ভাষা ভালো নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কোনো ভাষাই ভালো নেই, যতটা ভালো থাকা উচিত ছিল, ততটা ভালো ভাষাগুলো নেই। এ দেশে আদিবাসী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর ভাষা মার খাচ্ছে বাংলা ভাষার কাছে, বাংলা ভাষা মার খাচ্ছে আমাদের সংকল্প ও নিষ্ঠার অভাব এবং ইংরেজির কাছে, আর আমাদের ইংরেজি মার খাচ্ছে ভারত, এমনকি শ্রীলঙ্কার ইংরেজির কাছে। ১৯৫২-এর আগে বাংলা ছিল আক্রান্ত অবস্থানে, কিন্তু বায়ান্নর একুশের পর বাংলা উঠে দাঁড়ায় আপন শক্তি এবং মহিমায়। বায়ান্নর সেই জাগরণের ফলেই একাত্তরে এক বর্বর শত্রুকে পরাস্ত করা আমাদের সম্ভব হয়েছিল। তখন সবাই ভেবেছিল, স্বাধীন দেশে বাংলা বিকশিত হবে অপ্রতিরোধ্য গতিতে, বিশ্বের ভাষাসভায় বাংলা অধিকার করে নেবে একটি মর্যাদার আসন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। বরং দেখা যাচ্ছে, বাংলা বিশেষ করে কথ্য বাংলা, এখন ইংরেজি-হিন্দির মিশেলে এক অদ্ভুত সংকর ভাষায় পরিণত হচ্ছে। এর অন্দরমহলে ঢুকে পড়ছে চৌরাস্তার খিস্তিখেউড় এবং এর আনুষ্ঠানিক ব্যবহারেও জায়গা করে নিচ্ছে বাজারের বুলি। বিশ্বায়নের ঢেউ এ দেশে এসে যখন লাগল, তখন থেকেই এই দুর্বিপাকের শুরু। এখন বাংলা ভাষার কথ্যরূপে বৈচিত্র্যের ইতি টেনে সমভাব প্রতিষ্ঠার চেষ্টা করছেন অনেকেই, যাঁদের সমর্থন দিচ্ছে আমাদের প্রচারমাধ্যম। এমন দাবিও উঠেছে যে প্রমিত বা মান বাংলা বলে কিছু থাকবে না, বরং ঢাকার তরুণ-তরুণীরা যে বাংলা বলে, তা-ই হবে কথ্য ও লিখিত বাংলার বর্তমান এবং আগামীর রূপ। ২০-৩০ বছর আগের কথ্য বাংলার সঙ্গে বর্তমানের কথ্য বাংলার অনেক পার্থক্য এবং এটিই স্বাভাবিক, যেহেতু ভাষা ক্রমাগত একটি বিবর্তন-প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোয়। কিন্তু সমস্যা হলো, এই পরিবর্তনে বাংলা ভাষা কতটা সমৃদ্ধ হলো, অথবা কতটা শ্রী হারাল, এই বিচার আমরা করি না। বাংলা ভাষা ইংরেজি এবং অন্য অনেক ভাষা থেকে অসংখ্য শব্দ ধার নিয়েছে, একসময় সেগুলো আত্মস্থ করে ফেলেছে। যেমন টেবিল অথবা হাসপাতাল, বাবু অথবা বালতি শব্দগুলো। বাংলা প্রধানত বিশেষ্য, কোনো কোনো ক্ষেত্রে বিশেষণ নিয়েছে অন্য ভাষা থেকে। কিন্তু এখন ঋণের পরিমাণ বেড়েছে অনেক বেশি, আত্মস্থ করা বা দেশীয়করণ করার সময়টাও এখন যেন নেই।