ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের জন্ম বরিশালে, ১৯৫৮ সালে। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও ঢাকা কলেজ হয়ে তিনি উচ্চশিক্ষা নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয় ও ক্যানবেরার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নেন। ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি বৈরুতের সাজেস বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন ইস্যুতে লেখা ইমতিয়াজ আহমেদের বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। এ ছাড়া বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে অজস্র লেখা ও গবেষণাপত্র। সাক্ষাৎকার নিয়েছেন এ কে এম জাকারিয়াপ্রথম আলো দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা নিয়ে জনগণের মধ্যে এক ধরনের উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে। এ উদ্বেগের যৌক্তিক ভিত্তি রয়েছে কি?ইমতিয়াজ আহমেদ জনগণের মধ্যে যে উদ্বেগ, তার অবশ্যই যৌক্তিক কারণ রয়েছে। গত তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা ও নির্বাচনের পর জনগণ ধরে নিয়েছিল যে সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের দুটি প্রধান রাজনৈতিক দলের যেভাবে চলা উচিত সেভাবেই চলবে। সংসদ হবে সব কিছুর কেন্দ্রবিন্দু। আমরা দেখতে পেলাম তেমনটি হয়নি। একই সঙ্গে রাজনৈতিকভাবে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে এমন আরও কিছু বিষয় এর সঙ্গে যুক্ত হয়েছে। ফলে জনমনে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিক কারণেই উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।প্রথম আলো রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার মতো কী বিষয়গুলো যুক্ত হয়েছে বলে মনে করেন?ইমতিয়াজ আহমেদ সমস্যাগুলোর একটি সরকার তৈরি করেছে। এটি হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল। প্রধান বিরোধী দল সরকারের এই উদ্যোগ মেনে নেয়নি। ফলে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে কি না, সে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এদিকে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে। কাদের নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে, তাঁরা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবেন কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে। একটি গণতান্ত্রিক কাঠামোতে রাজনৈতিক দল যে ধরনের ভূমিকা পালন করে, দেশের প্রধান দুটি রাজনৈতিক দল তার ধারেকাছেও নেই। এই পরিস্থিতিতে জনগণ ভাবছে, দেশ একটি রাজনৈতিক সংঘাতের দিকে এগোচ্ছে। তারা চিন্তিত, কারণ, রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার অর্থই হচ্ছে হরতাল, ভাঙচুর বা সহিংসতা।প্রথম আলো আপনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতার কথা বললেন, বললেন নির্বাচন-পরবর্তী প্রত্যাশার কথা। সেই প্রত্যাশাটি পূরণ হলো না কেন?ইমতিয়াজ আহমেদ আমাদের দেশে গণতন্ত্রের নামে যা হয়েছে তা হচ্ছে নির্বাচনকেন্দ্রিক গণতন্ত্র। গণতন্ত্রে যে আরও বিষয় থাকে, সে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়নি। গণতান্ত্রিক সমাজে দলের মধ্যে গণতন্ত্র থাকে, দলের তহবিল ও আয়-ব্যয়ের স্বচ্ছতা থাকে, সংসদে তর্ক-বিতর্ক হয়, সংসদীয় কমিটিগুলো কাজ করে, শক্তিশালী গণমাধ্যম থাকে, নাগরিক সমাজ তাদের ভূমিকা জোরালোভাবে পালন করে। এই বিষয়গুলো সমাজে কার্যকর না থাকলে সুশাসনের অভাব দেখা দেয়। এখন সেটাই চলছে। গণতন্ত্র নির্বাচনকেন্দ্রিক হয়ে পড়ায় নির্বাচন ছাড়া এই বিষয়গুলো গৌণ হয়ে পড়েছে। আমাদের মনে রাখতে হবে যে শুধু নির্বাচন গণতন্ত্র দিতে পারে না। এ কারণেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হওয়ার পরও দেশে রাজনৈতিক সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।