ভাষানটেকে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলম্বে হলেও ভাষানটেক পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে একটি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ২১ জনের মধ্যে ১৯ জনকেই সাময়িক বরখাস্তের ঘটনায় গভীর উদ্বেগজনক বাস্তবতাও ফুটে উঠেছে। কর্তব্যে অবহেলার ঘটনা সমষ্টিগতভাবেই ঘটছে। জনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনীতে শৃঙ্খলা ভঙ্গকারী সদস্যরা মোটেই সংখ্যালঘু নয়। ফলে এমন আশঙ্কা যৌক্তিক যে, ভাষানটেক পুলিশ ফাঁড়ি নিজেই ওই এলাকার সামাজিক শান্তি ও স্থিতির প্রতি হুমকি হয়ে ছিল।
পুলিশ ফাঁড়ির ২১ জনের মধ্যে ১৯ জনই বরখাস্ত নাসির হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা চালানোসহ বহু অপরাধে আগ থেকেই একাধিক মামলা ছিল। অথচ তারা পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়িয়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সংগত কারণেই গ্রহণযোগ্য মনে হয়েছে যে, আসামিদের সঙ্গে ওই পুলিশ ফাঁড়ির সখ্য ছিল। নাসির হত্যার পরে আসামিরা প্রকাশ্যে দম্ভোক্তি করেছে যে, তারা পুলিশকে প্রতি মাসে টাকা দেয়। এরপর নাসিরের শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা বরখাস্ত হওয়া ওসির কাছ থেকে দুর্ব্যবহার পেয়েছিলেন, যদিও এজাহারভুক্ত এক আসামি গতকাল গ্রেপ্তার হয়েছে। তবে এদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের আদেশ যথেষ্ট নয়। তিন সদস্যের কমিটির তদন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করে দোষী পুলিশ সদস্যদের বিচার নিশ্চিত করতে হবে। সর্বাগ্রে নাসির হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার এবং এ মামলায় অভিযোগপত্র দেওয়া নিশ্চিত করা সম্ভব হলে কর্তৃপক্ষ ভুক্তভোগীদের শ্রদ্ধা অর্জন করতে পারবে।
তবে এ কথা বলা দরকার যে, তদন্ত কমিটির প্রতি সাধারণভাবে মানুষের সন্দিগ্ধ থাকাও স্বাভাবিক। কারণ, ভাষানটেক থানারই সেকেন্ড অফিসার নতুন তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছেন। এর মধ্যে একটি স্বার্থের সংঘাত থাকার বিষয়টি অস্বীকার করা যাবে না। সে কারণেই ২০০৭ সালের খসড়া আইনে পাঁচ সদস্যের প্রস্তাবিত ‘পুলিশ অভিযোগ কর্তৃপক্ষ’ কর্মরত পুলিশ ব্যতিরেকে গঠনের সুপারিশ করা হয়েছিল। পুলিশ সংস্কারের বিষয়টি সরকারের এড়িয়ে চলা উচিত নয়।