রবীন্দ্রনাথ লিখেছেন, ‘চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে।’ কিন্তু সদ্যপ্রয়াত ভাষাসৈনিক আবদুল মতিনের চোখ দিয়ে দুজন মানুষ দিব্য চোখেই পৃথিবীর আলো দেখছেন। কলেজশিক্ষক ইকবাল কবীর ও স্বাস্থ্যকর্মী রেশমা নাসরীন দুই বছর আগে দৃষ্টিশক্তি হারালেও কর্নিয়ার অভাবে তাঁরা পৃথিবীর আলো থেকে বঞ্চিত ছিলেন। মৃত্যুর আগে আবদুল মতিন গত ৫ সেপ্টেম্বর তাঁর যে চোখ দুটি দান করে যান, তা-ই ইকবাল কবীর ও রেশমার চোখে প্রতিস্থাপন করা হয়েছে।
বাংলাদেশে মরণোত্তর চক্ষুদানের চল তেমন নেই। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির তথ্য, এ পর্যন্ত তারা ৮১০টি কর্নিয়া সংগ্রহ এবং ২৯৬ জন মানুষের চোখে কর্নিয়া প্রতিস্থাপন করেছে। কিন্তু শ্রীলঙ্কা আই সোসাইটি ৬০ হাজার কর্নিয়া প্রতিস্থাপন করেছে এবং ৫৭টি দেশে পাঠিয়েছে। দেশটির প্রায় নয় লাখ মানুষ চক্ষুদানের প্রতিশ্রুতি দিয়েছে। বৈশ্বিক পরিমণ্ডলে ১৯৬১ সাল থেকে বিভিন্ন বয়সের ১০ লাখ মানুষ কর্নিয়া প্রতিস্থাপন করেছে। যার ৯৫ শতাংশই সফল হয়।
ভাষাসৈনিক মতিনের চোখে পৃথিবী দেখছেন তাঁরাবাংলাদেশে প্রতিবছর হাজার হাজার মানুষ যে নানা কারণে দৃষ্টি হারায়, তাদের চিকিৎসা হলো কর্নিয়া প্রতিস্থাপন, যা মানুষের মৃত্যুর এক ঘণ্টা পর্যন্ত জীবন্ত থাকে। তাই আসুন আমরা মরণোত্তর চক্ষুদানে সবাইকে উৎসাহিত করি। মৃত্যুর পর যে চোখ কোনো কাজেই লাগে না, সেই চোখই আরেকজন মানুষকে আলো দিতে পারে। শ্রীলঙ্কাকে অনুসরণ করলে বাংলাদেশেও অধিকসংখ্যক দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে।
ভাষাসৈনিক আবদুল মতিনের চোখে আলো দেখা দুজন মানুষই তাঁর জীবনাদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেছেন। এর মাধ্যমে এটাই প্রমাণিত হলো যে মানুষ কেবল জীবিত অবস্থায়ই মানুষকে অনুপ্রাণিত করেন না, মহৎ মানুষ মৃত্যুর পরও অন্যদের অনুপ্রাণিত করে থাকেন। আমাদের সমাজে আবদুল মতিনের মতো মানুষ যত বেশি হবে, সমাজ আক্ষরিক ও অন্তর্নিহিত অর্থে তত আলোকিত হবে।