প্রথম আলো রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতির কারণেই ১/১১-এর ঘটনা, আবারও যদি দেশের রাজনীতি সেই সংঘাতের দিকেই যায়, তবে সামনে কী অপেক্ষা করছে?ইমতিয়াজ আহমেদ রাজনৈতিক সংঘাত সব সময়ই রাজনীতিতে বাইরের শক্তির হস্তক্ষেপের পথ তৈরি করে, তৃতীয় শক্তিকে ক্ষমতা দখলে উৎসাহিত করে। গণতন্ত্র কেবল নির্বাচনকেন্দ্রিক হলে রাজনৈতিক দলগুলো সংঘাতের পথকেই সঠিক মনে করবে। আমার মনে হয় দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের আচরণ তৃতীয় শক্তিকে ক্ষমতাবান করছে।প্রথম আলো এই যে রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা, তা নিয়ে সরকারের উদ্বেগ আছে বলে তো মনে হচ্ছে না।ইমতিয়াজ আহমেদ বিষয়টি অনেকটা এ রকম—রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। দেশের পরিস্থিতি কী বা জনগণের মধ্যে যে আশঙ্কা, তা সরকারের না বোঝার কথা নয়। বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করলেই তা জানা যায়। গত আড়াই বছরে সংসদ কীভাবে চলেছে, সমাজের সংঘাতময় পরিস্থিতি, দ্রব্যমূল্য, গণমাধ্যমে যেসব বিষয় নিয়ে আলোচনা ও লেখালেখি হয়েছে, সেগুলো বিচার-বিবেচনা করলেই বাস্তবতা টের পাওয়া যাবে। সরকারকে একদিকে নিরুদ্বেগ মনে হচ্ছে ঠিকই, কিন্তু প্রতিক্রিয়া দেখানোর বেলায় কিন্তু তারা খুবই তৎপর। যখনই কেউ সরকারের সমালোচনা করছে, তখন সরকারের তরফ থেকে কঠোর প্রতিক্রিয়া দেখানো হচ্ছে। এমনকি দলের মধ্যে কেউ কিছু বলতে চাইলেও তাঁকে থামিয়ে দেওয়া হচ্ছে। এখন সরকার যদি খুব নিরুদ্বেগ থাকত বা সব কিছু ঠিকভাবে চলছে মনে করে থাকে, তবে তারা সমালোচনাকে এত ভয় পাচ্ছে কেন?প্রথম আলো সরকারের সমস্যাটি তাহলে কোথায়?ইমতিয়াজ আহমেদ আসলে সরকার বা দল যাঁদের নিয়ে চলছে, সমস্যাটি সেখানেই। দলে যাঁরা বহু দিন ধরে রাজনীতি করেছেন, তাঁরা সরকারে নেই। নতুন ও অপরিচিতদের নিয়ে সরকার গঠন করা হয়েছে। সরকার পরিচালনার আড়াই বছরের মাথায় তাঁদের অদক্ষতার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যাঁদের বাদ দেওয়া হয়েছে, তাঁদের হয়তো ক্ষমতার ব্যাপারে আগ্রহ ছিল, কিন্তু তাঁদের অভিজ্ঞতাকে অস্বীকার করার উপায় নেই। সরকারে দক্ষ ও অভিজ্ঞ যে কয়েকজন রয়েছেন, তাঁদের কেউ কেউ আবার বয়সের ভারে ক্লান্ত। যাঁদের বাদ দেওয়া হয়েছে, তাঁদের সঙ্গে দলের সম্পর্কও ভালো বলে মনে হয় না। এখানে জেদাজেদির বিষয় রয়েছে হয়তো, কিন্তু এতে দল ও সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মনে হয়, দলকে সাজানো জরুরি হয়ে পড়েছে। মন্ত্রিসভা রদবদলের কথা শোনা গিয়েছিল, কিন্তু তা হবে বলে মনে হচ্ছে না।প্রথম আলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া আগামী নির্বাচন করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তা কতটা বাস্তবসম্মত?ইমতিয়াজ আহমেদ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সরকার নির্বাচন করতে পারবে বলে আমি মনে করি না। সেই পরিস্থিতি বাংলাদেশে নেই, এ জন্য আরও সময় লাগবে। মূল সমস্যার কথাটি আগেই বলেছি, সেটা হচ্ছে আমাদের গণতন্ত্র শুধুই নির্বাচনকেন্দ্রিক, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া উপায় নেই। আমাদের দেশের বর্তমান বাস্তবতায় যদি কেউ মনে করে থাকেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে, তবে তাঁদের রাজনৈতিক জ্ঞান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আমরা যদি দেশের বর্তমান বিরোধী দলের বিষয়টি বিবেচনায় নিই, তবে দেখব, তাদের অন্তত ২৫ শতাংশ গোঁড়া সমর্থক রয়েছে। এই সংখ্যক সমর্থকদের উপেক্ষা করে কিছু করা কঠিন। এখন সরকারকে ঠিক করতে হবে যে তারা কি বিরোধী দলকে আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আদায় করার সুযোগ দেবে, নাকি সরকার আগেই এ ব্যাপারে একটি সমঝোতায় আসবে। আমি মনে করি, সরকারের উচিত আগেই এ ব্যাপারে সমঝোতায় আসা। আন্দোলনের মধ্য দিয়ে যদি বিরোধী দল বিজয় অর্জন করে, তবে তার ফসল বিরোধী দলের ঘরেই যাবে।প্রথম আলো নির্বাচনকেন্দ্রিক গণতন্ত্রের কথা বললেন, এর দায় কি শুধু সরকারি দলের, বিরোধী দল তো সংসদে যায় না?ইমতিয়াজ আহমেদ আসলে আমাদের সংসদে আসনসংখ্যা যা-ই হোক, সংসদটি আসলে দুই ব্যক্তির সংসদ। দলে কোনো গণতন্ত্র নেই। দুই দলের দুজন যা বলবেন, বাকিরা সবাই সেই কথাই বলবেন। অনেকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কথা বলেন। কিন্তু দলের কোনো সিদ্ধান্তের বা কোনো মন্ত্রীর কাজের সমালোচনা করলে সদস্যপদ যাওয়ার সুযোগ নেই। কিন্তু দলে গণতন্ত্র না থাকায় কেউ নিজ দলের সমালোচনা করার কোনো সাহস পান না। এমন একটি কাঠামোতে সংসদে কখনো প্রাণবন্ত আলোচনা হতে পারে না। দুই ব্যক্তির সংসদে একজন আবার অনুপস্থিত। আবারও বলি, গণতন্ত্র যত দিন নির্বাচনকেন্দ্রিক থাকবে, তত দিন সংসদ কার্যকর করতে কেউ আগ্রহী হবেন না। আর সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে শুধু নির্বাচনকেন্দ্রিক গণতন্ত্র থেকে সরে আসার কাজটি করার মূল দায়িত্ব সরকারকেই নিতে হবে।প্রথম আলো সরকার কি বিরোধী দলকে শক্তিহীন মনে করছে?ইমতিয়াজ আহমেদ দেখুন, অভিজ্ঞতায় দেখেছি যে বিরোধী রাজনৈতিক পক্ষ নিজেদের গুণে যতটা না শক্তিশালী হয়ে ওঠে, তার চেয়ে বেশি শক্তিশালী হয় ক্ষমতাসীন দলের ভুলের কারণে। বর্তমান সরকার বিরোধী দলকে শক্তিহীন ভাবছে বলে মনে হয় না। তারা বরং ঘরে-বাইরে শত্রু দেখছে। যাঁরা কোনো কারণে সরকারের সমালোচনা করছেন, তাঁদেরও শত্রু ভাবছে। সব কিছু মিলিয়ে সরকার তার আচরণের মাধ্যমে বিরোধী দলকে শক্তিশালী করে তুলছে। তারা বিরোধী দলকে ভয় পাচ্ছে বলেই সরকার নরসিংদীতে মেয়র লোকমান হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির নেতা খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করেছে। আর সরকারের এ ধরনের আচরণের ফল হবে উল্টো, বিরোধী দল শক্তিশালী হবে।প্রথম আলো সরকার ভুল করবে আর বিরোধী দল শক্তিশালী হবে—এভাবেই কি চলবে?ইমতিয়াজ আহমেদ এখন যারা বিরোধী দলে আছে তারা যদি মনে করে যে অতীতে যেভাবে রাজনীতি করে এসেছে সেভাবেই তারা ফল পাবে, তবে তা ভুল হবে। বিরোধী দলের উচিত সরকারের বর্তমান কী কী আচরণের সমালোচনা হচ্ছে, সেগুলো বিবেচনায় নেওয়া। যাতে ভবিষ্যতে ক্ষমতায় গেলে তারা এই একই ভুল না করে। এখন সরকারি দলের ভুলগুলো সুযোগ তৈরি করে দিচ্ছে ঠিকই, বিরোধী দলকে পরিবর্তিত পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিতে হবে।প্রথম আলো অনেকে বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন আওয়ামী লীগের প্রতি রয়েছে, ভারতের সঙ্গেও দলটির সম্পর্ক ভালো। কিন্তু নির্বাচনে জয় লাভের ক্ষেত্রে বাইরের দেশের সমর্থন কতটা গুরুত্বপূর্ণ?ইমতিয়াজ আহমেদ আসলে বাইরের দেশগুলো কখন কোন দলকে কী কারণে সমর্থন দেয় বা প্রত্যাহার করে নেয়, তার নানা হিসাব-নিকাশ থাকে। নির্বাচনে জেতার ক্ষেত্রে এ ধরনের কোনো দেশের সমর্থন থাকা না-থাকা কোনো কাজে দেয় বলে আমি মনে করি না। দেশের নীতিনির্ধারকদের ওপর বাইরের কোনো দেশের প্রভাব থাকতে পারে, কিন্তু জনগণ কোন দলের ওপর ভারত বা যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে তার ওপর ভিত্তি করে ভোট দেবে—বিষয়টি এমন নয়। বরং এর নেতিবাচক প্রভাবও পড়তে পারে। বিশেষ করে নির্বাচনের আগে জনগণ ভারতের সঙ্গে চুক্তির ফলগুলো বিবেচনায় নেবে।প্রথম আলো আপনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী নির্বাচন হবে না। সরকার ও বিরোধী দল যদি স্ব স্ব অবস্থানে অনড় থাকে, সে ক্ষেত্রে কী পরিস্থিতির আশঙ্কা করছেন?ইমতিয়াজ আহমেদ: যদি দুই পক্ষই নিজেদের একগুঁয়ে অবস্থানে অনড় থাকে, তবে সেই আগের জায়গায় ফিরে যাওয়ার আশঙ্কাই দেখা দেবে। তৃতীয় কোনো শক্তিকে আবার ক্ষমতা নেওয়ার পরিস্থিতি সৃষ্টির দায়টি রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।