ফলে মতিঝিল থেকে মিরপুর না বলে মতিঝিল টু মিরপুর বলছি; বিশেষ্য তো বটেই, অকাতরে বিশেষণ এমনকি ক্রিয়াপদও নিচ্ছি। এখন মেসেজ সেন্ড করতে বলা হয়, হেব্বি এনার্জি পানীয় ড্রিংক করতে বলা হয়। ঋণ নিয়ে নিয়ে আমাদের এমন অবস্থা, সতেজ-স্বাস্থ্যবান অসংখ্য বাংলা শব্দের আমরা অপমৃত্যু ঘটাচ্ছি। গত ২০ বছরে ইংরেজি প্রচুর নতুন শব্দ গ্রহণ করেছে, কিন্তু সতেজ-স্বাস্থ্যবান একটি শব্দ বিসর্জন না দিয়েও। এককালে বাংলা যে রকম প্রয়োজনে প্রজ্ঞার সঙ্গে বাইরে থেকে গ্রহণ করত, দেশীয়করণ করত, ইংরেজি তা-ই করে যাচ্ছে। এই ভাষা প্রচুর বিশেষ্যকে ক্রিয়াপদে রূপান্তর করেছে। অর্থাৎ ইংরেজি যেখানে গ্রহণ করেছে সমৃদ্ধি অর্জনের জন্য, আমরা গ্রহণ করেছি যেন রুগ্ণ হওয়ার জন্য। ইংরেজি শব্দের আধিক্য ছাড়া বাংলা বলাটা এখন রীতিমতো কষ্টকর। আর এই মিশেল ভাষাটি যে বড় ক্ষতি করেছে, তা হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে আমরা বাক্য সমাপ্ত করি না অথবা করতে পারি না। টেলিভিশনের টক শো অথবা আলোচনা অনুষ্ঠানগুলো শুনুন—শুদ্ধ ও সমাপ্ত বাক্যে একটানা দুই মিনিটও যদি কোনো বক্তার কথা শুনি, মনে হয় যেন অনেক পাওয়া হয়ে গেল। প্রমিত ভাষার বিরোধী কয়েকজন তরুণ আমাকে একবার ক্ষোভের সঙ্গে জিগ্যেস করেছিল, এর আবার কী প্রয়োজন? তাদের ‘যাবা-খাবা’ ভাষাই তো প্রমিত ভাষা, যেহেতু এ ভাষাতেই তারা কথা বলছে। এটিই মাতৃভাষা। আমি তাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, যেহেতু মায়ের কথাটি উঠলই, তাদের মায়েরা এখন বাড়িতে থাকেন। টুকিটাকি কাজ করেন, রাঁধেন। তখন তাঁরা যে কাপড় পরেন, যে সাজে থাকেন, একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় সেই কাপড় পরেন কি না, সেই সাজেই চলে যান কি না। ঘরের পোশাক পাল্টে, কিছুটা চর্চিত রূপেই নিশ্চয়ই তাঁরা বিয়েতে যান। আমাদের প্রতিদিনের বাংলা সেই ঘরের বাংলা, যে বাংলায় বন্ধুদের সঙ্গে, আত্মীয়স্বজনের সঙ্গে আমরা কথা বলি। কিন্তু সাহিত্যের জন্য, বিজ্ঞানের ও দর্শনের জন্য, দাপ্তরিক কাজের জন্য, সাংবাদিকতার জন্য আমাদের যে বাংলা, তা ওই বিয়েবাড়ির জন্য সাজ-পোশাক পাল্টানোর মতো প্রমিত হওয়া বাংলা। এই প্রভেদটুকু সব ভাষাতেই আছে। মজার বিষয়, যেসব প্রযুক্তিকে সমভাবী ভাষা প্রচলনের পক্ষে দোহাই হিসেবে ব্যবহার করা হয়, সেই প্রযুক্তির যাঁরা উদ্ভাবক, তাঁদের ভাষা ঠিকই অবিকৃত থেকে গেছে। ইংল্যান্ড, আমেরিকার কথ্য ইংরেজিতে এবং এ দুই দেশের ভেতর নানা অঞ্চলের কথ্য ভাষাতে অনেক তফাত থাকলেও লিখিত ইংরেজির একটি মানরূপ আছে, যা ক্রমাগত উৎকর্ষ অর্জন করে যাচ্ছে। ইংরেজিতে যখন সেসব দেশের কোনো রাজনীতিবিদ-শিক্ষক-সাংবাদিক কথা বলেন, সেই ইংরেজি নির্ভুল হয়, তাঁদের প্রতিটি বাক্য সমাপ্ত হয়। তাঁরা তো তাঁদের ইংরেজিতে অকারণে অন্য ভাষার মিশেল দিয়ে তাকে পঙ্গু করে ফেলছেন না। তাহলে