‘কনভেনশনাল উইজডম’ বা চলতি বুদ্ধিমতে আমেরিকা এখনো বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ, একমাত্র পরাশক্তি। তবে দেশটির স্বাস্থ্য তেমন ভালো নয়, গুরুপাকের ফলে তার পেটটি ফুলে ঢোল, আর হাতের পেশি শুকিয়ে দড়ি দড়ি। অন্যদিকে, ভারত এখনো একটি উন্নয়নশীল দেশ, নিরঙ্কুশ হিসাবে পৃথিবীর সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বাস এই দেশে। তবে নিজের অবস্থা দ্রুত বদলে ফেলছে সে, অগ্রযাত্রার বুলেট ট্রেনের চাবিটি এখন তারই হাতে।তো সেই পরাশক্তি আমেরিকার রাষ্ট্রপ্রধান, পৃথিবীর সবচেয়ে শক্তিধর নেতা বারাক ওবামা এসেছিলেন গরিব ভারতে। কেন জানেন? ভিক্ষে করতে। তাঁর সফরের এক নম্বর উদ্দেশ্য: চাকরি, চাকরি ও চাকরি—আমেরিকানদের জন্য চাকরি। কোনো রাখঢাক ছাড়াই ওবামা জানালেন আমেরিকার জন্য কর্মসংস্থানের লক্ষ্যে তিনি ভারতে এসেছেন। ভারত যদি আমেরিকার কাছ থেকে মালামাল কিনতে সম্মত হয়, তা হলে আমেরিকার বন্ধপ্রায় মিল-ফ্যাক্টরিগুলো আবার চালু হতে পারে। সে দেশের বেকার মানুষগুলোর কেউ কেউ তাদের চাকরি ফেরত পায়। সেই চাকরির সওদা করতেই তাঁর ভারতে আসা।আমেরিকার সদর ফটকে যে হাজার ওয়াটের বাতি এত দিন চারদিক আলো করে জ্বলত, তা যে ক্রমশ নিবু নিবু হয়ে আসছে, তা কোনো নতুন কথা নয়। সে বাতির রং বদলে এবার তা লাল হওয়ার দশা হয়েছে, খোদ আমেরিকার রাষ্ট্রপ্রধান নিজেই সে কথা স্বীকার করে গেলেন। বস্তুত অবস্থা না বদলালে আমেরিকা কেবল বিশ্বসভায় নিজের স্থানই হারাবে না, প্রেসিডেন্ট নিজেও তাঁর চাকরিটি খোয়াবেন। এক দীর্ঘ মন্দাবস্থার শিকার আমেরিকা, আর সে মন্দাবস্থা তার নিজেরই সৃষ্টি। গত ৫০-৬০ বছর তারা দেদার খরচ করেছে—নিজের আয়-ব্যয়ের কোনো হিসাব না রেখেই। তার ওপর ১০ বছর ধরে তাদের ঘাড় ধরে ঝুলে আছে দু-দুটো যুদ্ধ। নিজের টাঁকশালে টাকা নেই, কুছ পরোয়া নেই, বিদেশের কাছ থেকে ধার করে দেশ চালিয়ে গেছে তারা। এর ফলে বছর বছর আমেরিকার অভ্যন্তরীণ ঋণের বোঝা বেড়েই চলেছে। চলতি হিসাবে এই ঋণের পরিমাণ বর্তমানে ১২ ট্রিলিয়ন ডলার। শুধু এই ঋণের ওপর ধার্য সুদের বোঝা টানতেই আমেরিকাকে বার্ষিক প্রায় ৫৫০ বিলিয়ন ডলার জোগাতে হচ্ছে।আমেরিকার টাকার জোর কমে আসার সঙ্গে সঙ্গে তার বিশ্বজোড়া আধিপত্যও কমতে শুরু করেছে। অস্ত্রশস্ত্রে সে এখনো সবার সেরা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেসব অস্ত্র-সম্ভার সচল রাখতে হলেও টাকা চাই। আমেরিকার বাজেটের এক সিংহভাগ এখনো যায় সামরিক খাতে, কিন্তু সংকট এত তীব্র ও সর্বব্যাপী যে ‘পবিত্র গাভী’ বলে পরিচিত, সেই সামরিক বাজেটে হাত দেওয়ার কথাও উঠেছে। ওবামা দেশের বাজেট-ঘাটতি কমানোর জন্য যে বহুদলীয় কমিশন গঠন করেছেন, তাঁরা সামরিক বাজেটের কোন কোন খাত ঝেঁটে ফেলা যায়, তা তলিয়ে দেখা শুরু করেছেন। ব্যাপারটা এত জটিল হয়ে উঠেছে যে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন স্বীকার করেছেন, এই মুহূর্তে আমেরিকার জন্য এক নম্বর নিরাপত্তা হুমকি আল-কায়েদা বা ইসলামি সন্ত্রাসবাদ নয়, বিদেশের কাছে তাঁদের ঋণ।