বড় নির্মাণ প্রকল্পে অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ রেলগেটে উড়ালসড়কের গার্ডার পড়ে একজনের মৃত্যু এবং দুজনের অঙ্গহানির ঘটনা এক রক্তাক্ত হুঁশিয়ারি জানিয়ে গেল। বড় বড় নির্মাণ প্রকল্প কতটা নির্মাণ বিধিমালা ও নিরাপত্তা-সতর্কতা নিয়ে চলছে, এ ঘটনা তার একটা সাক্ষ্যপ্রমাণ হাজির করল।
উল্লেখ্য, ২০১২ সালে চট্টগ্রামেও নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার ভেঙে পড়ে ১২ জনের মৃত্যু ঘটায়। গত সোমবারের ঘটনাটি যদি রাতে না হয়ে দিনের বেলার জনাকীর্ণ সড়কে ঘটত, তাহলে ৯৮ টন ওজনের ওই গার্ডার কত মানুষকে যে চাপা দিত, তা ভেবে শিউরে উঠতে হয়!
ঘটনা তদন্তে যে কমিটি গঠিত হয়েছে, আমরা চাই তারা শুধু এই ঘটনাটুকু নিয়েই অনুসন্ধান করবে না, রাজধানীর উড়ালসড়ক নির্মাণকাজে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এবং সরকারি তদারকি কর্তৃপক্ষের গাফিলতির চিত্রও তুলে ধরবে। নিহত ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের চিকিৎসাসহ আইন মোতাবেক ক্ষতিপূরণ আদায়ের সুপারিশ করবে।
নিরাপত্তা ছাড়াই উড়ালসড়ক নির্মাণমগবাজার-মৌচাক উড়ালসড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান জাতীয় নির্মাণ বিধিমালা মানছিল না। গত বছরের মার্চ মাসে এই মগবাজারেই মারা যান একজন নির্মাণশ্রমিক। মঙ্গলবারের প্রথম আলো থেকে জানা যাচ্ছে, গার্ডার চাপা পড়ে নিহত স্বপন পেশায় কাঠমিস্ত্রি। নির্মাণকাজের কোনো অভিজ্ঞতাই তাঁর ছিল না। অথচ তাঁকেই দিনমজুরির ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল নির্মাণের সময় জন–চলাচল ঠেকানোর কাজে। এটা কী ধরনের অপেশাদারত্ব? ৭৬০ কোটি টাকার প্রকল্পের খরচ বাড়ানো হয়েছে ১০০ কোটি টাকার বেশি। অথচ ঠিকাদারি প্রতিষ্ঠান পেশাদার কর্মী নিয়োগের চিন্তাই করল না?
পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাপনা ছাড়াই রাজধানীতে উড়ালসড়কের মতো বড় প্রকল্পের কাজ চলছে। নির্মাণকাজে নিরাপত্তাবিধি মানাতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো একধরনের নির্লিপ্ততা দেখিয়ে চলছে। সময়মতো এসব প্রকল্প শেষ হচ্ছে না, খরচ বাড়ছে, বাড়ছে মানুষের ভোগান্তি। পৃথিবীর কোথাও খোলা জায়গায় সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় এত বড় নির্মাণযজ্ঞ পরিচালনা করা হয় না। সারা ঢাকাতেই রাস্তা খোঁড়াখুঁড়ি চলছে, চলছে ফুটপাত সংস্কারের মতো কাজ। কোথাও গর্ত, কোথাও মাটি-বালুর স্তূপ, কোথাওবা মাথার ওপরে ভারী কংক্রিটের ভার। এ রকম অসাবধানতা চলতে থাকলে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ঘটনা ঘটার আগে ব্যবস্থা নেওয়াকে বলে দায়িত্বশীলতা, পরে বক্তৃতা-বিবৃতি দিয়ে দায় অস্বীকার করা কিংবা লোক দেখানো তদন্ত বরং নিষ্ঠুর রসিকতা।