ভাঙচুর ও অগ্ন্যুৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুটা স্তিমিত থাকার পর দেশজুড়ে আবার শুরু হয়েছে আগুনের জয়োৎসব। জেলা ও উপজেলা পর্যায়ের ভূমি দপ্তরে আগুন দেওয়া চলছে। রাজধানীসহ সারা দেশে গাড়িতে আগুন দেওয়াও বেড়ে গেছে। এ নারকীয় তাণ্ডবের কি কোনো শেষ নেই?
বিরোধী ২০-দলীয় জোটের ডাকা অবরোধের ৫৫তম দিনেই ৪৩টি গাড়ি ভাঙচুর ও পোড়ানো হয়েছে। যশোরে পেট্রলবোমা থেকে বাঁচতে গিয়ে আহত হয়ে মৃত্যুবরণ করেছেন এক কলেজছাত্র। এগুলো রোববারের পরিসংখ্যান। সোমবার দুপুর পর্যন্ত ঢাকা, পঞ্চগড় ও ফেনীতে পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সোমবারও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় পুলিশ কাউকে হাতেনাতে গ্রেপ্তার করতে পারেনি।
আতঙ্ক ছড়ানো ও অচলাবস্থা জিইয়ে রাখাই আগুনবাজ পিকেটারদের লক্ষ্য। এটা যদি আন্দোলনের কৌশল হয়, তাহলে এ কৌশলে নিহত ব্যক্তিদের দায়ভারও আন্দোলনকারীদেরই নিতে হবে। হরতাল–অবরোধের নামে বাস–ট্রাক জ্বালিয়ে দেওয়া কিংবা মানুষ পুড়িয়ে মারা আন্দোলনের ভাষা হতে পারে না।
এক দিনে ৪৩ গাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, কলেজছাত্র নিহতএদিকে উচ্চ আদালত অবরোধ কেন অসাংবিধানিক নয়, সে বিষয়ে রুল জারি করেছেন। নির্বিচার হরতাল ও অবরোধে জনজীবন বিপর্যস্ত করার পরিপ্রেক্ষিতে ‘অপরাধীর’ তকমা ছাড়া আন্দোলনকারীরা আর কী অর্জন করল, সেটা ভেবে দেখার বিষয়। এ ধরনের সহিংস আন্দোলন বুমেরাং হতে বাধ্য। আমাদের জিজ্ঞাসা, প্রায় দুই মাস ধরে চলমান অবরোধ–হরতাল দিয়ে বিরোধী দল কী অর্জন করেছে?
অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফে আগুন জ্বালানোর আগেই ঠেকিয়ে দেওয়ার নজির বিরল। তারা ব্যস্ত হয় ঘটনার পরে এবং দোষী-নির্দোষ বাছবিচার না করে মানুষকে গ্রেপ্তার করছে। অনেক ক্ষেত্রে ‘বন্দুকযুদ্ধের’ গল্প শোনানো হচ্ছে। অপরাধ প্রতিরোধের নামে এ ধরনের তৎপরতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে। বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। পুলিশ-বিজিবি-র্যাব ও আনসারকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের বদলে জনগণের নিরাপত্তায় নিয়োজিত করাই এই মুহূর্তের কর্তব্য।