মোদ্দা কথা হলো এই যে একদিকে আমেরিকার দাপট কমছে, অন্যদিকে জেগে উঠছে একাধিক দেশ। যেমন চীন, ব্রাজিল, রাশিয়া ও ভারত। এই দেশগুলো একা বা সম্মিলিতভাবে আমেরিকার আধিপত্যবাদের প্রতি এক বড় রকমের হুমকি। বছর দেড়েক আগে মার্কিন সাংবাদিক ফরিদ জাকারিয়া তাঁর নতুন বই দ্য পোস্ট-আমেরিকান ওয়ার্ল্ড-এ এ কথা খুব সহজভাবে বুঝিয়েছিলেন এভাবে: আমেরিকা এখনো রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে সর্বেসর্বা, কিন্তু এর বাইরে আর সব ক্ষেত্রেই তা শিল্প, অর্থ, শিক্ষা, সামাজিক বা সাংস্কৃতিক যে ক্ষেত্রেই হোক না কেন—ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটছে। আমেরিকার হাত থেকে ক্রমেই সেসব ক্ষেত্র দূরে সরে যাচ্ছে। এতে পৃথিবী একদিকে যেমন আমেরিকার ওপর তার নির্ভরশীলতা হ্রাস করছে, তেমনি পৃথিবীর দেশগুলো একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এভাবে ‘পৃথিবী তার উত্তর-মার্কিন যুগে প্রবেশ করছে, যে যুগে কোনো একটিমাত্র দেশ ক্ষমতার কেন্দ্র বলে বিবেচিত হবে না।’অন্য কথায় আমেরিকার মাতব্বরির দিন শেষ!আমেরিকা যে আর পৃথিবীর ‘নাম্বার ওয়ান’ নয়, সে কথা বোঝাতে জাকারিয়া কিছুটা পরিহাস করেই গোটাকয় উদাহরণ দিয়েছিলেন। যেমন—বিশ্বের সবচেয়ে লম্বা ভবন এখন দুবাইতে, সবচেয়ে বড় ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে চীনে, পৃথিবীর সবচেয়ে বৃহৎ যাত্রীবাহী বিমান তৈরি হয় ইউরোপে, সবচেয়ে বিশাল বিনিয়োগ তহবিল আবুধাবিতে আর পৃথিবীর সর্ববৃহৎ চলচ্চিত্রশিল্প হলো ভারতে। এই যে নতুন পৃথিবী, যাতে আমেরিকা এখন তার অঙ্গুলি হেলনে যা খুশি করে ফেলবে, তার দিন শেষ, সে কথা আর কেউ না হোকম বারাক ওবামা ঠিকই জানেন। আর জানেন বলেই তিনি ভারতে এসেছিলেন কাঁধে একখানা ঝোলা নিয়ে।ফিরেও গেলেন সে ঝোলায় অল্প বিস্তর ভিক্ষান্ন নিয়ে। তার ভারতে অবস্থানকালে সে দেশের সরকার ও বিভিন্ন ভারতীয় কোম্পানির সঙ্গে যে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে, ডলারের মূল্যমানে তার পরিমাণ ১০ বিলিয়ন ডলারেরও বেশি। এই অর্থের বদলে ভারত আমেরিকার কাছ থেকে নানা ধরনের সামরিক ও আধাসামরিক সরঞ্জাম সংগ্রহ করবে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ৭৩৭ বোয়িং বিমান এবং জেনারেল ইলেকট্রিক কোম্পানির উৎপাদিত জেট ইঞ্জিন। এই চুক্তিগুলো নিয়ে কথাবার্তা চলছে অনেক দিন ধরে, কিন্তু ওবামা তাঁর হাত দিয়েই চূড়ান্ত চুক্তি সম্পাদিত হলো, এ রকম একটা ভাব করে বাড়ি ফিরলেন। প্রধানত নিজ দেশের মানুষের কথা মনে রেখেই তিনি এক সংবাদ সম্মেলনে কিঞ্চিৎ শ্লাঘার সঙ্গেই বললেন, ভারতের সঙ্গে এই বাণিজ্যের ফলে আমেরিকায় ৫৪ হাজার নতুন কর্মসংস্থান হবে।