বয়লার বিস্ফোরণ নিছক দুর্ঘটনা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় পোশাক কারখানা মাল্টি ফ্যাবস লিমিটেডের বয়লার বিস্ফোরণে ১০ জনের নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পকারখানায় অনিরাপদ কর্মপরিবেশের বিষয়টি আবার সামনে এল।
প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, ঈদের ছুটির পর কারখানাটি গতকাল মঙ্গলবার খোলার কথা ছিল। এ জন্য গত সোমবার থেকে প্রস্তুতি নিচ্ছিল কারখানা কর্তৃপক্ষ। ওই দিন দুপুরের পর ডাইং ইউনিটের বয়লার সেকশনটি চালু করা হয়। অভিযোগ রয়েছে, বয়লারটির মেয়াদ শেষ হয়ে গেছে এবং যার ছাড়পত্র নবায়ন হয়নি। এ রকম অবস্থায় সেটি চালু করতে গেলে ত্রুটি দেখা দেয় এবং এ জন্য সন্ধ্যায় বয়লারের একজন অপারেটরকে বাসা থেকে কারখানায় ডেকে নেওয়াও হয়। ২৫ থেকে ৩০ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। সন্ধ্যায় বয়লারটির বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই আটজন ও পরে দুজন শ্রমিক মারা যান। আহত হন অর্ধশত। এটা নিছক দুর্ঘটনা নয়, বয়লারে ত্রুটি আছে টের পাওয়ার পরও কারখানা কর্তৃপক্ষ তা চালু রাখায় এই বিস্ফোরণ ঘটে। কারখানা কর্তৃপক্ষের এই গাফিলতির জবাবদিহি প্রয়োজন। এত মানুষের হতাহত হওয়ার দায় তাদেরই নিতে হবে।
দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে কারখানাগুলোতে বয়লার বিস্ফোরণের ঘটনা যেন নিয়মিত ব্যাপারে পরিণত হয়েছে। বয়লার হচ্ছে একটি বদ্ধ পাত্র, যার ভেতরে চাপের মাধ্যমে পানিকে বাষ্পে পরিণত করা হয়। সাধারণত পোশাক কারখানা, রঙের কারখানা, হাসপাতাল, বিদ্যুৎকেন্দ্রে এই বয়লার ব্যবহার করা হয়। বয়লার যদি ত্রুটিপূর্ণ হয় বা ঠিকভাবে চালানো না হয়, তাহলে বিস্ফোরণ ঘটতে পারে। যথাযথ রক্ষণাবেক্ষণ না হলেও বয়লার বিস্ফোরণ হতে পারে। বয়লারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রয়েছে শিল্প মন্ত্রণালয়ের কলকারখানা পরিদর্শন পরিদপ্তর। এই পরিদপ্তরের কাজ ঠিকভাবে বয়লার বসানো হয়েছে কি না এবং এটি কী অবস্থায় আছে, তা পরীক্ষা করে ছাড়পত্র দেওয়া। এই কর্তৃপক্ষ সঠিকভাবে কাজ করলে এ ধরনের দুর্ঘটনা ঘটার কথা নয়।
আমাদের দেশে কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বরাবরই উপেক্ষিত থাকে। যন্ত্রপাতির ফিটনেস নিয়মিত তদারকি হয় না এবং যথাযথ অগ্নিনির্বাপণব্যবস্থা থাকে না। দেশে শিল্পায়নের বিস্তারের সঙ্গে সঙ্গে শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশের বিষয়টিতে যথাযথ গুরুত্ব দিতে না পারলে এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে।
গাজীপুরের পোশাক কারখানায় এই বয়লার বিস্ফোরণের ঘটনায় কাদের গাফিলতি কাজ করেছে তা শনাক্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। আমরা নিহত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে যেন কোনো গাফিলতি না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানাচ্ছি।