ভবদহের জোয়ারাধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুমে দীর্ঘ জলাবদ্ধতার কারণে যশোরের ভবদহ অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের জীবন অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। গত বছর অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার ১০৫টি গ্রাম জলমগ্ন হয়ে পড়লে প্রায় ২ লাখ মানুষের জীবনে ঘোর দুর্যোগ দেখা দেয়। ৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া বন্ধ হয়ে যায়, ১৩ হাজার হেক্টর জমিতে আমন ধান ফলানো যায়নি। পানিবন্দী গ্রামে জীবনযাত্রা স্বাভাবিক থাকতে পারে না। এই অস্বাভাবিক জীবনযাত্রা দীর্ঘায়িত হলে শুধু অর্থনৈতিক ক্ষতিই হয় না, স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। বিশেষত নারী, শিশু ও বয়স্ক মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। শিশুরা অপুষ্টিতে ভোগে, তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। বিদ্যালয়ে গিয়ে সানন্দে লেখাপড়া ও খেলাধুলায় যাদের শৈশবের দিনগুলো কেটে যাওয়ার কথা, সেই শিশুদের পানিবন্দী জীবন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

কিন্তু ভবদহ অঞ্চলের মানুষের এই দুঃসহ পানিবন্দী জীবন অনিবার্য নয়, এই সমস্যা সমাধানের অতীত নয়। টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) নামে একটি বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে এ রকম সমস্যা দূর করা যায়। জোয়ারের সঙ্গে বাহিত পলি ব্যবস্থাপনার এই পদ্ধতি যশোরের ওই অঞ্চলে লোকজভাবে অনুসরণ করা হতো। নদীসংলগ্ন বিলে বাঁধ তৈরি করে নদীর পাড় কেটে দিয়ে নদী বেয়ে জোয়ারের সঙ্গে আসা পলি বিলে জমা হতে দেওয়া হয়, এতে নদীর নাব্য অটুট থাকে। বিলে বাঁধ দিয়ে টাইডাল রিভার ম্যানেজমেন্টের মাধ্যমে পলি ব্যবস্থাপনার এই পদ্ধতিকে বলা হয় জোয়ারাধার।

এই প্রকল্পের একটি পর্যায় শেষ হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এ বছরের শুরুর দিকে ‘ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা
দূরীকরণ প্রকল্প’ (দ্বিতীয় পর্যায়) নামে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দিয়েছিল। প্রস্তাবটি গত সাত মাস মন্ত্রণালয়ে আটকে থাকার পর নীতিগত সম্মতি পেয়েছে বলে ৪ আগস্ট প্রথম আলোয় একটি খবর বেরিয়েছে। পানিসম্পদমন্ত্রী নীতিগত সম্মতি দিয়ে প্রস্তাবে স্বাক্ষর করেছেন।

তবে জোয়ারাধার প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করতে আরও কয়েকটি পর্যায় পার হতে হবে। মন্ত্রণালয়ের যাচাই কমিটির অনুমোদনের প্রয়োজন হবে, সে অনুমোদন লাভের পর তা যাবে পরিকল্পনা কমিশনে, সেখানে দুটি বৈঠকের পর প্রস্তাবটি পুনর্গঠিত আকারে পাস হবে এবং তারপর যাবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক)। একনেকে অনুমোদিত হওয়ার পরই তার বাস্তবায়নের কাজ শুরু হবে। এই সব প্রক্রিয়া শেষ হতে ঠিক কত সময় লাগতে পারে, তা নিশ্চিত নয়। যদি আগামী বছরের জানুয়ারি পর্যন্ত লেগে যায়, তাহলেও জোয়ারাধার প্রকল্পের কাজ শুরু করতে আরও এক বছর সময় লেগে যেতে পারে। তাই এসব পর্যায় যত দ্রুত সম্ভব শেষ করা উচিত এবং আগামী মাঘী পূর্ণিমার সময় থেকেই কাজ শুরু করা প্রয়োজন। নইলে আগামী বছরের বর্ষা মৌসুমেও জলাবদ্ধতা সৃষ্টি হবে।