ভার্চ্যুয়াল লার্নিং সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা সংকটের কারণে গত ১৭ মার্চ থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। ফলে লাখ লাখ শিক্ষার্থী ঘরে অলস বসে আছে। শহরাঞ্চলের অভিভাবকেরা ঘরে শিক্ষার্থীদের কিছু কিছু পাঠদান করে থাকেন। কিন্তু গ্রামাঞ্চলের বেশির ভাগ অভিভাবকের পক্ষে সেটি সম্ভব হয় না। সীমিত পরিসরে হলেও শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের কিছু উদ্যোগ নিয়েছে। কিন্তু প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সে রকম কোনো সুযোগ নেই।

এই প্রেক্ষাপটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে যে ভার্চ্যুয়াল প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসনীয়। কালিয়াকৈর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে, এমন শিক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৬৩০ জন। অন্যদিকে বিভিন্ন কিন্ডারগার্টেনে পড়ুয়ার সংখ্যা ৪৫ হাজার। এই ৭২ হাজার শিক্ষার্থীর ভবিষ্যতের কথা ভেবে কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা কার্যালয় বিকল্প পদ্ধতিতে শিক্ষা দেওয়ার এই উদ্যোগ নিয়েছে।

প্রথম আলোর খবর থেকে জানা যায়, এই কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘কালিয়াকৈর ভার্চ্যুয়াল লার্নিং সেন্টার’। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা ঘরে বসে নেওয়া পাঠদানের ভিডিও আপলোড করছেন এবং সেটি শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইল ফোনে পৌঁছে যায়। তাঁদের মোবাইল নম্বর আগেই সংগ্রহ করা হয়েছিল। অভিভাবকদের অনুরোধ করা হয়েছে, তঁারা যেন নিয়মিত পেজটি শিক্ষার্থীদের দেখান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভাষ্যমতে, ভার্চ্যুয়াল শিক্ষাদানের বিষয়টি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। মোবাইল ফোনে শিক্ষকদের দেখতে পেয়ে শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল, উৎসাহী অভিভাবকেরাও। এই উদ্যোগের ফলে কিছুটা হলেও পড়াশোনার প্রতি শিশুশিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা গেছে।

কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তার এই উদ্যোগ উপজেলার মধ্যেই সীমিত। এর বাইরে যাওয়ার এখতিয়ার বা সামর্থ্য তাদের নেই। আমাদের আহ্বান থাকবে, দেশের অন্যান্য উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসগুলোও অনুরূপ উদ্যোগ নিক। দেশে করোনা সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। এটি কবে থামবে, কেউ জানে না। তাই ছুটির সময়টা অলস বসে না থেকে এভাবে বিকল্প শিক্ষা কার্যক্রম চালু রাখা জরুরি বলে মনে করি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরেও এই পদ্ধতি চালু করা যেতে পারে।

কালিয়াকৈরের দৃষ্টান্ত থেকে অন্যরাও শিখুক।