ব্রিটিশ মানবাধিকার প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যে নাজুক, তা বুঝতে বিদেশি বিশেষজ্ঞ কিংবা সংস্থার শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই। এ দেশের কোটি কোটি সাধারণ মানুষ নিয়ত তিক্ত অভিজ্ঞতা দিয়েই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উপলব্ধি করছে। কিন্তু যখন ব্রিটিশ সরকারের হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি: ২০১২ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়, তখন বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হয়। মানবাধিকার নিয়ে দেশি-বিদেশি সংস্থাগুলোর প্রতিবেদন সরকার ও বিরোধী দল নিজ নিজ দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করবে, প্রতিক্রিয়া জানাবে—এটাই স্বাভাবিক। এ ধরনের প্রতিবেদন প্রকাশের পর সরকারি দলের পক্ষ থেকে ভিত্তিহীন বলে বাতিল করে দেওয়ার নজিরই বেশি। আবার একই দল যখন বিরোধী দলে থাকে, তখন প্রতিবেদনকে যথার্থ বলে মনে করে, স্বাগত জানায়। এই প্রতিবেদনে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সরকার ও বিরোধী দল উভয় পক্ষের দায় চিহ্নিত করা হয়েছে। আন্দোলন দমনে যেমন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তি প্রয়োগ করে, তেমনি বিরোধী দলও হরতালের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে থাকে। দুটোই বন্ধ হওয়া প্রয়োজন।ব্রিটিশ সরকারের প্রতিবেদনে গণতন্ত্রকে সুসংহত করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা প্রয়োজন বলে যে সুপারিশ করা হয়েছে, তার সঙ্গে দ্বিমত করার উপায় নেই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিগত দুই দশকে পালাক্রমে আওয়ামী লীগ ও বিএনপি দেশ শাসন করলেও গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার উদ্যোগ নেয়নি। বরং কোনো কোনো প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে। আগামী নির্বাচন নিয়ে যে পারস্পরিক অনাস্থা দেখা দিয়েছে, তার মূলেও রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারোনেস ওয়ার্সি বলেছেন, বাংলাদেশে ২০১৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন রাজনৈতিক সহিংসতার চক্র ভেঙে বেরিয়ে আসার একটা সুযোগ তৈরি করে দিতে পারে। আর সে ধরনের সুযোগ তখনই তৈরি হবে যখন নির্বাচনকালীন সরকারের রূপরেখার ব্যাপারে সরকার ও বিরোধী দলের মধ্যে একটি সমঝোতা প্রতিষ্ঠা করা যাবে। সে ক্ষেত্রে সরকারকে বিরোধী দলের প্রতি সহনশীল মনোভাব দেখাতে হবে আর বিরোধী দলকে সংঘাত সংঘর্ষের পথ পরিহার করতে হবে। গণতন্ত্রে আলোচনার মাধ্যমেই বিদ্যমান সব সমস্যার সমাধান করা যায়। তবে ব্রিটিশ প্রতিমন্ত্রী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে যে মন্তব্য করেছেন, তার সঙ্গে এ দেশের ন্যায়বিচারপ্রত্যাশী মানুষের সহমত প্রকাশ করার কোনো সুযোগ নেই। ইতিহাসের দায় মেটাতেই ৪২ বছর আগে বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে। দেশের একটি একটি ক্ষুদ্র গোষ্ঠী ছাড়া সবাই এই বিচারের পক্ষে। একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে প্রয়োজনীয় স্বচ্ছতা ও অভিযুক্তদের যথাযথ অধিকার নিশ্চিত করেই বিচার চলছে এবং এই আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের আপিলের সুযোগ রয়েছে। ট্রাইব্যুনাল প্রশ্নে ব্রিটিশ প্রতিমন্ত্রীর মন্তব্য সে কারণেই বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।