ভাইবার ও হোয়াটসঅ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে একের পর এক হামলা ও সন্ত্রাসী ঘটনাগুলোর কোনো কূলকিনারা হচ্ছে না। এখনো এই চক্র ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। এমন পরিস্থিতিতে সন্ত্রাসীদের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত ভাইবার বা হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণের কথা শোনা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার সংসদে বলেছেন, কিছুদিনের জন্য হলেও ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করে জঙ্গিদের ধরতে হবে। জঙ্গিদের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি আমাদের সমর্থন রয়েছে এবং এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে জঙ্গি দমন বা তাদের ধরতে ভাইবার বা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগের মাধ্যম বন্ধ করা আদৌ কোনো ভূমিকা রাখবে কি না।
সন্ত্রাস ও জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। জঙ্গি বা সন্ত্রাসীদের নেটওয়ার্ক চিহ্নিত বা তাদের যোগাযোগব্যবস্থা অকার্যকর করার বিষয়টি সব দেশেই একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশও সেই চ্যালেঞ্জের মুখে পড়েছে, তবে তা মোকাবিলায় ভাইবার বা হোয়াটসঅ্যাপ বন্ধ কোনো কার্যকর ফল দেবে তার নিশ্চয়তা কী? এই দুটির বাইরেও এমন আরও অসংখ্য সফটওয়্যার বা সেবা রয়েছে, যেগুলো জঙ্গি বা সন্ত্রাসী চক্র ব্যবহার করতে পারে। ফলে ভাইবার বা হোয়াটসঅ্যাপ বন্ধ করা হলে জঙ্গি বা সন্ত্রাসীরা খুব সমস্যায় পড়বে বলে মনে হয় না। তবে বিপদে পড়বে বাংলাদেশের অগণিত সাধারণ জনগণ, যারা দেশে-বিদেশে আপনজনের সঙ্গে যোগাযোগের জন্য জনপ্রিয় এই দুটি মাধ্যমের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এর আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বন্ধ করে জনশৃঙ্খলা উন্নয়নে তেমন কোনো সুফল পাওয়ার প্রমাণ নেই।
আধুনিক যুগে ইন্টারনেটের মাধ্যমে ঘটা যেকোনো যোগাযোগই ট্র্যাক করা সম্ভব। এ জন্য কার্যকর প্রযুক্তি ও জোরদার গোয়েন্দা তৎপরতার বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে নিরাপত্তা বাহিনীর প্রযুক্তিগত সমাধান উদ্ভাবন করতে হবে এবং তা ব্যবহারের দক্ষতা বাড়াতে হবে।
ভাইবার বা হোয়াটসঅ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত বলে আমরা মনে করি।