ভারতের সঙ্গে মৈত্রীতে আমেরিকার আগ্রহ কেবল বাণিজ্যিক কারণে নয়। সম্ভবত তার চেয়েও বড় কারণ সামরিক ও কৌশলগত। ২০০১ সালের পর থেকে এই দুই দেশ নিরাপত্তা-প্রশ্নে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। আফগানিস্তান ও পাকিস্তান এই দুই বৈরী দেশের কথা মাথায় রেখেই সেই সম্পর্কের শুরু। পূর্ববর্তী প্রেসিডেন্ট জর্জ বুশের সময় এই সম্পর্ক একটি প্রাতিষ্ঠানিক চেহারা গ্রহণ করে। ইসলামি সন্ত্রাসবাদ তাদের উভয়ের জন্যই বড় ধরনের হুমকি। দুজনে হাতে হাত মিলিয়ে যদি সে হুমকি মোকাবিলায় অগ্রসর হয়, তাতে উভয়েরই লাভ। এই যুক্তির ভিত্তিতেই ২০০৫ সালে এই দুই দেশ আণবিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার এক চুক্তি সম্পাদন করে। আন্তর্জাতিক আইন অগ্রাহ্য করে আণবিক বিস্ফোরণ ঘটিয়ে ভারত বিশ্বের বিরাগভাজন হয়েছিল। আমেরিকাও ভারতকে সামরিক-প্রশ্নে একঘরে করে রাখার চেষ্টা করেছিল। এই চুক্তির ফলে গালাগালির বদলে আমেরিকা ও ভারত গলায় গলা লাগাল। সেই থেকে এই দুই দেশ নিরাপত্তা-প্রশ্নে তাদের সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি করে চলেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে তারা কেবল একে অপরের সঙ্গে তথ্য বিনিময়ই করে না, কোনো কোনো ক্ষেত্রে একযোগে কাজও করে থাকে। এক হিসাবে দেখছি, পৃথিবীর অন্য যেকোনো দেশের তুলনায় ভারতের সঙ্গে আমেরিকা অধিকসংখ্যক যৌথ সামরিক মহড়া দিয়ে থাকে।ভারত-মার্কিন বন্ধুত্বের আরেক কারণ চীন। এই দেশটির উদ্ভব ও অভাবনীয় সম্প্রসারণ ভারত ও আমেরিকার উভয়ের জন্যই মাথাব্যথার কারণ। এই মুহূর্তে চীনের হাতে একাধিক তুরুপের তাস রয়েছে। পৃথিবীর যতগুলো দেশ থেকে অর্থ ধার নিয়ে আমেরিকাকে চলতে হয়, চীন তাদের এক নম্বর। তো সেই চীন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাক, ভারত বা আমেরিকা কেউই তা চায় না। কিন্তু তাই বলে এমন কিছু করতেও চায় না, যা চীনকে চটিয়ে তুলবে। মাঝামাঝি পথ হিসেবে আমেরিকা ও ভারত হাতে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছে। উদ্দেশ্য: তা হলে দূর থেকে হলেও চীন তাদের নৈকট্য বিবেচনায় রাখবে এবং বেখেয়াল কিছু করার আগে দ্বিতীয়বার ভেবে দেখবে। আমেরিকা জানে, শুধু চীন নয়, আগামী বছরগুলোতে ভারতের গুরুত্বও বাড়বে। এ অবস্থায় চীনকে বাগ মানাতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে, আমেরিকা যে চীনা জুজুর ভয়ে তাকে বন্ধু বানাতে চায়, তা দেখে ভারত নিজেই নিজের পিঠে ‘বাহবা’ বলে চাপড় দিচ্ছে, তাতেও সন্দেহ নেই।ওবামার ভারত সফরের ঠিক আগে ওয়াশিংটনের প্রভাবশালী থিঙ্ক-ট্যাংক ‘সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটি’র জন্য প্রস্তুত এক গবেষণাপত্রে দুই সাবেক মার্কিন কূটনীতিক রিচার্ড আরমিটেজ ও নিকোলাস বার্নস ভারতের সঙ্গে আমেরিকার মিত্রতা আরও জোরদার করা কেন প্রয়োজন, সে কথা ব্যাখ্যা করে বলেছেন। এই ভারত আগের ভারত নয়, সে এখন পৃথিবীর অন্যতম আগুয়ান বৃহৎ শক্তি। সে কথা মনে করিয়ে