বয়সসীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে মাননীয় স্পিকার গত ১ ফেব্রুয়ারি ৭১ নম্বর বিধিতে জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব করেন। মাননীয় স্পিকার হয়তো অনুধাবন করতে পেরেছেন, প্রচলিত শিক্ষাব্যবস্থা ও সরকারি নীতিমালার কারণে লাখ লাখ বেকার যুবকের স্বপ্ন আজ ধূলায় পদদলিত হচ্ছে। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা হচ্ছে ১৮-৩০ বছর। বাংলাদেশের এমনকি কোনো শিক্ষার্থী রয়েছে যে ১৮ বছর বয়সে স্নাতক (সম্মান) কিংবা স্নাতকোত্তর শেষ করতে পেরেছে? তাহলে কোন বিধিমালার আলোকে এমন অবাস্তব নীতিমালা সরকারি চাকরি বিধিতে সংযোজন করা হলো? এর কি আদৌ কোনো আইনসংগত ব্যাখ্যা আছে? বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত মধ্যবিত্ত ও গরিব মেধাবী শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়। কিন্তু ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিরতা, অচলাবস্থা ও তুচ্ছ ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ইত্যাদি কারণে সেশনজট, অতঃপর চার বা পাঁচ বছরের কোর্স শেষ হতে শিক্ষার্থীদের মূল্যবান জীবনের আরও তিন-চার বছর নষ্ট হয়ে যায়। অর্থাৎ ২৭ কিংবা ২৮ বছর লাগে একজন শিক্ষার্থীর স্নাতকোত্তর শেষ হতে। এরপর চাকরিতে আবেদন এবং এর নিয়োগ সম্পন্ন হতে ৩০টি বছর চলে যায় জীবন থেকে। চাকরিটা তার কাছে তখন লটারি মনে হয়। কারণ, যে সময়টুকু তার কাছে অবশিষ্ট থাকে, তা অতি সামান্য। এই স্বল্প সময়ে বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া তার জন্য হয়ে ওঠে একটি আকাশকুসুম। এ ছাড়া অসচ্ছল পরিবারগুলোতে পারিবারিক চাপ তো আছেই। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, একটি মানুষের মেধা ও জ্ঞান কি ৩০ বছর পরেই নষ্ট হয়ে যায়? তাহলে কোন বাস্তবতার নিরিখে এমন পদ্ধতি সরকারি চাকরির বিধিমালায় স্থান পেল। আজ যোগ্যতা ও মেধা থাকা সত্ত্বেও কয়েক লাখ যুবক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। এর দায়ভার কার? তাই বর্তমান সরকারের প্রতি আমার আকুল আবেদন, অতি দ্রুত সরকারি বিধিমালাতে বর্তমানে চাকরিতে প্রবেশের যে বয়সসীমা রয়েছে, তা বাড়িয়ে ২৫ করা হোক। তাহলে অন্তত কয়েক লাখ তরুণ ও যুবক তাদের মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়ে হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে নতুন করে বাস্তবায়ন করতে পারবে। আর এতে দেশ ও জাতির কল্যাণ সাধনে তারা সমর্থ হবে।চমক চন্দপ্রাক্তন শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।