সরকার বড় কর্তাদের অবসরের বয়স দুই বছর এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স আরও এক বছর বৃদ্ধি করেছে। যাঁরা ছোট পদে চাকরি করেন (তৃতীয়, চতুর্থ শ্রেণী), তাঁদের ৫৮ বছর বয়স পর্যন্ত চাকরি করে আবারও চাকরিতে থাকতে থাকবে, এমন চাকুরের সংখ্যা ৫ শতাংশ খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ আছে। সরকারি চাকরিতে প্রবেশের সময় ৩০ ও ৩২ (মুক্তিযোদ্ধা কোটা) ঠিক আছে এবং এত দিন ঠিকই ছিল। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কী হলো যে তারাও ৩০, ৩২ বেঁধে দিচ্ছে? অনেক ছাত্রছাত্রী নামীদামি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স করে সরকারি কর্মকর্তা হওয়ার নেশায় এতই বুঁদ হয়ে থাকে যে তাঁদের নিজেদের অজান্তেই কখন যে বয়স চলে যায়, চিন্তাই করতে পারেন না। সরকারি কর্মকর্তা হতে না পেরে বেসরকারি প্রতিষ্ঠানে ঢুকবেন? বিধি বাম। সেখানেও একই অবস্থা। অর্থাৎ বয়স শেষ। এখন তাঁরা যাবেন কোথায়? এ অবস্থা থেকে মুক্তির জন্য শূন্য পদগুলো দ্রুত পূরণ (পত্রিকায় প্রকাশিত শূন্য পদ প্রায় দুই লাখ) ও সব পর্যায়ে চাকরিতে প্রবেশের সময় ৩৫ করা উচিত। এ বিষয়ে সরকারের আশু দৃষ্টি কামনা করছি।মো. জাকির হাসেনকোর্টপাড়া, চুয়াডাঙ্গা।