ভবদহের দুঃখ ঘুচবে কবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ভবদহ অঞ্চলে প্রায় সারা বছরই জলাবদ্ধতা লেগে থাকে। আর এখন, এই চলতি বৃষ্টির মৌসুমে পানি জমে যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার কয়েক লাখ মানুষের জীবনে দুর্ভোগ অনেক বেড়ে গেছে। কৃষি ও মৎস্য চাষের ওপর নির্ভরশীল ওই অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের জীবিকার পথও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

কয়েক দিনের বৃষ্টির পানিতে অভয়নগর ও মনিরামপুর উপজেলার অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ বছর বেশি দুর্ভোগের কারণ বেশি বৃষ্টিপাত। মে মাসে যেখানে স্বাভাবিক বৃষ্টিপাত ধরা হয় ১৮০ মিলিমিটার, সেখানে এ বছরের মে মাসে ওই অঞ্চলের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৫৮ মিলিমিটার। তার পরের মাসগুলোতে বৃষ্টি আরও বেড়েছে।

ভবদহের মানুষের এবারের বাড়তি দুর্ভোগের কারণ এই প্রাকৃতিক দুর্যোগ নিরসনের প্রাকৃতিক পন্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ, বৃষ্টির পানি নেমে যাওয়ার প্রাকৃতিক পথ যে চারটি নদী, সেগুলোতে পলি জমে নাব্যতা ভীষণভাবে কমে গেছে। ফলে পানি নামতে পারছে না। জোয়ারের সময় বেশি পানি ঢুকছে আর ভাটায় নেমে যাচ্ছে কম পানি। পানিনিষ্কাশনের জন্য নির্মিত ২১টি স্লুইসগেটও পলি জমে কার্যকারিতা হারিয়েছে।

ভবদহের জলাবদ্ধতা দূর করার জন্য সরকার অনেক টাকা ব্যয় করেছে; কিন্তু তার সুফল পাওয়া যায়নি। ভবদহ অঞ্চলের মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদীর পানি চলাচল নির্বিঘ্ন রাখতে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৪টি প্রকল্পে সাড়ে ছয় কোটি টাকার পাইলট চ্যানেল খননকাজ হয়েছে। বেশির ভাগ কাজই করানো হয়েছে যশোর-৫ (মনিরামপুর) আসনের সাংসদ ও মন্ত্রীর ছেলের প্রতিষ্ঠানকে দিয়ে। ফলে টাকা খরচ হলেও জলাবদ্ধতার নিরসন ঘটেনি।

তারপর ‘ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প’ নামে নতুন করে ৮০৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পে ৬২টি নদী ও খাল পুনঃখনন, খালের ওপর ১৯টি কালভার্ট নির্মাণ, বাঁধ ও সড়ক নির্মাণ এবং ২০টি স্লুইসগেট নির্মাণ ও সংস্কার করার কথা। এই কাজগুলো সুষ্ঠুভাবে, গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা একান্ত জরুরি। নইলে বিপুল অর্থের অপচয় ঘটতে থাকবে, কিন্তু সমস্যার সমাধান ঘটবে না। এগুলো ছাড়া জোয়ারাধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) পদ্ধতি ফিরিয়ে আনা প্রয়োজন। কারণ, অতীতে এই পদ্ধতিতে জলাবদ্ধতা কিছুটা কমানো সম্ভব হয়েছিল।

বিপুলসংখ্যক মানুষের দুর্ভোগ লাঘবের জন্য এই মুহূর্তে প্রয়োজন স্লুইসগেটগুলোর পলি দ্রুত সরিয়ে নেমে যাওয়ার পথ করে দেওয়া।