আমরা কেন আমাদের বাংলার পরিধিকে ক্রমাগত সীমিত করব, এর প্রকাশবৈচিত্র্য এবং শুদ্ধতাকে বিসর্জন দেব? এ দেশে বাংলার অনেক রূপ এবং প্রতিটি রূপই যদি সতেজ-স্বাস্থ্যবান হতো, একুশের প্রতি আমাদের ভালোবাসা এবং দায়বদ্ধতাটা প্রকাশ পেত। তরুণ-তরুণীর মুখের ভাষাকে, বাংলার সকল চলিত রূপকে আমরা গ্রহণ করব; আঞ্চলিক ভাষাগুলোকে ভালোবাসব, তাদের ব্যবহারে কুণ্ঠিত হব না এবং একটি মানভাষাকেও একই সঙ্গে সমৃদ্ধ করব। এই তিন রূপে বাংলা বিকশিত হলে ভাষার অরাজকতা কমবে, ভাষায় অযাচিত মিশেল কমবে। আমাদের অবাক লাগে উচ্চ আদালতে বাংলা এখনো প্রতিষ্ঠিত না হতে দেখে। বাদী-বিবাদী যদি অজানা একটি ভাষায় দেওয়া রায়টি না-ই বোঝেন, তাহলে তাঁদের অধিকারও তো লঙ্ঘিত হয়। আদালতে সরকারি দপ্তরে—সর্বত্র—বাংলা ভাষা প্রতিষ্ঠা করা গেলে ভাষাটি আরও শক্তি অর্জন করবে। ভাষার শক্তি আসে অনেক উৎস থেকে—এর একটি শিক্ষা। আরেকটি সংস্কৃতি। তৃতীয় একটি উৎস পরিবার এবং চতুর্থ একটি হলো অর্থনীতি। আমাদের শিক্ষা মানসম্পন্ন নয়, অর্থনীতিও দুর্বল। আমাদের সংস্কৃতি দৃশ্যনির্ভর হয়ে পড়ছে। দৃশ্যনির্ভরতা ভাষার শক্তি কমায়। পরিবারগুলোরও ভাষার প্রতি নিষ্ঠার অভাব আছে। সারা দেশের শতভাগ মানুষ শিক্ষিত হলে, অর্থনীতি শক্তিশালী হলে ভাষার স্বাস্থ্য ভালো হয়। আমার বিশ্বাস, দৃশ্য সংস্কৃতির পরিবর্তে পড়ার সংস্কৃতির প্রচলন ঘটাতে পারলে ভাষা তার হারানো তেজ নিয়ে জেগে উঠবে। একুশে ফেব্রুয়ারিকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দিয়েছি। অথচ আমাদের দেশেই আদিবাসী ও ক্ষুদ্র জাতিগুলোর মাতৃভাষা বিলীন হওয়ার পথে। এটি ওই সব ভাষাভাষীর কাছে একুশের মহিমাকে ম্লান করে দেয়। এই ভাষাগুলো রক্ষার দায়িত্ব রাষ্ট্রের—এগুলোর ব্যবহারকারীদের সঙ্গে নিয়েই এগুলোর প্রচার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। ২বাংলা ইংরেজির হাতে যে মার খাচ্ছে, সে তো প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ইংরেজির কী অবস্থা আমাদের দেশে? একটি উদাহরণ দিয়ে প্রশ্নটির উত্তর খোঁজা যেতে পারে। একটি ইংরেজি দৈনিক গত বছর জানিয়েছিল, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প থেকে নিয়ে ব্যক্তি খাতের হাসপাতাল অথবা ওষুধশিল্পে মধ্যম ও উঁচু পদের ব্যবস্থাপক ও অন্যান্য কাজে নিয়োজিত আছেন প্রচুর ভারতীয় ও শ্রীলঙ্কান। সংখ্যাটি ভুলে গেছি, কিন্তু রীতিমতো অবাক হওয়ার মতো। এই যে এত বেশি সংখ্যায় ব্যবস্থাপক প্রমুখকে ভাড়া করে আনতে হচ্ছে, তার কারণ কী? কারণ, তাঁদের ইংরেজি জ্ঞান আমাদের দেশীয় ব্যবস্থাপকদের