ভারতের পররাষ্ট্রসচিবের সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাইয়ের এবারের ঢাকা সফরটি এ কারণে তাৎপর্যপূর্ণ নয় যে তিনি ‘দ্রুততম সময়ে তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি এবং সীমান্ত প্রটোকল’ বাস্তবায়িত হবে বলে আশ্বাস দিয়েছেন। এ রকম আশ্বাস আগেও অনেকবার পাওয়া গেছে। ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলে দাবি করলেও এমন কিছু সমস্যা ৪১ বছর ধরে ঝুলে আছে, যা আন্তরিকভাবে চাইলে তাদের পক্ষে স্বল্প সময়েই সমাধান করা সম্ভব। অধুনা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিষয়ে মতপার্থক্য থাকলেও নিকট প্রতিবেশীর সঙ্গে সম্পর্কোন্নয়নের ব্যাপারে দ্বিমত নেই।তিস্তা নদীর পানিবণ্টনের বিষয়টি যে বাংলাদেশের, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের জীবন-মরণ সমস্যা, তা বলার অপেক্ষা রাখে না। পানির সমস্যা ভারতেও আছে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু যৌথ নদীর পানি একতরফা উজানে প্রত্যাহার করে নেওয়ায় এ দেশের জনজীবনে মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে। ভারতের পররাষ্ট্রসচিব দ্রুততম সময়ে তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি করার আশ্বাস দিয়েছেন। কিন্তু এটি কী করে সম্ভব হবে, তা খোলসা করেননি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণেই ২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই চুক্তি সই করতে পারেননি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাঁর অবস্থান থেকে সরে এসেছেন? যদি না এসে থাকেন, তাহলে চুক্তি সই হলেও বাস্তবায়ন করা কঠিন হবে। সীমান্ত প্রটোকল বাস্তবায়নেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমর্থন প্রয়োজন। ভারতের অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েন নিয়ে আমাদের বলার কিছু নেই। সব বাধা দূর করে ভারত অবিলম্বে তিস্তার পানিবণ্টন চুক্তি সই এবং সীমান্ত প্রটোকল বাস্তবায়ন করবে, সেটাই আমাদের প্রত্যাশা।বর্তমান বিশ্ববাস্তবতায় একসময়ের চরম বৈরী রাষ্ট্রগুলো পরস্পরের কাছাকাছি এসেছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশ ও ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বিনির্মাণে সন্দেহ ও অবিশ্বাসের ছায়া মুছে ফেলতে পারেনি। দুই দেশের জনগণের স্বার্থেই দ্বিপক্ষীয় সমস্যাগুলো দ্রুত সমাধানের পাশাপাশি সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হওয়া প্রয়োজন। রাজনৈতিক ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশ সরকার যদি ভারতের নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ অনেকাংশেই দূর করতে পারে, ট্রানজিট সুবিধা দিতেও রাজি থাকে, তাহলে ভারত সরকার কেন বাংলাদেশের জীবন-মরণ সমস্যা সমাধানে এগিয়ে আসবে না? শক্তিশালী অর্থনীতির দেশটির কাছে সেই চাওয়া নিশ্চয়ই অযৌক্তিক নয়। আমরা আশা করব, আগামী মাসে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরকালেই তিস্তা নদীর পানিবণ্টন ও সীমান্ত প্রটোকল বাস্তবায়নের কাজটি সম্পন্ন হবে। এ জন্য আগস্ট পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই। বাংলাদেশের মানুষের কাছে তিনি সুহূদ হিসেবে পরিচিত। তাঁর ব্যক্তিগত আগ্রহেই ভারতের প্রতিশ্রুত ১০০ কোটি ডলার ঋণের এক-পঞ্চমাংশ অনুদানে রূপান্তর করা সম্ভব হয়েছে। দ্বিপক্ষীয় সমস্যা নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে, ভারতের পক্ষ থেকে বহুবার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু আর আশ্বাস নয়, এখন বাস্তবায়নই দেখতে চায় বাংলাদেশ।