দেশের অনেক নদ-নদীর মতো ব্রহ্মপুত্র নদের ভাঙনও মৌসুমি বিষয়ের মতো। প্রায় প্রতিবছরই এ নদে ভাঙন দেখা দেয়। এ বছরও বর্ষা মৌসুম শুরুর আগেই কয়েক দফার বৃষ্টিতে এ নদে ভাঙন শুরু হয়েছে। ১০ দিনের ব্যবধানে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া ও খারজানি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি, ৫০ একর আবাদি জমি ও অসংখ্য গাছপালা বিলীন হয়ে গেছে। আশ্রয়হীন হয়ে পড়েছে দেড় শতাধিক মানুষ। তারা সরকারি জায়গা ও বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। হুমকির মুখে আছে আরও বহু ঘরবাড়ি।
কেউ ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন, কেউ নদ থেকে দূরে নতুন করে একচালা ঘর তুলছেন। আসবাব সরিয়ে নিচ্ছেন। ভিটে হারানো মানুষ সরকারি জায়গায় আশ্রয় নিয়েছেন। কুন্দেরপাড়া ও খারজানি—এ দুই গ্রামে নদের পাড়ে ফি বছর ভাঙন দেখা দিলেও তা রোধে কোনো কর্মসূচি নেই। পাউবো থেকে বলা হচ্ছে, এ গ্রাম দুটি নদের পূর্ব তীরে। পশ্চিম তীরে ভাঙন ঠেকানোর কাজ চলছে। এটি শেষ হলে অপর পাশের, অর্থাৎ এ গ্রাম দুটির পারের ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু বাস্তবতা হলো এ নদের পূর্ব পাড়ের ভাঙন রোধে এখনই উদ্যোগ নেওয়া না হলে বিস্তীর্ণ এলাকা নদগর্ভে বিলীন হতে পারে। এ জন্য পানিসম্পদ মন্ত্রণালয় ও স্থানীয় পাউবোকে দ্রুত উদ্যোগ নিতে হবে। ভাঙন রোধে দ্রুত প্রকল্প গ্রহণ করতে হবে। উপজেলা প্রশাসনকেও এ ব্যাপারে তৎপর হতে হবে। কারণ, সাধারণত দেখা যায়, স্থানীয় প্রশাসন থেকে চাপ না এলে বা কোনো কাজের গুরুত্ব যথাযথভাবে তুলে ধরতে না পারলে এ ধরনের কাজে অর্থের বরাদ্দ বা প্রকল্প পাস করানো সহজ হয় না। নদের যে পয়েন্টগুলোতে দু-এক বছর পরপরই ভাঙন দেখা দেয়, সেখানে আগে থেকেই ভাঙন রোধের প্রকল্প কেন নেওয়া হয় না, সেটি বড় প্রশ্ন।
নদ তীরবর্তী মাটির তলদেশ ক্ষয়ে যাওয়া, বন্যার তীব্রতা বৃদ্ধি, অপরিকল্পিত খনন, নদের গতিপথ পরিবর্তন, নদে অপরিকল্পিত বাঁধ নির্মাণসহ নানা কারণে ভাঙন হয়। কুন্দেরপাড়া ও খারজানি—এ দুই গ্রামসংলগ্ন পারে কোনো কারণে ভাঙন দেখা দেয়, তা দ্রুত শনাক্ত করে প্রতিকারের পরিকল্পনা হাতে নেওয়া দরকার।