জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশ নির্ধারিত সময়ের তিন বছর আগেই দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। তবে এ–ও মনে রাখতে হবে, যে আটটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, আমরা তার সব কটিতে সাফল্য দেখাতে পারিনি।
যেসব লক্ষ্যমাত্রা বাংলাদেশ অর্জন করেছে তার মধ্যে রয়েছে দারিদ্র্য বিমোচন, সর্বজনীন প্রাথমিক শিক্ষার হার বাড়ানো, শিশুমৃত্যুর হার কমানো এবং মাতৃ স্বাস্থ্যসেবার উন্নয়ন। অত্যন্ত জনবহুল এবং রাজনৈতিক অস্থিরতায় প্রায়ই আক্রান্ত একটি দেশে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা তিন বছর আগে পূরণ হওয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ঘটনা। তবে এখানে থেমে থাকলে চলবে না। মনে রাখতে হবে, দারিদ্র্যের হার ২৪ দশমিক ৮ শতাংশে নেমে আসার পরও ৩ কোটি ৯২ লাখ লোক উচ্চ দারিদ্র্যরেখা এবং ২ কোটি ৪ লাখ নিম্ন দারিদ্র্যরেখার নিচে বসবাস করছে। আমাদের দারিদ্র্য হার শূন্যে নিয়ে আসতে হবে।
প্রতিবেদনে প্রত্যন্ত ও চরাঞ্চলের দারিদ্র্য অবস্থা, আয়বৈষম্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর কম অংশগ্রহণকেই চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরাও মনে করি, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে
হবে শক্ত হাতে। দেশের প্রতিটি অঞ্চলে যেমন উন্নয়নের সুফল পৌঁছে দিতে হবে, তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি সমমাত্রায় নারীর অংশগ্রহণও নিশ্চিত করতে হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী অধিবেশনে ১৫ বছর মেয়াদি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে আমাদের উচিত হবে, অতীতের অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে সেই লক্ষ্যমাত্রা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা। এসডিজির পরিধি বিশাল, আগে যেখানে আটটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, এখন ১৭টি। এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য পেতে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই। ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছি। লক্ষ্যে স্থির থাকলে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হওয়াও কঠিন হবে না বলে মনে করি।