ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সাপোর্ট সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক বিরোধ নিষ্পত্তির বিকল্প ব্যবস্থা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সাপোর্ট সেন্টারের সাফল্য অত্যন্ত প্রশংসনীয়। আমরা এই জেলার পুলিশ প্রশাসনসহ জনপ্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাধুবাদ জানাই। প্রায় ৩০ লাখ বিচারাধীন মামলার চাপে থাকা বিদ্যমান ফৌজদারি অপরাধ বিচারব্যবস্থা থেকে দ্রুত বিচার লাভ করা সত্যিই দুরূহ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকার দীর্ঘকাল ধরে উন্নত বিশ্বের আদলে বিরোধ নিষ্পত্তির বিকল্প ব্যবস্থা এডিআরকে জনপ্রিয় করার জন্য নানা পদক্ষেপ নিয়ে চলছিল। কিন্তু সাধারণভাবে তাতে প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি। এ রকম একটি প্রেক্ষাপটে পুলিশের সাপোর্ট সেন্টারের সাফল্যের খবর আমাদের আশাবাদী করেছে। পুলিশের মলিন ভাবমূর্তিকে পেছনে ঠেলে এই জেলার পুলিশ এমন একটি অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে, যা সমগ্র পুলিশ বাহিনীর জন্য একটি অসামান্য গৌরব বয়ে এনেছে। আমরাও তাদের জন্য গর্ব বোধ করি। তারা প্রমাণ করেছে যে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা থাকলে বিদ্যমান ব্যবস্থার মধ্যে থেকেও বড় মাপের পরিবর্তন নিশ্চিত করা সম্ভব। ইতিপূর্বে এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদের বলেছিলেন, কেবল কয়েকজন কর্মকর্তার আন্তরিক উদ্যোগের ফলে জেলার পারিবারিক বিরোধের চিত্র পাল্টে দেওয়া সম্ভব হয়েছে।
মধ্যস্থতা করে সংসার টিকিয়ে রাখার উদ্যোগআদালতের বাইরে বিরোধ নিষ্পত্তিকে পৃষ্ঠপোষকতা দিতে সরকার সম্প্রতি ঢাকায় ‘রেস্টোরেটিভ জাস্টিস’ বিষয়ে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছিল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অস্ট্রেলীয় ক্রিমিনোলজিস্ট আমাদের বলেছিলেন, বাংলাদেশে আদালতের বাইরে মীমাংসানির্ভর একটি ব্যবস্থাকে জনপ্রিয় করার বিরাট সম্ভাবনা তিনি দেখেন। তাঁর মতে, এটা অস্ট্রেলিয়ার থেকেও বেশি।
নারী নির্যাতনের মামলা দুই বছরের কম সময়ের মধ্যে ৯০০-এর বেশি থেকে ২০০-এর কমে নেমে আসা, ৩০০ যৌতুকের মামলা ৬৫টিতে নেমে আসার মতো ঘটনাই কেবল ঘটেনি, এই পুলিশ সাপোর্ট সেন্টার দেখিয়ে দিয়েছে যে কী করে ভাঙা কিংবা নাজুক হয়ে পড়া সংসার জোড়া লাগানো সম্ভব। সত্যি অসাধারণ এই উদ্যোগ। এখন প্রতিটি জেলায় এ ধরনের সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, আমরা সেটাই আশা করব।