২০১১ সালে ভারত ২৫টি বাদে সব পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার ঘোষণা করার পর ধারণা করা গিয়েছিল, দ্বিপক্ষীয় বাণিজ্যবৈষম্য অনেকটাই কমবে। কিন্তু তিন বছর পরও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।গতকাল প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি এক বছর সামান্য বাড়ে তো আরেক বছর কমে যায়। যেখানে বছরে বাংলাদেশে ভারতীয় পণ্য রপ্তানির পরিমাণ এক হাজার কোটি ডলারের কাছাকাছি, সেখানে ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানি সর্বোচ্চ ৫৬ কোটি ৩৯ লাখ ডলারে পৌঁছেছে।
ভারতে আমাদের রপ্তানি কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানোর পেছনে দেশটির অশুল্ক বাধা, ভারতীয় মুদ্রার মান কমে যাওয়া, নাজুক যোগাযোগব্যবস্থা, বিনিয়োগ বৃদ্ধি না পাওয়াকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এসব ব্যাপারে ভারত সরকার কিছু কিছু পদক্ষেপ নিলেও তা খুব একটা কাজে আসছে না। উদাহরণস্বরূপ, পণ্যের মান যাচাইয়ের ক্ষেত্রে ভারত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মান সনদকে স্বীকৃতি দিলেও সে সম্পর্কিত বিধিমালা প্রণয়ন না করায় ভারতীয় আমদানিকারকেরা তা মানতে বাধ্য নন।
আগামী অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে সমুদ্রপথে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানির যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেটি কার্যকর হলে পণ্য রপ্তানির সময় ও ব্যয় দুটোই হ্রাস পাবে। আর অদূর ভবিষ্যতে রেলওয়ে যোগাযোগ জোরদার করতে পারলে রপ্তানি খরচ আরও কমে যাবে। এর পাশাপাশি ভারতীয় বিনিয়োগ বাড়লে রপ্তানি পণ্যের পরিমাণও বাড়বে আশা করা যায়। কেননা, তারা এখানে সেই পণ্যই উৎপাদন করবে, যার চাহিদা বাংলাদেশ সন্নিহিত ভারতীয় রাজ্যগুলোতে আছে। এ ক্ষেত্রে তারা উত্তর-পূর্ব ভারতে বাংলাদেশি উদ্যোক্তাদের উদাহরণও অনুসরণ করতে পারে। আর বাংলাদেশি রপ্তানিকারকদেরও কেবল প্রচলিত পণ্য বা তৈরি পোশাকের ওপর নির্ভর না করে পণ্যের বৈচিত্র্যের প্রতিও নজর দিতে হবে।
আমরা আশা করব, বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে সব বাধা তুলে নিতে ভারত সরকার অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবে।