যেকোনো উন্নয়ন প্রকল্প নেওয়ার সময় স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করা, ভুক্তভোগীদের ওজর-আপত্তি শোনা আইনেরই বিধান। কিন্তু অনেক সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান সেটি মানে না বলেই সমস্যা হয়। বহুল আলোচিত ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পটিও এর বাইরে নয়। এ প্রকল্পের মাধ্যমে ব্রহ্মপুত্রের মোট ২২৭ কিলোমিটার অংশ খনন করা হবে। ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৬৩ কোটি টাকা।
কিন্তু সম্প্রতি প্রথম আলোয় ‘ব্রহ্মপুত্র খনন: কৃষিজমি ও বসতভিটে নিয়ে শঙ্কা’ শিরোনামে যে খবর প্রকাশিত হয়, যাতে দেখা যাচ্ছে, ব্রহ্মপুত্র খনন নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচার চরের ৩০০ পরিবার উদ্বেগ-উৎকণ্ঠায় আছে। তাদের অভিযোগ, ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের চূড়ান্ত নকশায় প্রবহমান অংশ বাদ রেখে তাদের বসতভিটা ও কৃষিজমি অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কয়েক শ পরিবার উচ্ছেদ হয়ে যাবে। নকশা অনুযায়ী গ্রামের ৪৭ একর ৯ শতাংশ জমি খনন প্রকল্পের আওতায় পড়েছে। বর্তমানে এ এলাকায় প্রবাহিত নদটি ধনুক আকৃতির। নদটি খনন করতে ২৫০ মিটার বেশি খনন করতে হতো। সেটা না করে কর্তৃপক্ষ কোনাকুনি দেড় কিলোমিটার খননের সিদ্ধান্ত নেওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধি সরেজমিনে দেখেছেন, মরিচার চর ভৌগোলিকভাবে ঈশ্বরগঞ্জ উপজেলায় হলেও এটি ত্রিশাল উপজেলার ফাতেমানগর বাজারের পাশে। বাজারে একটি রেলস্টেশন রয়েছে। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান আছে ফাতেমানগরে। এখান থেকেই গ্রামের মানুষ সড়ক ও রেলপথে ময়মনসিংহ সদর ও ঢাকায় যাওয়া-আসা করে। বর্তমান নকশা অনুযায়ী নদে খননকাজ হলে হাঁটাপথ পার হতে হবে নৌকায়। গ্রামের মানুষ তখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
এ কারণে স্থানীয় বাসিন্দারা নকশা পরিবর্তন করে যেখানে নদীর স্রোতোধারা আছে, সেখানে খনন করার দাবি জানিয়েছেন। জেলা প্রশাসক ঈশ্বরগঞ্জ ইউএনওকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। বর্তমানে খননকাজ স্থগিত আছে। কিন্তু প্রকল্প কর্মকর্তারা যেসব জমি লাল নিশানা টাঙিয়ে নদ খননের সীমানা চিহ্নিত করেছেন, সেখানে চাষাবাদ বন্ধ ছিল। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। আর একান্তই যদি কারও জমি বা বসতভিটা উন্নয়ন প্রকল্পের মধ্যে পড়ে, তাঁকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক। কেউ উচ্ছেদ হলে তাঁকে পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। গ্রামবাসীর অভিযোগ, তাঁদের জমি ও বসতভিটা অধিগ্রহণ করা হলেও কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
ব্রহ্মপুত্র নদ খননের প্রয়োজনীয়তা আমরা অস্বীকার করছি না। এ প্রকল্প বাস্তবায়িত হলে ময়মনসিংহ অঞ্চলের কৃষি ও মৎস্য সম্পদ সমৃদ্ধ হবে আশা করা যায়। একইভাবে মরিচার চরের বাসিন্দাদের সমস্যাও আমলে নিতে হবে। উন্নয়ন হলো মানুষের উপকারের জন্য, সেখানে উন্নয়নের নামে মরিচা চরের বাসিন্দাদের সর্বনাশ করার এখতিয়ার কারও নেই।