গত বুধবার ভারতের সঙ্গে ৪৫০ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৩৬ হাজার কোটি টাকা) যে ঋণচুক্তি সই হয়েছে, সেটাই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ঋণ। চুক্তির শর্ত আগের মতোই ১ শতাংশ সুদ, শূন্য দশমিক ৫০ শতাংশ মাশুল, উন্নয়ন প্রকল্পে দাতা দেশের ঠিকাদার নিয়োগ এবং সরঞ্জামের সিংহভাগ তাদের কাছ থেকে ক্রয় করতে হবে। এই শর্তকে মোটেই শিথিল বলা যায় না।
তৃতীয় ঋণচুক্তির আওতায় যেসব প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলোর গুরুত্ব অস্বীকার করা যায় না। প্রশ্ন হলো এসব প্রকল্প বাস্তবায়নের যে চ্যালেঞ্জ, সেটি গ্রহণ করতে সরকার কতটা প্রস্তুত। অবকাঠামো উন্নয়নে বিরাট অঙ্কের ঋণচুক্তিতে খুব একটা আশাবাদী হওয়া যাচ্ছে না অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে। চুক্তি বাস্তবায়নে উভয় পক্ষের দায় থাকলেও এর অধীন উন্নয়ন প্রকল্পগুলো বিলম্বিত হলে সেই দায় নিতে হয় ঋণগ্রহীতা দেশ তথা সেই দেশের জনগণকেই।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ২০১০ ও ২০১৬ সালে ভারতের সঙ্গে সই হওয়া দুটি ঋণচুক্তির বাস্তবায়ন-প্রক্রিয়া খুবই হতাশাজনক। ১০০ কোটি ডলারের প্রথম ঋণচুক্তির আওতায় ১৫ প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও শেষ হয়েছে ৮টি, অর্থছাড় হয়েছে ৩৫ কোটি ডলার। অবশ্য এই ঋণের একাংশ অনুদানে রূপান্তর করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও ২০০ কোটি ডলারের দ্বিতীয় ঋণচুক্তির কোনো অর্থই ছাড় হয়নি। এ ক্ষেত্রে কার দায় বেশি সেই বিতর্কে না গিয়েও বলা যায়, ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের জনগণ। সময়মতো কাজ না হলে প্রকল্পের ব্যয় যেমন বাড়ে, তেমনি বাড়ে ঋণের বোঝাও।
তাই আমরা পরিষ্কার করে বলতে চাই, যেকোনো ঋণচুক্তির অর্থে পরিচালিত প্রকল্পগুলোর কাজ সময়মতো শুরু ও শেষ করতে হবে। বিলম্বের অজুহাতে প্রকল্প ব্যয় উত্তরোত্তর বাড়ানো যাবে না। একই সঙ্গে কাজের মানও নিশ্চিত করতে হবে। যেহেতু ঋণদাতা দেশটি প্রকল্পের ঠিকাদার নিয়োগ করবে এবং অধিকাংশ সরঞ্জামও তারা সরবরাহ করবে, সেহেতু যৌথ তদারকির ব্যবস্থা থাকতে হবে। প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে চুক্তি বাতিল করার শর্তও রাখার পরামর্শ দিয়েছেন একজন বিশেষজ্ঞ।
আমরা মনে করি, চুক্তি হয়েছে বলে টাকা পেয়ে গেলাম—এই মানসিকতা পরিহার করে, ঋণের অর্থ কত দ্রুত পাওয়া যায় এবং সেটি কত কম সময়ে কাজ শেষ করা যায়, সেদিকেই নীতিনির্ধারকদের মনোযোগ দিতে হবে।