ভর্তি পরীক্ষায় জালিয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি পরীক্ষায় মাত্র দুজন পাস করেছেন—এই হতাশাজনক খবরের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ জালিয়াতির যে খবর পাওয়া গেল, তা ভয়াবহ। ঘটনা দুটি দেশের শিক্ষাব্যবস্থা, বিশেষ করে উচ্চশিক্ষার যে চিত্র তুলে ধরল, তা নিয়ে গভীর চিন্তাভাবনা ও বড় ধরনের সংস্কারের প্রয়োজনীয়তাই তুলে ধরল।
প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট, এসএসসি ও এইচএসসি—এসব নানা পরীক্ষার পর জিপিএ-৫-এর ছড়াছড়ির পর এসব আমরা কী দেখছি! এসব পরীক্ষা আর এর ফল নিয়ে তো আমাদের সন্তুষ্টির শেষ নেই। শিক্ষার মান বলে একটি ব্যাপার আছে, তার কি কোনো প্রতিফল পাওয়া গেল এই দুটি ঘটনার মধ্য দিয়ে?
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল বিবেচনায় নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তিপ্রত্যাশীরা সেই যোগ্যতাবলেই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এটা প্রমাণিত হলো যে আগে যে পরীক্ষার ভিত্তিতে তাঁরা ভালো ফল করেছেন, সেটার কোনো প্রতিফলনই শিক্ষার্থীরা রাখতে পারলেন না ভর্তি পরীক্ষায়। তাহলে কিসের ভিত্তিতে তাঁরা আগের পরীক্ষাগুলোতে ভালো ফল করলেন?
যেহেতু শিক্ষার্থীরা বুঝে গেছেন যে পড়াশোনা করে তাঁরা অতীতে জিপিএ–৫ বা ভালো ফল করেছেন, তার ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় পাস করা যাবে না, তাই ভর্তি পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিতেও তাঁরা পিছপা হচ্ছেন না। শুক্রবার ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় যে বেপরোয়া জালিয়াতির ঘটনা ধরা পড়ল, তা আসলে ওই শিক্ষার মানের সঙ্গেই সম্পর্কিত।
এই জালিয়াত চক্রের অনেকেই ধরা পড়েছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পুরো বিষয়টিকে সামগ্রিকভাবে শিক্ষাক্ষেত্রের গুরুতর সমস্যা হিসেবে বিবেচনা করে প্রতিকারের জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।