব্যয় করা উচিত গ্রামীণ ব্রডব্যান্ড প্রসারে। মনে রাখা দরকার পর্তুগালের মতো দেশও তাদের ল্যাপটপ কারখানা গড়ে তুলেছে থ্রিজি লাইসেন্সের টাকা দিয়ে। আগামী অর্থবছরের শুরুতে নিলাম হবে তৃতীয় প্রজন্মের মোবাইল লাইসেন্স। সে অর্থেরও একটি বড় অংশ খরচ হতে পারে এই কাজে। এবারের বাজেটে ব্রডব্যান্ড সম্প্রসারণের জন্য মাত্র ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হোক। এর থেকে মাত্র ৩০ কোটি টাকা খরচ করে দেশের কমপক্ষে ২০০টি স্থানে ৫ মেগাবিটের উন্মুক্ত ওয়াইফাই জোন তৈরি করা যায়। এগুলোতে মাত্র এক থেকে দুই বছরের ব্যান্ডউইডথের খরচ সরকার দেবে। আমরা আনন্দের সঙ্গে মনে রেখেছি যে এ সরকারের আমলে প্রতি মেগাবিট ব্যান্ডউইডথের খরচ ৩৮ হাজার টাকা থেকে এখন চার হাজার টাকায় নেমে এসেছে। ফলে রেকারিং খরচও বেশি হবে না। বিনা মূল্যের ওয়াইফাই জোনগুলো যে ব্যবহারকারীদের তৈরি করবে, তাতে পরবর্তী সময়ে ব্রডব্যান্ড অপারেটররা সেখানে হাজির হবেন। যেহেতু বিশ্বব্যাংকের সহায়তায় বিশ্ববিদ্যালয়গুলোতে ব্রডব্যান্ড সংযোগের কাজ চলছে, কাজেই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আলাদা করে কোনো উদ্যোগ না নিলেও হবে। তবে, দেশের বড় বড় কলেজে ব্রডব্যান্ড সংযোগের জন্য আর ২০ কোটি টাকা খরচ করা যেতে পারে। এই টাকাতে ঢাকা, তিতুমীর, চট্টগ্রাম, ইডেন, সারদা সুন্দরী, ব্রজমোহন, আনন্দ মোহন কলেজে উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। আর ৩০ কোটি টাকা বিটিসিএলকে দিয়ে এখনো যে শহরগুলোতে উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেওয়া কঠিন, সেখানে সে অবকাঠামো গড়ে তুলতে হবে। সঠিক নেতৃত্ব ও যথার্থ প্রতিষ্ঠানের মাধ্যমে এই কাজ কয়েক মাস সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব। বাকি টাকা খরচ করা যেতে পারে কন্টেন্ট তৈরির জন্য।গ্রামীণ জনগণের একমাত্র ইন্টারনেট সেবাদানকারী মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেট সেবার মূল্য অনেক। ২০০৭ সালে এক মেগাবিট ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম ছিল ৩৮ হাজার টাকা। সেই সময় মোবাইল ফোনের একটি জনপ্রিয় ইন্টারনেট সেবার মাসিক খরচ ছিল ভ্যাটসহ ৩৪৫ টাকা। এখন ব্যান্ডউইডথের দাম মেগাবিট-প্রতি চার হাজার টাকা হলেও সেই প্যাকেজের দাম কিন্তু এখনো ৩৪৫ টাকাই আছে। বাজেটে তাই একধরনের নির্দেশনা থাকা দরকার।ইন্টারনেট সেবার মূল্য বেশি হওয়ার আর একটি কারণ হলো ১৫ শতাংশ ভ্যাট বা মূল্য সংযোজন কর। আমরা দেখেছি, বিভিন্ন আইএসপি তাদের ব্যবহারকারীদের শেয়ারড অ্যাকসেস দিয়ে থাকে। অর্থাৎ কোনো কোনো সময় ১ মেগাবিট ইন্টারনেট সেবা চারজন ব্যবহার করে থাকে। কিন্তু এই চারজনকেই ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়, যদিও আইএসপি তার আপস্ট্রিমে ১ মেগাবিটের দাম দিচ্ছে। এ ক্ষেত্রে ভ্যাটের হার কমিয়ে ৪.৫ শতাংশ করা হলে সেটি যৌক্তিক একটা দিকে যেতে পারে।আইসিটি শিল্পের কর অবকাশ এই বছর শেষ হবে। এটি পাঁচ বছরের জন্য বাড়ানো হোক। মুনির হাসান: সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।