চেয়ে অনেক উন্নত। ভারত-শ্রীলঙ্কা না হয়ে ইংল্যান্ড-আমেরিকা হলেও একটা কথা ছিল। কিন্তু প্রতিবেশী এই দুই দেশের তুলনায় আমরা কেন এত পিছিয়ে? কারণ, আমরা ইংরেজি ভাষাটি ভালোভাবে শিখছি না। যেটুকু শিখেছি, তা ভুলভাল। উচ্চারণেও আছে অরাজকতা। অথচ ওই সব বিদেশি আমাদের তরুণদের ভালো বেতনের চাকরি থেকে বঞ্চিতই করছেন না, অনেক বৈদেশিক মুদ্রাও নিয়ে যাচ্ছেন। না, কথাটা ভুল বলা হলো, আমাদের তরুণদের বঞ্চিত করছি আমরাই। তাদের আমরা সেই ইংরেজি শেখাচ্ছি না, যে ইংরেজি তাদেরকে বৈশ্বিক যোগাযোগের প্রধান এই মাধ্যমটিকে কার্যকরভাবে ব্যবহারের ক্ষমতা দিত। আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দেখেছি, যাঁরা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য পড়তে আসেন অথবা বাণিজ্য ব্যবস্থাপনার বিষয়গুলোতে এমবিএ ডিগ্রি অর্জন করতে আসেন, তাঁদের ইংরেজি সমানভাবে দুর্বল। ব্যতিক্রম আছে, হয়তো ১০ থেকে ২০ শতাংশ শিক্ষার্থীর ইংরেজি খুব ভালো, কিন্তু ব্যতিক্রম তো আর বড় ছবিটা দেখায় না। বড় ছবিটা দুর্দশারই। আমার কষ্ট হয়, এসব শিক্ষার্থী জীবনে একটা অংশ কাটিয়েছেন ইংরেজির পেছনে, অথচ ভাষাটা অধরাই রয়ে যায় তাঁদের কাছে। দেশে ইংরেজি শিক্ষার মান ব্যাপকভাবে কমে গেছে। ভাষা শেখার শ্রেষ্ঠ মাধ্যম সাহিত্য, যেহেতু সাহিত্যে হয় ভাষার শ্রেষ্ঠ প্রকাশ। বাংলাদেশে বিদেশি ভাষা বিশেষজ্ঞ এবং বুদ্ধিদাতারা এসে আমাদের সাহিত্য-নির্ভর ইংরেজি শেখানোটা বাদ দিয়ে ‘কমুনিকেটিভ ইংরেজি’ চালু করলেন, অথচ তাঁদের সঙ্গে আমাদের দেশীয় বিশেষজ্ঞরাও ঠিকই জানতেন, এই পদ্ধতিতে ইংরেজি শেখানোর ৮-১০টি মূল শর্তের মধ্যে ৬-৭টি এ দেশে অনুপস্থিত। ফলে আমরা না শিখছি যোগাযোগের ইংরেজি, না এর উন্নত ব্যবহার। ইংরেজিটা আমাদের শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে, দেশের স্বার্থে—ব্যবসা-বাণিজ্য থেকে নিয়ে বিশ্বের জ্ঞানদরবারে প্রথম সারির একটি আসনে বসার জন্য। এ জন্য একটি ভাষানীতি চাই। এর সুষ্ঠু বাস্তবায়ন চাই। ভাষার মাস এলেই শুধু নয়, সারা বছর আমাদের ভাষার পেছনে শ্রম দিতে হবে। বাংলাকে যেমন সতেজ-স্বাস্থ্যবান করতে হবে, আদিবাসী-নৃগোষ্ঠীগুলোর ভাষাকেও। ইংরেজিটাও শিখতে হবে। এবং একই সঙ্গে যদি পড়ার সংস্কৃতিটা চালু করা যায়; রাষ্ট্র, সমাজ, পরিবারগুলো এবং প্রতিজন ব্যবহারকারী যদি সংকল্পবদ্ধ হয় ভাষাকে ক্রমাগত সমৃদ্ধ করার জন্য, তাহলে ভাষা প্রত্যাশামতো ভালো করার জন্য এক প্রজন্মকালও লাগবে না। সৈয়দ মনজুরুল ইসলাম: কথাসাহিত্যিক। অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।