ভারতের জনগণ দ্বিতীয়বারের মতো নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এই নির্বাচনী সাফল্যের জন্য আমরা ক্ষমতাসীন বিজেপি ও তার নেতা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাই। নির্বাচনী ফলাফল মেনে নিয়ে বিরোধী দলগুলো যেভাবে গণতান্ত্রিক ঐতিহ্য সমুন্নত রেখেছে, সে জন্য তাদেরও ধন্যবাদ প্রাপ্য। এটা প্রশংসনীয় যে ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর ৭২ বছর ধরে ভারত গণতান্ত্রিক পন্থায় এবং অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের ধারাবাহিকতা রক্ষা করে চলেছে, যা এ অঞ্চলের অনেক দেশই পারেনি।
নির্বাচনের আগে ভোট নিয়ে যত বাগ্যুদ্ধই হোক না কেন, নির্বাচনটি অবাধে অনুষ্ঠিত হয়েছে এবং ফল প্রকাশের পর তা সবাই মেনে নিয়েছেন। বিরোধী দলগুলো বিজয়ী দল ও তার নেতাকে অভিনন্দিত করেছে। এটাই গণতন্ত্রের রীতি ও সৌন্দর্য।
ভারতের নেতৃত্ব কে দেবেন, তা ঠিক করার দায়িত্ব সে দেশের জনগণের এবং তাঁরা তা করেছেন। এ নিয়ে অন্য কোনো দেশের কিছু বলার নেই। তবে প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের সব সময়ের চাওয়া হচ্ছে, সেখানে যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাজায় থাকবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালে ঢাকা সফরকালে প্রতিবেশী সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। তাঁর সফরের পর স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন, ছিটমহল বিনিময়সহ বেশ কিছু সমস্যার সুরাহা হয়েছে। তবে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের কারণে তিস্তা নদীর পানিবণ্টনসহ কিছু সমস্যা অমীমাংসিত রয়ে গেছে।
দিল্লির নীতিনির্ধারকেরা স্বীকার করেছেন, শেখ হাসিনার সরকার ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তাঝুঁকি দূর করেছে। যোগাযোগের ক্ষেত্রেও বাংলাদেশ অগ্রণী হয়ে অনেক পদক্ষেপ নিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল আপত্তির কারণে ভারতের পূর্বাপর দুই প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে তিস্তা নদীর পানি ভাগাভাগি চুক্তি সইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত তা করতে পারেননি। প্রধানমন্ত্রী মোদি এরপরও বাংলাদেশকে আশ্বাস দিয়ে বলেছিলেন যে তাঁর ও শেখ হাসিনার সরকারের আমলেই তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হবে। লোকসভা নির্বাচনের পরও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রদত্ত বিজ্ঞপ্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নজিরবিহীন নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পরিবর্তিত প্রেক্ষাপটে ভারতের নতুন সরকারের পক্ষে তিস্তার সমস্যাটি সমাধান করা কঠিন হবে না বলে আমরা বিশ্বাস করি।
আওয়ামী লীগ, বিএনপিসহ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো বিজেপির বিজয়কে স্বাগত জানিয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে সুসম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে এতে রাজনৈতিক ঐকমত্যেরও প্রকাশ ঘটেছে। আমরা আশা করব, তিস্তাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য পাওনা নিশ্চিত, বাণিজ্যক্ষেত্রে শুল্ক-অশুল্ক বাধা, সীমান্ত হত্যাকাণ্ড ও ভারতের নাগরিক পঞ্জির সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রশমনে ভারতের নতুন সরকার বাস্তবসম্মত, যৌক্তিক ও সুপ্রতিবেশীসুলভ পদক্ষেপ নেবে। রোহিঙ্গা ইস্যুতে এ পর্যন্ত ভারত যে অবস্থান নিয়েছে, তা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে নয়াদিল্লির কাছ থেকে আরও জোরালো অবস্থান প্রত্যাশিত। ভারতে উগ্র ও ধর্মীয় রাজনীতির উত্থান ঘটলে বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে। আমরা আশা করব, মোদির সরকার ভারত ও আঞ্চলিক স্বার্থে সব ধরনের উগ্রবাদের রাশ টেনে ধরবে।
ছোটখাটো ত্রুটিবিচ্যুতি থাকলেও ভারতের নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থা শেষ পর্যন্ত এমন একটি নির্বাচন উপহার দিয়েছে, যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশটির ৯০ কোটি ভোটারের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে। কোন দল জয়ী হয়েছে বা কোন দল পরাজিত হয়েছে, এই বিবেচনার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সেখানে গণতন্ত্র জয়ী হয়েছে।