কিছু বিষয় আরও পরিষ্কার হলে ভালো হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ছবি: রয়টার্স
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ছবি: রয়টার্স

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক ‘ঐতিহাসিক নতুন উচ্চতায়’ ওঠার পরে সেই যে তিস্তা চুক্তি না হওয়ার কারণে একটি ঝাঁকি খেল, তার রেশ যেন মনে হচ্ছে কাটতেই চাইছে না। অথচ বাংলাদেশ-ভারত বিদ্যমান সুসম্পর্ককে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করাই প্রত্যাশিত।

অনেকেই প্রশ্ন তুলছেন, দুই দেশের সম্পর্কের গতিশীলতায় একটা ছন্দপতন ঘটেছে কি না? কিংবা এমনটা উল্লেখযোগ্য মানুষের কাছে প্রতীয়মান হচ্ছে কি না? তিস্তা চুক্তি না হওয়ার কারণে সম্পর্কের একটা টানাপোড়েন যে চলছিল, তাতে আর সন্দেহ কী। তবে সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দিকে ভারতের ঝুঁকে পড়ার বিষয়টি।

এই প্রেক্ষাপটে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায় ঘুরে গেলেন। দুই দেশের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠকে যোগ দিতে এসে বাংলাদেশের রাজনীতির দুই যুযুধান পক্ষকেই তিনি কিছুটা হলেও আশ্বস্ত করতে পেরেছেন বলে মনে হয়। আওয়ামী লীগ রোহিঙ্গা প্রশ্নে এবং বিএনপি নির্বাচন ইস্যুতে মনে ধরার মতো কিছু শুনতে উদ্‌গ্রীব ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় সুষমা স্বরাজ মিয়ানমারের নাগরিকদের দেশে ফেরাতেই হবে বলে মন্তব্য করেছেন—এমন কথা আমরা শুনেছি প্রধানমন্ত্রীর প্রেস সচিবের বরাতে। আর অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করলেও বিএনপি প্রমাণ করেছে যে তারা ভারতের ভূমিকা আশা করে। এ কারণে ভারত ‘অংশগ্রহণমূলক নির্বাচন’ চায়, এমন প্রসঙ্গ তারা বেশ স্বস্তির সঙ্গে উল্লেখ করেছে। কিন্তু ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বা ভারতীয় মুখপাত্রের সূত্রে এ ধরনের কিছু শুনতে পাইনি।

রোহিঙ্গা ইস্যুতে সমস্যার স্থায়ী সমাধান হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরাকান রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত ব্যক্তিদের নিজ দেশে ফিরে যাওয়ার মধ্যেই সমস্যার সমাধান ও কফি আনান কমিশনের সুপারিশের প্রতি ভারতের সমর্থনের কথা বলেছেন তিনি। তাঁর এই অবস্থান ও বক্তব্যকে আমরা স্বাগত জানাই। কিন্তু রাখাইনের আরাকান রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চলছে এবং তা যে বন্ধ করা উচিত, সে ব্যাপারে স্পষ্ট নিন্দা ও বক্তব্য পাওয়া যায়নি। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে ভারতের তরফে মিয়ানমারের ওপর কার্যকর চাপ প্রয়োগের কোনো প্রতিশ্রুতিও নেই। যৌথ বিবৃতিতে রোহিঙ্গা প্রশ্নে শুধু মানবিক সহায়তায় ভারতের সংকল্পের কথা বলা হয়েছে।

তিস্তা নদীর পানি ভাগাভাগি চুক্তির বিষয়েও পুরোনো কথাই পুনর্ব্যক্ত করা হয়েছে। যৌথ বিবৃতি বলেছে, পানিসম্পদই দুই দেশের মধ্যে ঐক্যের মেলবন্ধন হিসেবে কাজ করবে। কিন্তু একে কাজে পরিণত না করলে শুধু কথার কথা ও প্রতিশ্রুতি দিয়ে তো সংশয় ঘুচবে না। দুই দেশের মৈত্রী দীর্ঘজীবী করতে সংশয়ের জায়গাগুলো দূর করতে মনোযোগী হতে হবে।