ভারতের পররাষ্ট্রসচিবের সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় পররাষ্ট্রসচিব বিজয় কেশব গোখলের প্রথম বাংলাদেশ সফরে রুশ প্রতিষ্ঠান দ্বারা নির্মীয়মাণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভারতীয় সংশ্লিষ্টতা এবং দুই দেশের পরমাণু শক্তি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতাসহ ছয়টি ক্ষেত্রে সম্পাদিত সমঝোতা স্মারকের লিখিত রূপ আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত পেয়েছি। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মি. গোখলের সফরের বিষয়ে কোনো বিবরণী বুধবার পর্যন্ত দেখা যায়নি।
পত্রিকান্তরে প্রকাশ, আমাদের পররাষ্ট্রসচিব রোহিঙ্গা ও তিস্তা ইস্যুতে আলোচনার যে ‘অগ্রগতি’ ঘটেছে, তাতে ‘সন্তোষ’ ব্যক্ত করেছেন। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক মন্তব্য করেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত যেভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে, তাতে আমরা ‘অত্যন্ত খুশি’। তিস্তা বিষয়ে মি. গোখলে বলেছেন, এটা সুরাহায় ‘কঠোর পরিশ্রমের’ সঙ্গে ‘জোরালো প্রয়াস’ চলছে। আর শহীদুল হকের মন্তব্য হলো, ‘আমরা তিস্তা চুক্তির বিষয় নিয়েও কথা বলেছি।’ কিন্তু বাস্তবে অবশ্য এই দুটি ইস্যুর কোনোটিতেই ভারতের অবস্থান পরিবর্তনের কোনো লক্ষণ দৃশ্যমান নয়।
তিস্তা বিষয়ে কোনো অগ্রগতি যে আজও হলো না, তা খুবই দুর্ভাগ্যজনক। এবং বাংলাদেশের জনগণের সংবেদনশীলতার প্রতি ভারত বাস্তবে কতটা উদাসীন থাকতে পারে, তিস্তা তার একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়েই থাকছে। আর রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ভারতের কাছে কী আশা করতে পারে, আর তারা কী দিতে পারে বা পারে না, সেটাও বিবেচনায় নিতে হবে। বৃহৎ শক্তিগুলোর সঙ্গে মিয়ানমার সরকারের যে একটা হিসাব–নিকাশ রয়েছে, তার বাইরে গিয়ে ভারত বাংলাদেশকে আদৌ কোনো সহযোগিতা করতে পারবে কি না, তা আমাদের সামনে এক প্রশ্ন হয়ে ঝুলে আছে।
ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে, কোনো শান্তিপূর্ণ এবং ন্যায়সংগত পথে মিয়ানমার হাঁটবে না। একটা দীর্ঘ নীরবতার পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী মিয়ানমারের ওপর পুনরায় অবরোধ আরোপের প্রয়োজনীয়তার ওপরই জোর দিয়েছেন। আন্তর্জাতিক ফৌজদারি আদালতে গণহত্যার দায়ে মিয়ানমারের দোষী নেতাদের বিচারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই বিষয়ে আমরা ভারতের সরকারি ও নাগরিক সমাজের প্রকাশ্য নৈতিক সমর্থন আশা করি। সুতরাং, বিরাজমান পরিস্থিতিতে ভারতের ভূমিকায় পররাষ্ট্রসচিবের ভাষায় ‘অত্যন্ত খুশি’ হওয়ার কিছু আছে কি না তা প্রশ্নসাপেক্ষ।
দুই বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের বিভিন্ন স্তরের উচ্চ পর্যায়ের রাজনীতিক ও পদস্থ কর্মকর্তাদের ঘন ঘন যাতায়াত এবং মতবিনিময় দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ তিস্তা চুক্তি এবং রোহিঙ্গা ইস্যুতে ভারত নির্দিষ্টভাবে কী ভূমিকা পালন করেছে এবং করবে, সেই বিষয়ে কোনো সুস্পষ্ট ঘোষণা না থাকার ব্যাপারটি পীড়াদায়ক। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ভারতের ‘পূর্ণ সমর্থন’ একটি সর্বজনীন অবস্থান। ভারতের মানবিক সহায়তারও আমরা প্রশংসা করি। তবে রাখাইন রাজ্যের এপারে ত্রাণ বিতরণ এবং ওপারে ‘উন্নয়ন প্রকল্পে’ ভারতের সহযোগিতার বিষয়টি প্রশ্নের ঊর্ধ্বে নয়। উন্নয়নের আড়ালে রাখাইন রাজ্যে একটি জাতির অস্তিত্ব চিরকালের জন্য নিশ্চিহ্ন করে দেওয়ার পদ্ধতিগত প্রক্রিয়া চলছে, সেখানে ভারতের বাড়ি তৈরি করে দেওয়ার বিষয়টিও প্রশ্নসাপেক্ষ।
আমরা আশা করি, রোহিঙ্গারা যে মিয়ানমারের নাগরিক এবং সেখানে তারা যে গণহত্যার শিকার এবং সেই প্রক্রিয়া যে চলমান, সে বিষয়টি ভারতে বিবেচনায় নিতে হবে এবং সংকট সমাধানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এটা অবশ্য কেবলই বাংলাদেশের স্বার্থ বিবেচনা করে নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার ও আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে করতে হবে। আর তিস্তার পানিবণ্টনে ভারতকে এখন একটি নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা উচিত।