ভারতের পারমাণবিক কর্মসূচির গভীরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের অবাধ দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের অনশন যে রকম ভারতজুড়ে প্রচার পেয়েছে, এই সংগ্রামের ভাগ্যে সেটা জোটেনি। তার পরও এটা এক মাইলফলক—ভারতের পারমাণবিক কর্মসূচির ইতিহাসে অবশ্যই এটা এক মাইলফলক। গত ১৭ আগস্ট ভারতের তামিলনাড়ু রাজ্যের দক্ষিণ প্রান্তে, কুডানকুলামের কাছে একদল প্রতিবাদী মানুষ অনশন ধর্মঘট শুরু করেন। প্রতিবাদটা ছিল শিগগিরই রাশিয়ার নির্মিত এক হাজার মেগাওয়াটের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারত সরকারের পরিকল্পনার বিরুদ্ধে। দৃশ্যত, গোড়া থেকেই বোঝা যাচ্ছিল, প্রতিবাদটা অল্প কিছু অসন্তুষ্ট মানুষের কাজ নয়। কেননা, অনশন ধর্মঘট চলাকালে এবং তার আগেও আক্ষরিকভাবেই কাছাকাছি গ্রামগুলোর হাজার হাজার জেলে তাঁদের সঙ্গে সংহতি জানান। তা ছাড়া আগস্টের শেষাশেষি এই গান্ধীবাদী ধরনের প্রতিবাদ স্থগিত করা হলেও যেই ভারতের এনার্জি দপ্তর (ডিএই) ইঙ্গিত দিল, তারা এই প্রতিবাদ উপেক্ষা করবে, অমনি আবার শুরু হলো অনশন। এরপর ১১ সেপ্টেম্বর থেকে আবার জোরসে শুরু হলো আন্দোলনের দ্বিতীয় পর্ব। এবার ইদিন্থাকারাই গ্রামে পাদরি ও নানসহ শত শত মানুষ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বসে গেল। প্রতিদিন চারপাশ থেকে ১০ হাজারেরও বেশি মানুষ এসে এখানে তাদের সমর্থন জানাতে শুরু করে। দিন যায় আর সমর্থনের বিস্তার ঘটতে থাকে, শিক্ষার্থীরা স্কুল বর্জন করা শুরু করে, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন, জেলেরাও মাছ ধরা বন্ধ করলে আশপাশের গ্রামে লঙ্গরখানা খোলা হয়। এবার তামিলনাড়ুর রাজনীতিবিদদের মুখ খুলতে হলো। ১৯ সেপ্টেম্বর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বরাবর প্রতিবাদীদের ফরিয়াদ শোনা উচিত বলে চিঠি লিখলেন।জয়ললিতার পদক্ষেপ ছিল আন্দোলনের প্রাথমিক সাফল্যের সূচক। এটা ছিল ভারতে পরমাণুশক্তির বিরুদ্ধে সবচেয়ে ব্যাপক ও দীর্ঘস্থায়ী আঞ্চলিক প্রতিবাদ। বছরের শুরুতে মহারাষ্ট্র উপকূলের জৈতাপুর এলাকায় একটি পরমাণু প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনেও গভীর নজর রাখছিল। জৈতাপুর ও কুডানকুলাম দুটি জায়গাই পরমাণুশক্তির ওপর ভারতের ক্রমবর্ধমান নির্ভরতা বাড়ানোর পরিকল্পনার গুরুত্বপূর্ণ দুটি বিন্দু। তবে জৈতাপুরে যে পরমাণু প্ল্যান্ট বসানো হবে, তার রি-অ্যাক্টর সরবরাহ করছে ফরাসি কোম্পানি আরেভা, আর কুডানকুলামের রি-অ্যাক্টরগুলো রাশিয়া থেকে আনা হবে। রুশ এই রি-অ্যাক্টরগুলো VVER-1000/392 নামে পরিচিত। এগুলো অনেক আগে থেকে প্রচলিত লাইট-ওয়াটার রি-অ্যাক্টরের জন্য নকশা করা হলেও নকশাটা নতুন ধরনের। ভারতীয় বিজ্ঞানীরা অনেক আগে থেকেই প্রশ্ন করে আসছেন, রাশিয়ার এই VVER-1000 নিরাপদ কি না? গত মার্চে জাপানের ফুকোশিমা-বিপর্যয় এবং তারপর পরমাণুনিরাপত্তা নিয়ে নতুন পর্যালোচনার পর সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। পরিবেশ সংগঠনগুলোর মাধ্যমে ফাঁস হওয়া এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রুশ সংস্থাগুলো স্বীকার করেছে, রাশিয়ার পরমাণুশিল্প প্রাকৃতিক ও মনুষ্যজনিত বিপর্যয়ের মুখে নাজুক। এর ৩১টি ত্রুটির তালিকাও করা হয়েছে। অন্যান্য কাগজপত্রও শীতলীকরণ ব্যবস্থা নষ্ট হয়ে গেলে রুশ রি-অ্যাক্টরগুলোর নিরাপদে কাজ করে যাওয়ার সামর্থ্য নিয়ে সন্দেহ জাগিয়েছে। পাশাপাশি হাইড্রোজেন বিস্ফোরণের বিপদের দিকটিও সুচারুভাবে চিহ্নিত হয়েছে। রাশিয়ার পরমাণু সমন্বয় সংস্থা রোসান্টমের প্রধান সের্গেই কিরিয়েঙ্কো এসবের প্রতিক্রিয়ায় বলেছেন, যথেষ্ট অর্থ বরাদ্দ থাকলে উল্লিখিত ঘাটতিগুলো দূর করা যাবে (!)। তা হলেও ভারতীয় সমালোচকেরা আশ্বস্ত হতে পারছেন না। তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলের জেলেরাও এসব লাইট-ওয়াটার রি-অ্যাক্টর শীতলীকরণে সমুদ্রের পানির ওপর নির্ভরশীলতা এবং তা থেকে নিঃসৃত বর্জ্য সমুদ্রে মিশে যাওয়ার সম্ভাবনা নিয়ে চিন্তিত। কারণ, তা তাঁদের উপকূলের প্রতিবেশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে।কুডানকুলামের প্রতিবাদীরা তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের কাছাকাছি পূর্ব উপকূলের কল্পাক্কাম নিউক্লিয়াস কমপ্লেক্সের অভিজ্ঞতার দিকেও নজর দিতে বলছেন। কার্যত এর বরাতেই তাঁদের আন্দোলনের বৃহত্তর তাৎপর্যটি দ্রুতই দৃশ্যমান হয়। কেননা, কল্পাক্কাম নিউক্লিয়াস কমপ্লেক্স কেবল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রই ধারণ করে না, এখানে পুনর্ব্যবহারের ব্যবস্থাও চালু আছে। এর মানে হলো, রি-অ্যাক্টরে ব্যবহূত পরমাণু জ্বালানি দণ্ড (নিউক্লিয়ার ফুয়েল রড) নিঃশেষ হয়ে গেলে সেগুলোকে রাসায়নিকভাবে জ্বালানির উৎস হিসেবে আবার ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা হয়। এই পুনর্ব্যবহারের প্রক্রিয়ার পক্ষে সর্বদাই সাফাই গাওয়া হয় এই বলে, এই পদ্ধতি ‘প্রক্রিয়াজাতকরণের’ পদ্ধতি। কিন্তু পরমাণু পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আসলে নতুন বর্জ্যই তৈরি হয়, আর তা হলো পারমাণবিক শক্তি উৎপাদন কর্মকাণ্ড থেকে উৎপন্ন সবচেয়ে বিপজ্জনক শিল্পবর্জ্য। কারণ, এটা খুবই উচ্চ মাপের বর্জ্য। নিয়ম হলো, এগুলোকে পরমাণু বর্জ্য-ট্যাংকে ভরে সরিয়ে নিয়ে অনির্দিষ্টকালের জন্য রেখে দিতে হয়। অতীতে সাবেক সোভিয়েত ইউনিয়নের চেলিয়াবিনস্কে ট্যাংকে মজুদ উচ্চমাত্রার পরমাণু-বর্জ্য থেকে ধ্বংসাত্মক বিপর্যয় ঘটেছিল। কুডানকুলামের রি-অ্যাক্টরের পরমাণু জ্বালানি দণ্ডগুলো নিঃশেষিত হলে খুবই সম্ভব যে সেগুলো কল্পাক্কামে পুনঃপ্রক্রিয়াজাত করা হবে। অথচ কল্পাক্কাম ইতিমধ্যে বিপজ্জনক ক্ষেত্র হিসেবে প্রমাণিত হয়েছে। ২০০৩ সালের জানুয়ারিতে উচ্চমাত্রার তেজস্ক্রিয় তরলে ভরা ট্যাংকের সঙ্গে কম মাত্রার তেজস্ক্রিয় উপাদান ভর্তি ট্যাংককে সংযুক্তকারী একটি ভালভ ছিদ্র হয়ে যায়। এতে ছয়জন কর্মচারী তেজস্ক্রিয়তায় আক্রান্ত হন, অজ্ঞাতসংখ্যক মানুষ মারা যায় এবং সেখানকার মূল প্ল্যান্টটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া কল্পাক্কাম নিউক্লিয়ার কমপ্লেক্স ২০০৪ সালের সুনামির সময় বন্যাক্রান্ত হয়েছিল।