ভবদহে লাখ লাখ মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগর থেকে পলি এসে নদী ভরাট হওয়ার কারণে যশোরের ভবদহ অঞ্চলে বর্ষার সময় প্রতিবছর জলাবদ্ধতা দেখা দেয়। বছরের পাঁচ থেকে ছয় মাস এ অঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে থাকে। এ কারণে এ অঞ্চলের প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে আবাদ করা যায় না। এ ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজন পলিব্যবস্থাপনা, যা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বা জোয়ারাধার নামে পরিচিত। বছরের পর বছর ধরে জলাবদ্ধতার শিকার ভবদহ অঞ্চলের মানুষের দাবি এই টিআরএম বাস্তবায়ন।

ভবদহের মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে সরকার শেষ পর্যন্ত ২০১৭ সালে টিআরএম বাস্তবায়ন করার ঘোষণা দেয়। ২০১৮ সালের জানুয়ারি মাসে এর কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যথাযথ সময়ে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় সেই কাজ শুরু করা যাচ্ছে না। পাউবো এখন বলছে, ২০১৯ সালের জানুয়ারির আগে তা শুরু করার কোনো সম্ভাবনা নেই। কারণ, এ জন্য যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিসি) তৈরি হয়েছে তা পানিসম্পদ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশন ঘুরে একনেকে পাস হতে সময় লাগবে। ফলে আগামী শুষ্ক মৌসুমের আগের করা যাবে না।

তবে ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির মতে, আগামী ৩১ জানুয়ারির আগে টিআরএম বাস্তবায়ন না হলে ফেব্রুয়ারি থেকে পলি এসে ভবদহের ভাটিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার নদী ভরাট হয়ে যাবে। এতে আগামী বর্ষা মৌসুমে এ অঞ্চলে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করবে।

আমাদের প্রশ্ন হচ্ছে ভবদহের মানুষ আর কত দুর্ভোগের শিকার হবে? যেখানে এতগুলো লোকের জীবন-জীবিকার প্রশ্ন, সেখানে দ্রুত ও বিশেষ উদ্যোগ নিয়ে একটি প্রস্তাব পাস করানো যায় না! জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত প্রস্তাব অনুমোদন করে এবারের শুষ্ক মৌসুমেই ভবদহ অঞ্চলে টিআরএম বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হোক।