ভাঙচুরের রাজনীতি বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৩ জন নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দলটির নেতা-কর্মীরা দেশজুড়ে যে পন্থায় বিক্ষোভ প্রদর্শন করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।বিএনপির নেতা-কর্মীরা রাজধানী ঢাকায় পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। সারা দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর করেছেন দুই শতাধিক গাড়ি। এ ছাড়া তাঁরা ব্যাংকসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালিয়েছেন। এগুলো সবই ব্যক্তি-মালিকানাধীন সম্পত্তি। যে ব্যক্তির প্রাইভেট কার ভাঙা হয়েছে বা যাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তিনি সরকার ও বিরোধী দলের মধ্যকার বিরোধ-বৈরীর সাতে-পাঁচেও নেই। তাহলে কেন তাঁর সম্পত্তির ক্ষতি করা হলো—এই প্রশ্নের কী জবাব দেবেন বিএনপি বা ১৮ দলের নেতা-কর্মীরা? তাঁরা কি ধরেই নিয়েছেন, সরকারের বিরুদ্ধে তাঁদের বিক্ষোভের বলি হতে হবে সাধারণ মানুষকে?লক্ষণীয় বিষয়, গত বুধবার আদালতের নির্দেশে বিএনপির নেতৃত্বাধীন ১৮ জোটের যে ৩৩ জন নেতাকে সরকার কারাগারে পাঠিয়েছে, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি হরতালের সময় গাড়িতে আগুন লাগানোর অভিযোগ-সংবলিত। সেই অভিযোগের সত্য-মিথ্যা প্রমাণিত হবে আদালতে। কিন্তু নেতাদের বিরুদ্ধে সরকারের এই পদক্ষেপের প্রতিবাদ করতে গিয়ে বিএনপির নেতা-কর্মীরা আবারও বেছে নিলেন একই পন্থা।কিন্তু বিএনপির নেতা-কর্মীরা একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিচ্ছেন না। সেটি হলো, তাঁদের এই জবরদস্তিমূলক, জ্বালাও-পোড়াও কৌশল জনসাধারণের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তাঁরা লক্ষ করলে দেখতে পাবেন, বিরোধী দলের আন্দোলন-সংগ্রামকে বাধা দিতে গিয়ে সরকার যে দমন-পীড়নের আশ্রয় নিচ্ছে, জনগণ সেটাকে অগণতান্ত্রিক মনে করলেও বিরোধী দলের হরতালসহ ভাঙচুরের রাজনীতিকে মোটেও পছন্দ করছে না। হরতালের সময় জনগণের ব্যাপক ভোগান্তি ও ক্ষয়ক্ষতি হয়—বিরোধী দলের একাধিক নেতা-কর্মী এই সত্য স্বীকার করেছেন এবং বলেছেন, তবু তাঁরা হরতাল ডাকতে বাধ্য হচ্ছেন কোনো উপায়ন্তর না দেখে। তা-ই যদি হয়, বিএনপির নেতা-কর্মীদের যদি জনগণের ভোগান্তি সৃষ্টি করা ও ক্ষয়ক্ষতি সাধন করার ইচ্ছা না-ই থাকে, তাহলে কেন তাঁরা যানবাহনে আগুন ধরিয়ে দেন? কেন দোকানপাট ভাঙচুর করেন? কেউ কি তাঁদের এসব ধ্বংসাত্মক তৎপরতায় লিপ্ত হতে বাধ্য করে?বিরোধী দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে যখন শান্তিশৃঙ্খলা ভঙ্গ হয় ও মানুষের জানমালের ক্ষতি হয়, তখন সরকার অরাজক অবস্থা নিরসন করে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব পালনের নামে দমন-পীড়নের সুযোগ পেয়ে যায়। বিরোধী দল কেন সরকারকে সেই সুযোগ দিতে চাইছে?আমরা আশা করব, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হিসেবে সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ জানানোর সময় বিএনপি ও তার নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ধ্বংসাত্মক পন্থা পরিহার করবে। একমাত্র শান্তিপূর্ণ পথে আন্দোলন করেই জনসমর্থন লাভ করা যায়, উল্টো পথে নয়। একই সঙ্গে সরকারের প্রতিও আমাদের আহ্বান থাকবে, দমন-পীড়নের পথ পরিহার করুন। দেশ ও জনগণের স্বার্থে উভয় পক্ষের কাছে ধৈর্য, সংযম ও সহিষ্ণুতা প্রত্যাশিত।