যা হোক, উদ্বিগ্ন হওয়ার বাড়তি কারণ হলো কল্পাক্কাম। তবে ঘটনা যখন এটা, এই নিউক্লিয়ার কমপ্লেক্সে পরীক্ষামূলক রি-অ্যাক্টর বসানো হয়েছে, যার উদ্দেশ্য হলো ভারতকে প্লুটোনিয়াম অর্থনীতির দেশে পরিণত করা। ভারতীয় শান্তিবাদী কর্মীদের সন্দেহ, বেসামরিক প্রক্রিয়াজাত কেন্দ্রে যে প্লুটোনিয়াম বিচ্ছিন্ন করা হয়, তা আদতে দেশটির পারমাণবিক বোমার ভান্ডার আরও বাড়াবে। সাম্প্রতিক ঘটনাবলি এই সন্দেহ কমানোর বদলে আরও বাড়িয়ে দিয়েছে। এ বছরের শুরুতেই ভারত আরও তিনটি প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট বসিয়েছে। এ ছাড়া ২০০৮ সালের যুক্তরাষ্ট্র-ভারত পারমাণবিক চুক্তিবলে যুক্তরাষ্ট্র নীতিগতভাবে মানছে যে ভারত এই চুক্তির বলে সংগৃহীত পরমাণু জ্বালানির উপাদান স্থানীয়ভাবে পুনঃপ্রক্রিয়াজাত করতে পারবে। সুতরাং, ভারতের সমরাস্ত্র নির্মাণ কর্মসূচিতে প্লুটোনিয়াম চালান করে দেওয়া কোনো ব্যাপারই নয়। আবার কল্পাক্কামে বেসামরিক উদ্দেশ্যে প্লুটোনিয়াম বিচ্ছিন্ন করাও কোনো প্রশ্নের ঊর্ধ্বের বিষয় নয়। কারণ, মানবজাতি এ পর্যন্ত যত বিষাক্ত দ্রব্য তৈরি করেছে, তার মধ্যে প্লুটোনিয়াম সবচেয়ে ভয়ংকর। এমনকি এক গ্রামের ১০ লাখ ভাগের এক গ্রাম প্লুটোনিয়ামও কোনোভাবে শ্বাসে চলে যাওয়ার পরিণতি হলো ক্যানসারে আক্রান্ত হওয়া। ইউরোপে এ ধরনের রি-অ্যাক্টর অগ্রহণযোগ্য বিবেচিত হয় অনেক আগে থেকেই। জার্মানির কলকারে ১৯৭০ ও ১৯৮০-এর দশকে এ ধরনের উচ্চ উৎপাদনশীল রি-অ্যাক্টর বসানো হলেও তীব্র আন্তর্জাতিক বিরোধিতার মুখে তা চালু করা সম্ভব হয়নি। ফ্রান্সের সুপারফিনিক্স কেন্দ্রটি ১২ বছরের বাজে রেকর্ডের পর ১৯৯০-এর দশকে বন্ধ করে দেওয়া হয়। এতসব খারাপ উদাহরণ থাকা সত্ত্বেও ভারত সেগুলো উপেক্ষা করে চলছে। কল্পাক্কামে এ রকম একটি উচ্চ উৎপাদনশীল কেন্দ্র নির্মাণের যাবতীয় প্রাযুক্তিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে খবরও পাওয়া যাচ্ছে।সংক্ষেপে, তামিলনাড়ুর দক্ষিণের গ্রামবাসী যে আন্দোলন শুরু করেছে, তার তাৎপর্য কেবল কুডানকুলামের পারমাণবিক প্রকল্পের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাদের প্রতিরোধ তখনই স্থগিত করা হয়েছে, যখন ভারতের কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রীকে তামিলনাড়ুতে পাঠানো হয় কুডানকুলামের প্রতিবাদীদের সঙ্গে আলোচনা করার জন্য। তা হলেও এখনো বিশ্বাস করার কোনো কারণ নেই যে কুডানকুলামের প্রতিবাদীদের দাবি মোতাবেক সেখানে কোনো পারমাণবিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা বাতিল করা হবে। যেহেতু এখানে বাজির দানটি অনেক বেশি, সেহেতু ভারতের পরমাণুগোষ্ঠী যেকোনোভাবে ভারতকে প্লুটোনিয়াম পরাশক্তি বানাতে বদ্ধপরিকর। যেহেতু কুডানকুলামের প্রকল্পটি কল্পাক্কামের কমপ্লেক্স প্রসারিত করার পরিকল্পনার অংশ, সেহেতু এই সংগ্রামের প্রতিধ্বনি সমগ্র তামিলনাড়ুতে, এমনকি তার বাইরেও উঠতে হবে।ইংরেজি থেকে অনূদিতড. পিটার কাস্টার্স: গবেষক, বাংলাদেশ বিশেষজ্ঞ ও প্রথম আলোর ইউরোপ প্রতিনিধি।