ভবনধসে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া শ্রমিকদের মধ্যে যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে এক-তৃতীয়াংশই গুরুতর আহত। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে তাঁদের ভর্তি করা হলেও যে তাঁরা উন্নত চিকিৎসা পাচ্ছেন, সে কথা নিশ্চিত করে বলা যায় না। প্রথমত, এসব হাসপাতালে রোগীদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার মতো চিকিৎসক, চিকিৎসা সরঞ্জাম আছে কি না, তা খতিয়ে দেখা দরকার। বিশাল ভবনের নিচে চাপা পড়া রোগীদের কেউ হাত-পা হারিয়েছেন, কেউ বুকে-পেটে ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। এসব আঘাতে ফুসফুস, কিডনিসহ দেহের ভেতরের অনেক অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। যাঁদের ক্ষেত্রে তেমনটি ঘটেছে, তাঁদের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা জরুরি প্রয়োজন।এখন পর্যন্ত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চসংখ্যক আহত রোগী আছেন। স্থানাভাবে অনেক রোগীকে মেঝেতে রাখা হয়েছে। এ অবস্থায় তাঁদের মানসম্মত চিকিৎসা ও নিবিড় পরিচর্যা সম্ভব নয়। এ ধরনের রোগীদের অস্ত্রোপচারের পাশাপাশি নিয়মিত নানা রকম থেরাপি দেওয়াও প্রয়োজন হয়। অনেক হাসপাতাল ও ক্লিনিকেই এসব সুবিধা নেই। আহত প্রতিটি রোগীর নিবিড় পর্যবেক্ষণের পরই সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা কোন হাসপাতালে কোন চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা নেবেন। এ ক্ষেত্রে সময়ক্ষেপণ বা দায়িত্বে অবহেলা বড় ধরনের ক্ষতি বয়ে আনতে পারে। সময়মতো অস্ত্রোপচার না হলে অনেকের গ্যাংগ্রিন হওয়ারও আশঙ্কা আছে। উন্নত চিকিৎসার জন্য গুরুতর রোগীদের প্রয়োজনে বিদেশেও পাঠানো যেতে পারে। আমাদের ধারণা, সাভারের ঘটনায় যেভাবে সর্বস্তরের মানুষ সহায়তা করছেন, তাতে বিদেশে চিকিৎসার খরচ জোগানো কঠিন হবে না। অনেক উন্নত দেশ আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা ও অন্যান্য সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রীও আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, সবকিছু করার কথা বলেছেন। চিকিৎসার পর তাঁদের পুনর্বাসন ও কর্মসংস্থানের কথাও ভাবতে হবে।