পয়লা বৈশাখের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবছরের মতো এবারও বিপুলসংখ্যক নারী-পুরুষের সমাগম ঘটেছিল। কিন্তু নারীদের নিরাপত্তা নিশ্চিত করার কোনো ব্যবস্থা যে সেখানে ছিল না, তা ওই দিন সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের গেটের কাছে সংঘটিত ন্যক্কারজনক ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে।
পুলিশের বসানো সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজে নারীদের লাঞ্ছিত করার অন্তত ১০টি দৃশ্য ধরা পড়েছে, কিন্তু পুলিশকে ঘটনাস্থলে আসতে দেখা গেছে একদম শেষ পর্যায়ে। ফুটেজগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, অল্প কয়েকজন যুবক সংঘবদ্ধভাবে নারী নিপীড়নের ঘটনাগুলো ঘটিয়েছে প্রায় এক ঘণ্টা ধরে। ওই সময় পুলিশ দ্রুতগতিতে ব্যবস্থা নিলে এসব অপরাধ ঠেকানো ও অপরাধীদের আটক করা সম্ভব হতো।
অথচ নববর্ষের দুদিন আগে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে নববর্ষের নিরাপত্তা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছিলেন, ‘পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে, যা ডিএমপির সদর দপ্তর থেকে মনিটর করা হবে।...ইউনিফর্ম ও সিভিল পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক স্তরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।’
প্রশ্ন জাগে, ডিএমপির সদর দপ্তর থেকে কী মনিটর করা হচ্ছিল? ইউনিফর্ম পরা ও সিভিল পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই বা ‘কয়েক স্তরে’ কী নিয়ে ব্যস্ত ছিলেন? কেন তাঁরা নারীদের লাঞ্ছনার ঘটনাগুলো প্রতিরোধ করতে ও লাঞ্ছনাকারীদের আটক করতে ব্যর্থ হলেন?
সিসি ক্যামেরা বসিয়ে অপরাধ সংঘটনের ছবি তোলা এবং অপরাধ ঘটে যাওয়ার পরে ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করতে গলদঘর্ম হওয়ার চেয়ে অপরাধ ঘটার মুহূর্তেই তা ঠেকানো বেশি দরকারি। তা করা হয়নি; তারপর ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করতেও এ পর্যন্ত ব্যর্থ হয়েছে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ। তাদের এই সামগ্রিক ব্যর্থতার কি কোনো প্রতিকার নেই?
নববর্ষের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছনার ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে। অতীতের অভিজ্ঞতা থেকেও তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু শিক্ষা নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে এ ধরনের ধিক্কারজনক অপরাধের পুনরাবৃত্তি ঠেকানো যায়। সেদিনের নারী লাঞ্ছনাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ নেওয়া হোক। আর ভবিষ্যতে এ ধরনের উৎসবে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।