‘সড়ক’ বলতে স্থলভাগের এমন একটি পরিসরকে বোঝায়, যার ওপর দিয়ে মানুষ হেঁটে কিংবা যানবাহনযোগে যাতায়াত করে। সেই পরিসর যখন ভারী বর্ষণ বা অন্য কোনো কারণে সাময়িকভাবে নিমজ্জিত হয়, তখন তা সড়ক ব্যবহারকারীদের জন্য দুর্ভোগের কারণ হয়। দু-এক দিনের জন্য এ ধরনের সমস্যা সাধারণত এ দেশের মানুষ মেনে নিতে অভ্যস্ত। কিন্তু যে সড়কটি ছয় মাসের বেশি সময় ধরে প্রায় হাঁটুপানির নিচে ‘ডুব’ দিয়ে আছে, বৃষ্টি হলে যেখানে পানির গভীরতা আরও বেড়ে যায়, সেই সড়কটিকে নগরবিজ্ঞানের সংজ্ঞামাফিক আদৌ ‘সড়ক’ বলা যাবে কি না, সে এক বিরাট প্রশ্ন। পয়োবর্জ্য নিকাশি ব্যবস্থার ব্যর্থতায় রাজধানীর কোনো কোনো জায়গায় এ ধরনের ‘বারোমাসকালীন’ ডুবন্ত সড়কের দেখা পাওয়া যায়।
রাজধানীর ভাটারা এলাকায় ঢাকা সিটি করপোরেশন উত্তরের ৩৯ নম্বর ওয়ার্ডের নুরেরচালা মসজিদ সড়কটি সেই ‘গোত্রভুক্ত’ ডুবন্ত সড়ক। মসজিদ মার্কেট থেকে পূর্ব দিকে ভাটারা সাঈদ নগর পর্যন্ত এ সড়কের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৬০০ মিটার। পুরো সড়ক ডুবে আছে পয়োবর্জ্যমিশ্রিত নোংরা পানিতে। প্রতিদিন মানুষ সেই পানি ‘ভেঙে’ যাতায়াত করতে করতে অস্থির হয়ে উঠেছে।
ছয় মাসের বেশি সময় ধরে পচা-নোংরা পানিতে ডুবে আছে সড়কটি। বৃষ্টি না হলেও এখানে কমবেশি হাঁটুপানি জমে থাকে। আর বৃষ্টি হলে কোমরের ওপর ওঠে। সড়কের এ দুরবস্থার কারণে দীর্ঘদিন ধরে এ এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। যাঁরা হেঁটে চলাচল করেন, তাঁদের দুর্ভোগ আর ঝুঁকির শেষ নেই। পানি সরাতে উঠিয়ে রাখা হয়েছে কংক্রিটের স্ল্যাব। হাঁটতে গিয়ে পথচারীরা প্রায়ই স্ল্যাবের গর্তে পড়ে আহত হচ্ছেন। অনেক ভাড়াটে চলাচলের কষ্টের কারণে এলাকা ছেড়ে অন্যত্র বাসা নিচ্ছেন।
এ সমস্যার কারণ হলো নালার অভাবে এখানকার পানি বের হতে পারে না। যে নালাটি আছে, সেটি ময়লা-আবর্জনা ও বালুমাটি জমে ভরে গেছে। একটা নালার অভাবে এত মানুষের ভোগান্তি মেনে নেওয়া কঠিন। নুরেরচালা মসজিদ সড়কের মতো রাজধানীর বিভিন্ন জায়গায় এ ধরনের ডুবন্ত সড়ক আছে। অন্তত জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করে হলেও দুই সিটি করপোরেশনের মেয়ররা এ সংকট নিরসনে উদ্যোগী হতে পারেন।