বড়াল বাঁচাও মানুষ বাঁচাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উত্তরাঞ্চলের বড়াল নদ রক্ষার জন্য আন্দোলন শুরু হয়েছে। এবারই প্রথম নয়, ২০০৮ সাল থেকে রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জের মানুষেরা এই আন্দোলন করছে। বন্যা নিয়ন্ত্রণের অজুহাতে ২২০ কিলোমিটার পথ বয়ে যাওয়া এ নদের উৎসমুখ রাজশাহীর চারঘাটে প্রথম সংকীর্ণ আকারে একটি জলকপাট নির্মাণ করা হয়; পরে ভাটিতে আরও তিনটি জলকপাট এবং ক্রসবাঁধ তৈরি করার ফলে বড়াল নদ সর্বস্ব হারাতে বসেছে—আন্দোলন এ জন্যই। বড়ালের পূর্বাবস্থা ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে ‘বড়াল রক্ষা আন্দোলন’। এদের পাশে এসে দাঁড়িয়েছে ‘চলনবিল রক্ষা আন্দোলন’, ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’, ‘অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ডেভেলপমেন্ট,’ ‘রিভারাইন পিপল’ নামের বিভিন্ন সংগঠন। তাদের দাবি, অবিলম্বে জলকপাট ও ক্রসবাঁধ ভেঙে ফেলে সেতু নির্মাণ করে এবং ক্যাপিটাল ড্রেজিংয়ের অন্তর্ভুক্ত করে বড়ালকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে। রাজশাহীর চারঘাট থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী পর্যন্ত বড়ালপারের ২৫ লাখ মানুষের একটাই কথা—‘বাঁধ, স্লুইসগেট ভেঙে সেতু করো/বড়াল নদ চালু করো’। বড়াল রক্ষা না করা হলে, এ অঞ্চলের মানুষের জনজীবন বিপর্যস্ত হবে—ক্ষতি হবে ফসলি জমির, নদীকেন্দ্রিক সব ধরনের ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য, এ অঞ্চল যে ব্যবসা-বাণিজ্যের জন্য উল্লেখযোগ্য ছিল, তার প্রমাণ আছে ১৯১৬ সালে ব্রিটিশ সিভিলিয়ন ও’মেলি সাহেবের লেখা রাজশাহী জেলার বিবরণী গ্রন্থে। ওই লেখা থেকে জানা যায়, বড়াল নদ দিয়ে সে সময় আন্তদেশীয় বাণিজ্য পথ ছিল।আরেক ব্রিটিশ লেখক ডাব্লিউ ডাব্লিউ হান্টার তাঁর স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অব বেঙ্গল গ্রন্থে প্রাকৃতিকভাবে বড়াল নদ বিপন্ন হওয়ার প্রসঙ্গ উল্লেখ করেছেন। হান্টার লিখেছেন, ১৮২১ সালে ভয়াবহ বন্যার ফলে বড়ালের উৎসমুখে বিপুল পরিমাণ বালু জমে যাওয়ায় পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়—তাতে করে নদের নাব্যতা হ্রাস পায়। অধিকন্তু ১৮৯৭ সালে এলাকায় এক প্রলয়ংকরী ভূমিকম্পের বিরূপ প্রভাব পড়ে অন্যান্য নদীর মতো বড়ালেরও। তখন নদীর তলদেশ স্ফীত হয়ে ওঠে, জায়গায় জায়গায় চরের সৃষ্টি হয়।বড়াল নদের সঙ্গে কৃষিজীবন ও ব্যবসা-বাণিজ্যের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। রয়েছে আন্দোলন-সংগ্রামের ঐতিহ্যও। আরও এই নদের সঙ্গে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথের নিবিড় যোগাযোগ।ইতিহাস থেকে জানা যায়, বড়ালপারের মানুষেরা বিদ্রোহ করেছিল নীল চাষের বিরুদ্ধে। ১৮৬০ সালে রাজশাহী জেলার ২৪টি নীল ও রেশম কুঠি বিদ্রোহী চাষিদের দ্বারা আক্রান্ত হয়েছিল। তাদের অনেকেই ছিল বড়ালপারের বিভিন্ন গ্রামের মানুষ। এই বিদ্রোহী চাষিরা জনৈক ইংরেজ কুঠিয়াল সেমভেল সাহেবকে মাথা কেটে হত্যা করেছিল।আদতেই বড়ালের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। পিতার নির্দেশে তিনি জমিদারি তদারকি করতে আসেন পূর্ববঙ্গে। এখানে বাসকালে কুষ্টিয়ার শিলাইদহ, পাবনার শাহাজাদপুর এবং নওগাঁর কালিগ্রাম পরগনার পতিসরে যাতায়াত করেছেন নৌপথে—‘পদ্মা’, ‘চিত্রা’, কিংবা ‘নাগর’ বোটে চড়ে। তবে কবি ‘পদ্মা’ বোটেই বেশি ঘুরে বেড়িয়েছেন। এই নৌপথেই বহুবার শাহাজাদপুর থেকে বড়াল, চলনবিল, আত্রাই, নাগর পেরিয়ে পতিসরের কাচারিতে গেছেন। কবির অনেক লেখায়ই চলনবিল, আত্রাই এবং নাগর নদের সঙ্গে বড়ালের প্রসঙ্গ আছে। ১৮৯০ সালের ডিসেম্বর মাসে লেখা এক চিঠিতে তিনি স্ত্রী মৃণালিনী দেবীকে যে যাত্রাপথের বর্ণনা দিয়েছেন, তা বড়াল নদ নিয়েই।‘আজ আমি কালিগ্রাম পৌঁছলুম। তিন দিন লাগল। অনেক রকম জায়গার মধ্য দিয়ে আসতে হয়েছে। প্রথমে বড় নদী, তারপরে ছোট নদী, দু’ধারে গাছপালা, চমৎকার দেখতে, - তারপর নদী ক্রমেই সংকীর্ণ হয়ে আসে, নিতান্ত খালের মত, দু’ধারে উঁচু পাড়, ভারি বন্ধ ঠেকে।’১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর কবি কাদম্বিনী দেবীকে যে চিঠি লেখেন, তখন ভরা বর্ষাকালের বড়ালের চিত্র পাওয়া যায়—‘জলেস্থলে একাকার—পৃথিবীর সমুদ্র গর্ভ থেকে কিনারা নেই, খানিকটা মগ্নপ্রায় ধান ক্ষেতের মাথা, খানিকটা শেওলা এবং জলজ উদ্ভিদ ভাসছে...। ...দ্বীপের মতো, অতিদূরে গ্রামের রেখা দেখা যাচ্ছে—যেতে যেতে আবার খানিকটা নদী, দুধারে গ্রাম, পাটের ক্ষেত এবং বাঁশের ঝাড়।’ এই বড়াল নদের পথেই কবি রচনা করেন অসাধারণ কিছু গান। আমরাও চাই ইতিহাস ও বড়ালপারের মানুষের বাঁচা-মরার লড়াইয়ের স্মারক—বড়াল বাঁচুক; ফিরে পাক তার পূর্বাবস্থা—বিশিষ্টজনেরা এটাই প্রত্যাশা করছেন।ড. সাইফুদ্দীন চৌধুরী: গবেষক। অধ্যাপক, ফোকলোর বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।[email protected]