ভালো গান দিয়ে ভালো দিন আসবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশি আর নব্বইয়ের দশকে আমার জন্ম আর বেড়ে ওঠাটা ভারি নিঃসঙ্গ ছিল। রাজনৈতিক-সাংস্কৃতিকভাবে তা এমন এক সময় ছিল, যখন অবিরাম প্রচেষ্টা চলছে; যা আমাদের নিজস্ব, যা আমাদের স্বতঃস্ফূর্ত চর্চার—সেসব কিছুকে ততটা আধুনিক নয়, তেমন চটপটে নয় বলে অবজ্ঞা করে যাওয়ার। তাই আমার মতো অনেকের বেড়ে ওঠা তেমন এক সময়ে, যখন আশপাশে সবার রবীন্দ্রসংগীতে ঘুম পায়, উচ্চাঙ্গসংগীত হাস্যকর মুখব্যাদানে অনুকরণ করা হাস্যরসের বস্তু। যা খুব বেশি বাঙালি, তেমন নিজস্ব ও লোকজ কিছুই আর তেমন ‘কূল’ না থাকায় জোয়ার আসার সময় ছিল সেসব দশক। কাজেই তার মধ্যে যখন মা-বাবা আর ওয়াহিদ কাকার (ওয়াহিদুল হক) কড়া অনুশাসনে আমি বাড়তে থাকি, তথাকথিত ‘কূল’ কিছু শুনে দেখার বা চর্চার কিছুমাত্র সুযোগ না পেয়ে, তখন আমি একা একা বাড়ি আর কখনো শৈশবে কিংবা কৈশোরে গলা ছেড়ে বলার সাহস সঞ্চয় করি না যে তখন দিন-রাত সুবিনয় রায় শুনছি কিংবা কাউকে বলি না কৈশোরের এমনি উতলা মন, কেমন উথালপাতাল করে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশি কিংবা ওস্তাদ রশিদ খানের কণ্ঠমাধুর্যে।যৌবনের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে এই যে যার যেমন রুচি, যৌবনে সে রুচির বন্ধু জুটিয়ে নেয় সে। আমি আর আমার মতো আরও অ‘কূল’ সংস্কৃতির আশ্রিতেরা জুটতে শুরু করলাম শর্ট ফিল্ম ফোরাম, চলচ্চিত্র সংসদ বা থিয়েটার আন্দোলনে, নয়তো সাধুসঙ্গে। সঙ্গী জুটল কিন্তু আমাদের পছন্দে বা অভ্যাসে কিছু গোলমাল আছে, সে সন্দেহ মনে থেকেই গেল। কী অদ্ভুত, আমাদের নাটকের টিকিট তো তেমন বেচা-বিক্রি হয় না! যে ফিল্ম দেখাই, তাতেও মানুষ জোটে হাতেগোনা। আমাদের সংখ্যার জোর আমাদেরই হতাশ করে। সংখ্যা নেই বলে আবার পৃষ্ঠপোষকতাও মেলে না, তাই আমরা নাটক দেখি নষ্ট ফ্যানের নিচে, মশার কামড় খেতে খেতে ভাঙা চেয়ারে বসে। চলচ্চিত্র উৎসব আয়োজন কিংবা লিটল ম্যাগাজিন বের করতে গিয়ে সবেধন নীলমণি চটি জোড়ার সুকতলি খুইয়ে বসে আরেক দল।এই অ‘কূল’ সংস্কৃতিমানদের জন্য আরাম আধুনিকতা আর স্বাচ্ছন্দ্যের সুবাতাস নিয়ে হঠাৎ আলোর ঝলকানি হয়ে আসে বেঙ্গল ফাউন্ডেশন। ধানমন্ডির ছিমছাম গ্যালারিতে চিত্র প্রদর্শনী তো লেগেই থাকে, তার পাশাপাশি চলে গান। দারুণ মানের ডিস্কে, ঝকঝকে প্রচ্ছদ ছাপিয়ে, তকতকে মোড়কে এরা ইফফাত আরা দেওয়ান, নিলুফার ইয়াসমীন থেকে ওয়াহিদুল হক, রামকানাই দাশের অ্যালবাম বের করে যায় একের পর এক। ভয়ে যেসব বন্ধুর কাছে নিজের পছন্দের শিল্পীদের কথা বলিনি কখনো, তাদেরই যখন প্রিয় শিল্পী আর সব সময়ের সঙ্গী হয়ে ওঠেন লাইসা আহমেদ লীসা বা অদিতি মহসিন, তখন মনে মনে তৃপ্তির ঢেকুর তুলে বলি, ‘বোঝ এবার! এত দিন তো শুনেই দেখলি না।’