দিয়ে তাঁরা মন্তব্য করেন, ভারতের সঙ্গে আমেরিকার নিকটতর সম্পর্ক উভয়ের জন্যই লাভজনক। বিশ্ব শক্তি হিসেবে ভারতের উত্থান আমেরিকার নিজের কৌশলগত স্বার্থেই সমর্থন করা উচিত। ভারত ও আমেরিকার সম্পর্ক ঘনিষ্ঠ হলে এশিয়ায় ও আন্তর্জাতিক ক্ষেত্রে অধিক ভারসাম্যপূর্ণ সম্পর্ক নির্মাণে তারা একযোগে কাজ করতে পারবে, উন্মুক্ত বাণিজ্যব্যবস্থা গঠনে উদ্যোগ নিতে পারবে, বিশ্বের জ্বালানিসম্পদ সংগ্রহে পরস্পরের স্বার্থ রক্ষা করতে পারবে, পানি, বাতাস বা সাইবার ক্ষেত্রে ব্যবহারের সমন্বিত উদ্যোগ নেওয়াও সম্ভব হবে। সোজা কথায়, দুই ঘনিষ্ঠ মিত্র একে অপরের জন্য যা যা করে, এই দুই দেশ তা-ই করবে। এর ফলে আমেরিকার মাতব্বরি হয়তো কমবে কিন্তু ভারতের মতো একটা মিত্রকে নিজ বলয়ে আনা সম্ভব হবে। আমেরিকা যে ভারতের সঙ্গে ক্ষমতার ভাগাভাগিতে রাজি, সে কথার প্রমাণ হিসেবে ওবামা দিল্লি থাকতে বলে এসেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে ভারতের সদস্যপদ তাঁরা সমর্থন করবেন।ভারত ও আমেরিকার এই মৈত্রী তার প্রতিবেশী দেশগুলোর—বিশেষত পাকিস্তানের মোটেই ভালো লাগার কথা নয়। মধ্য মঞ্চে ভারতের প্রবেশের আগে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানই ছিল আমেরিকার ‘পয়লা নম্বর দোস্ত’। এখন সে জায়গা ভারতের। পাকিস্তানের কর্তাব্যক্তিদের ব্যাপারটা মোটেই ভালো লাগার কথা নয়। সেখানে পত্রপত্রিকা ওবামার ভারত অভিযানকে ‘চীনকে ঠেকানোর এক ব্যর্থ চেষ্টা’ হিসেবেই দেখাতে চেয়েছে। করাচির একটি দৈনিক ঠাট্টা করে লিখেছে, ‘আমেরিকার এখন রেস্ত দরকার।’ ভারতের কাছে যত সব বস্তাপচা অস্ত্র বিক্রি করে নিজের শূন্য টাঁকশাল ভরতে চাইছে আমেরিকা। অথচ ভারতের নিজেরই ভাত বাড়ন্ত। কোটি কোটি মানুষ সেখানে অভুক্ত। তার পরও সে নতুন অস্ত্র কিনছে, কারণ তাকে দেখাতে হবে আমেরিকা এখন তার জিগিরি দোস্ত। সরকারিভাবে অবশ্য পাকিস্তান বলেছে, ভারত-মার্কিন বন্ধুত্বে তারা উদ্বিগ্ন নয়। সে দেশের তথ্যমন্ত্রী জানিয়েছেন, ভারত বড় দেশ, তার সঙ্গে সুসম্পর্ক নির্মাণে আমেরিকা আগ্রহী হবে, তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে এই ‘তবে’টা খুব গুরুত্বপূর্ণ—নিজের প্রতিবেশীদের সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই। এমন এক দেশের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠ সম্পর্ক এই অঞ্চলের ‘ক্ষমতার ভারসাম্য’ নষ্ট করতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন মাননীয় মন্ত্রী।তাঁর এই কথার কী অর্থ, তা বোঝা খুব কঠিন নয়। তবে শুধু কথা বলে চিঁড়া ভিজবে বলে মনে হয় না। পাকিস্তানের বেলায় তাকে টিকিয়ে রাখতে আমেরিকাকে বছর বছর টাকা ঢালতে হচ্ছে। আর ভারত থেকে আমেরিকা টাকা নিজের ঘরে নিয়ে যাচ্ছে। বন্ধু হিসেবে কার ওজন বেশি, এর চেয়ে বড় হিসাব আর কী হতে পারে।২৯ নভেম্বর, ২০১০ নিউইয়র্কহাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক।