ভবিষ্যতের স্বার্থে প্রয়োজন উন্নত গবেষণায় বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধশিল্প বিকশিত হয়েছে এবং ওষুধ রপ্তানি বাণিজ্য এগিয়ে যাচ্ছে খোদ মার্কিন মুলুক পর্যন্ত; কিন্তু ওষুধ গবেষণা তার সঙ্গে তাল মেলাতে পারছে না। এ বছরের মার্চে বাংলাদেশ থেকে পেটেন্ট করা ওষুধ যাবে যুক্তরাষ্ট্রে। আরও বেশি দেশে আরও বড় মাত্রায় যেতে হলে এখন মনোযোগ নিবদ্ধ করতে হবে ওষুধ গবেষণায়। এ কাজে সরকারের পৃষ্ঠপোষকতা লাগবে, তবে ওষুধশিল্পের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকরী বিনিয়োগই মুখ্য। গবেষণায় ব্যয় আসলে ভবিষ্যতের বিনিয়োগ, যা আসলে ওষুধশিল্পকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও শক্তিশালী করে তুলবে।
আশির দশকে প্রণীত ওষুধনীতি ওষুধ খাতের বিকাশের দরজা খুলে দিয়েছিল। তার মাধ্যমে জন্ম হয়েছিল বেশ কিছু উদ্যোগী ওষুধ শিল্পপ্রতিষ্ঠানের। যুক্তরাষ্ট্রে পেটেন্ট করা ওষুধ রপ্তানির সূচনা তারই ধারাবাহিকতা। বলা দরকার, বেশ কিছু
দেশে ইতিমধ্যে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয়। যুক্তরাষ্ট্রে রপ্তানি এ কারণেই গুরুত্বপূর্ণ যে সেখানকার ওষুধের মাননিয়ন্ত্রণ বিশ্বব্যাপী প্রশংসিত। সুতরাং কড়া মাননিয়ন্ত্রণের বাজারে বাংলাদেশে উৎপাদিত ওষুধের গ্রহণযোগ্যতা তাই শিল্পগত অর্জন বলেই গণ্য হবে।
যুক্তরাষ্ট্রের ওষুধ-বাজারে বাংলাদেশ প্রবেশ করছে নিম্ন আয়ভুক্ত দেশ হিসেবে। এই সুযোগ ২০৩৩ সাল পর্যন্ত থাকবে। কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে নিম্ন-মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। মধ্যম আয়ের দেশে উত্তরণের জন্য ২০৩৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে না-ও হতে পারে। এখনই যদি নিত্যনতুন ওষুধ আবিষ্কার করে ওষুধের গুণ ও মান বাড়ানো না যায়, তাহলে মধ্যম আয়ের দেশের জন্য প্রযোজ্য যোগ্যতায় পিছিয়ে পড়তে হতে পারে। সামগ্রিক অগ্রগতিকে টেকসই করতে হলে যে জ্ঞান, আবিষ্কার ও প্রযুক্তিগত উৎকর্ষ দরকার, তাতে ঘাটতি থাকা তাই হরিষে বিষাদের ঘটনা।
কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণায় জড়িত। এই ক্ষেত্রটা প্রসারিত করাই আজকের প্রয়োজন। এর জন্য গবেষক নিয়োগ, ল্যাবরেটরি উন্নত করা এবং আনুষঙ্গিক চাহিদা মেটানোয় তহবিল গঠন করা এখনই দরকার।