বেঙ্গল গ্যালারিতে ভিড় বাড়ে, বেঙ্গলের অ্যালবামের শ্রোতা বাড়ে, কাজেই সংখ্যা বাড়ছে, টের পাই। অন্যদিকে সেনাশাসন, সেনা প্রভাবিত শাসন দূর হয়, যা কিছু খুব বেশি বাঙালি তা-ই লজ্জার, তা-ই ধর্মবিরোধী কিংবা তা-ই অনাধুনিক—এ চর্চা থেকে কিছুটা সরে আসার রাজনৈতিক প্রক্রিয়াও শুরু হয়। উল্টো বোমা খেয়ে ছায়ানটের বটমূলের বর্ষবরণ সর্বার্থে সর্বজনীন হয়ে ওঠে। মঞ্চনাটক তার স্থায়ী ঠিকানা পেয়ে প্রায়ই হাউসফুল শো পেতে শুরু করে, গান, নাটক, সিনেমা, আড্ডা—সবকিছুই নিয়মিত দর্শক পেতে থাকে। কিন্তু তবু এসব সংস্কৃতিচর্চার ঠিকানাগুলোর পরিসর ছোট, সে পরিসরেও ঠাসাঠাসি ভিড় হয় না কখনো, তাই সংখ্যা নিয়ে মনের ভেতরে শঙ্কাটা থেকেই যায়। আমরাই মূলধারা কি না, নাকি সংস্কৃতির মূলধারা অন্য কারও করায়ত্ত হয়ে গেল, সে শঙ্কাও তাই কাটে না।এবারে বেঙ্গল-আইটিসি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসবে সংখ্যা নিয়ে সে শঙ্কা আমার চিরতরে কেটে গেল। ৮ থেকে ১৬ হাজার মানুষ অবিরাম রাতভর ছিলেন চার দিনের এই উচ্চাঙ্গসংগীত উৎসবে। সাংস্কৃতিক চেতনার বিকাশের মধ্য দিয়ে দেশবদল আর দিনবদলের কথা ভাবতে ভাবতে আমরা যারা কেউ সাংবাদিক হয়েছি, কেউ হয়েছি করপোরেট, ফিল্ম বানাব ভেবে হয়েছি বিজ্ঞাপন নির্মাতা, মঞ্চনাটকে ঘাম দিতে দিতে গিয়ে গাড়ি কিনেছি টিভি সিরিয়ালে শ্রম দিয়ে—আমরা সবাই ছিলাম সেই উৎসবে। কতজনের সঙ্গে কত সময়ে বন্ধুত্ব, কত স্বপ্ন, কত প্রতিশ্রুতি—সব ফিরে ফিরে আসে। আমরা দেখি, মাঠে পাতা ১০ হাজার চেয়ারের একটিও আর খালি থাকে না, দুই পাশে নতুন নতুন সারি যোগ হয়, ভরে যায় আর্মি স্টেডিয়ামের গ্যালারিও। দেখা পাই আরও অনেক বন্ধুর, অচেনা মুখ অনেক চেনা হয়ে যায় চার দিনে। এদের অনেকেরই উচ্চাঙ্গসংগীত শোনার সুযোগ বা আগ্রহ হয়নি কখনো আগে। উদ্ভ্রান্ত হয়ে তাই নানাজনকে জিজ্ঞেস করে বেড়ান, কিসের টানে উৎসব প্রাঙ্গণে ফিরে আসছেন প্রতিদিন? আরেক দল উদ্ভাসিত মুখে একজন আরেকজনকে বলেন, দ্যাখেন ভাই, ভালো জিনিসের কদর সবাই বোঝে। লোকে কী খায় না-খায়, তার এক উদ্ভট বিবেচনা আর সেই বিবেচনার ওপর ভিত্তি করে শিল্পচর্চার যে অদ্ভুত সংস্কৃতি চলে আসছে বা চালিয়ে দেওয়ার চেষ্টা চলেছে, বেঙ্গলের উচ্চাঙ্গসংগীত উৎসব তার একটা সুযোগ্য জবাব হতে পারে বলে বিশ্বাস এ দুই দলেরই।বেঙ্গল ফাউন্ডেশনের কর্ণধার আবুল খায়ের ভালো গান দিয়ে ভালো দিন আনার স্বপ্ন দেখেন। বিশ্বাস করেন, ভালো গান শোনানোর অবিরাম চেষ্টা ভালো শ্রোতা তথা ভালো মানুষের জন্ম দিতে পারে। বেঙ্গলের শুরুর সময় থেকে অ্যালবাম প্রকাশনা, শিল্পী নির্বাচন থেকে এবারের উৎসব কিংবা বাংলাদেশেই গুরু-শিষ্যপরম্পরাভিত্তিক সংগীত বিদ্যায়তন নির্মাণ—এসবই তাঁর সেই বৃহত্তর ‘মনন বদল’ প্রকল্পের অংশ।পৃষ্ঠপোষকতা ছাড়া সংস্কৃতি বাঁচে না। বাউল সাধক থেকে উচ্চাঙ্গসংগীতের প্রথিতযশা গুরু সবাই বেঁচেছেন মানুষের বদান্যতায় বিশেষ করে ধনিক শ্রেণীর বা রাজা-মহারাজা জমিদারের সচ্ছলতার দানে। এটা শুধু আমাদের অঞ্চলেই নয়, সত্য সারা পৃথিবীর জন্যই। আশ্চর্যের বিষয় প্রায় ২০ বছর ধরে যে আকারে, চিন্তায়, ব্যাপকতায় ও মননশীলতায় বেঙ্গল বিকশিত হয়েছে, আমরা আর কোনো পৃষ্ঠপোষককে সেভাবে দাঁড়াতে দেখিনি। আমাদের মতো বেঙ্গলের অনেক গুণগ্রাহীর মন বলছে, এবার অনেকে এগিয়ে আসবেন। একদিকে বেঙ্গল-আইটিসি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসব প্রমাণ করেছে, আমাদের পছন্দের কনসার্টেও হাজার হাজার মানুষ হয়, টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে আর চার দিন চার রাত পরে সেই সংগীত সুধা আহরণের সাধ অপূর্ণই থেকে যায়। অন্যদিকে এ উৎসব এটাও মনে করিয়ে দিয়েছে, মূলধারার সাংস্কৃতিক আয়োজনগুলো হতে হবে বিশাল পরিসরে, দর্শক-শ্রোতার নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য আর আরামের কথা মাথায় রেখে, সর্বোপরি প্রদর্শিত শিল্পের মান হতে হবে বিশ্বপর্যায়ের। বেঙ্গল ফাউন্ডেশন এমন আয়োজনের প্রথমটির উজ্জ্বল উদাহরণ তৈরি করে ফেলেছে, এর পরের উদাহরণগুলো আরও উজ্জ্বল হোক, এটাই প্রত্যাশা। উৎসবের প্রত্যাশা ছিল, ‘ভালো গান দিয়ে ভালো দিন আসুক’। ওই উৎসবে গিয়ে আমাদের সবার মন বলেছে সে দিন আসছে...পুনশ্চ: আমি পেশায় সাংবাদিক। সে তুলনায় লেখাটি খুব আবেগপ্রবণ হয়ে গেল। সাংবাদিকতার অন্যতম শক্ত নীতি হচ্ছে ‘Conflict of interest’ বা ‘স্বার্থের সংঘাত’ এড়িয়ে চলা। এ লেখায় সে ক্ষেত্রেও অনুত্তীর্ণ আমি। কিন্তু, তবু লিখেছি, কারণ, উচ্চাঙ্গসংগীত শুনতে রাতের পর রাত শীত কাবু করে ওই অভূতপূর্ব সমাবেশে থাকার ঘোর আমার আর আরও অনেকের রয়ে গেছে এখনো। ডিসেম্বরে, এই বিজয়ের মাসে ভেতরে ভেতরে সত্য বলে মেনেছি আবুল খায়েরের মন্ত্র, ভালো দিন আসছে, ভালো গানের হাত ধরে। নবনীতা চৌধুরী: সংবাদকর্মী।